Ajker Patrika

রামুতে জমি বুঝে পেল বাফুফে

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
রামুতে জমি বুঝে পেল বাফুফে
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ছবি: সংগৃহীত

চার বছর ধরে জমি নিয়ে জটিলতার পর কক্সবাজারের রামুতে ফুটবল টেকনিক্যাল সেন্টার নির্মাণের পথে এগোল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফিফার অর্থায়নে প্রস্তাবিত এই কেন্দ্রের জন্য রামুর রশিদনগরে ১৫ দশমিক ২০ একর জমি ৩০ বছরের লিজে পেয়েছে বাফুফে।

আজ কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এম এ মান্নান বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের হাতে জমির বরাদ্দ সংক্রান্ত দলিল তুলে দেন। পরে তাবিথের নেতৃত্বে বাফুফের কর্মকর্তারা রশিদনগরে নির্ধারিত জমি পরিদর্শন করেছেন।

ফিফার ‘এক্সিলেন্স সেন্টার’ মূলত সদস্যদেশগুলোর ফুটবল উন্নয়নের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অবকাঠামোগত সুবিধা তৈরির একটি উদ্যোগ। এর মাধ্যমে খেলোয়াড়, কোচ ও ফুটবলের সঙ্গে সংশ্লিষ্টদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের সুযোগ তৈরি করা হয়। বাফুফের পরিকল্পনায় রামুর কেন্দ্রটিও খেলোয়াড় তৈরির পাশাপাশি জাতীয় ও বয়সভিত্তিক দলগুলোর প্রশিক্ষণ কার্যক্রমে ব্যবহারের কথা রয়েছে।

রামুতে এক্সিলেন্স সেন্টারের জমি বুঝে পেল বাফুফে। ছবি: আজকের পত্রিকা
রামুতে এক্সিলেন্স সেন্টারের জমি বুঝে পেল বাফুফে। ছবি: আজকের পত্রিকা

কেন্দ্রটি নির্মাণের পরিকল্পনা অবশ্য নতুন নয়। প্রায় চার বছর আগে রামুর খুনিয়াপালং এলাকায় ২০ একর জমি বরাদ্দ পেয়েছিল বাফুফে। কিন্তু ওই জমি সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে পড়ায় পরিবেশগত আপত্তি ওঠে। পরে ২০২৪ সালের সেপ্টেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার সেই বরাদ্দ বাতিল করে বিকল্প জমি খোঁজার নির্দেশ দেয়। এরপর দীর্ঘ প্রক্রিয়া শেষে রশিদনগরে নতুন জমি নির্ধারণ করা হয়।

বাফুফের মাস্টারপ্ল্যান অনুযায়ী, নতুন জায়গায় তিনটি আন্তর্জাতিক মানের ফুটবল মাঠ নির্মাণের পরিকল্পনা রয়েছে। খেলোয়াড় ও কোচদের আবাসনের জন্য থাকবে দুটি চারতলা ডরমিটরি। এ ছাড়া জিমনেসিয়াম, সুইমিংপুল, চিকিৎসা ও পুনর্বাসনকেন্দ্র, ক্যাফেটেরিয়া এবং সেমিনার কক্ষ রাখার পরিকল্পনা রয়েছে।

বাফুফে সভাপতি তাবিথ বলেন, ‘এই জমিতে যে টেকনিক্যাল সেন্টার গড়ে উঠবে, এখান থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখবে। রামুতে আন্তর্জাতিক মানের ফুটবল টেকনিক্যাল সেন্টার প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের ফুটবলের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিভাবান ফুটবলাররা এখানে আধুনিক ও পরিকল্পিত প্রশিক্ষণের সুযোগ পাবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত