Ajker Patrika

বিদেশি কোচে বাফুফের বিনিয়োগ কতটা সফল

জহির উদ্দিন মিশু
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১১: ০৩
বিদেশি কোচে বাফুফের বিনিয়োগ কতটা সফল

হাভিয়ের কাবরেরা জাতীয় দলের কোচ হিসেবে থাকবেন কি না, সেটা কয়েক দিনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। আগামীকাল নির্বাহী কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। সেখানে হয়তো চূড়ান্ত হয়ে যাবে এই স্প্যানিশ কোচের বাংলাদেশে থাকা না-থাকাটা।

যদিও কমিটির একাংশ কাবরেরাকে না রাখার পক্ষে। কিন্তু বাফুফে সভাপতি তাবিথ আউয়াল যেহেতু জাতীয় দলের কমিটির চেয়ারম্যান, শেষ পর্যন্ত তিনি রাখতে চাইলে অন্যদের আপত্তিতে খুব প্রভাব পড়ার কথা নয়। তবে কাবরেরার মতো বিদেশি কোচ দিয়ে জাতীয় দল খুব একটা যে সফলতা পাচ্ছে, তাও নয়। উল্টো বছরের পর বছর বিদেশি কোচদের মোটা অঙ্কের বেতন দিতে গিয়ে বাফুফেকে আর্থিক চাপে পড়তে হয়।

বর্তমান কোচ কাবরেরা শুধু বেতন হিসেবে প্রায় ১৩ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় সাড়ে ১৫ লাখ টাকা) পাচ্ছেন। ২০২২ সালের জানুয়ারিতে যোগ দেওয়ার সময় তাঁর বেতন ছিল ৮ হাজার ডলার। ডিসেম্বর পর্যন্ত এক কাবরেরার পকেটেই গেছে প্রায় ৪ কোটি ১৫ লাখ টাকা। বিনিময়ে গত তিন বছরে নেই তাঁর উল্লেখযোগ্য কোনো অর্জন। শুধু কাবরেরাই নন, গত এক দশকে বাংলাদেশ জাতীয় দলে আরও ৯ জন বিদেশি কোচ কাজ করেছেন। যাঁরা প্রতি মাসে শুধু বেতন বাবদ নিয়েছেন ৭ থেকে ১০ হাজার ডলার করে। কিন্তু সে তুলনায় ১০ বছরে জাতীয় দলের বড় সাফল্য কোথায়? ২৩ জয় আর সর্বোচ্চ একবার সাফের সেমিফাইনাল পর্যন্ত খেলা। তবু বিদেশি কোচেই বেশি আস্থা বাফুফের।

গত ৫২ বছরে ৪৫ কোচ বাংলাদেশ জাতীয় দলের দায়িত্বে ছিলেন। এর মধ্যে বিদেশি ২৪ আর স্থানীয় কোচ ২১ জন। দেশি কোচরা মাসে ২ থেকে সর্বোচ্চ ৫ হাজার ডলার করে বেতন পেয়েছেন। এমনও অনেক বিদেশি কোচ বাংলাদেশের কোচ হয়েছেন, যাঁদের জাতীয় দলের কোচিং করানোর অভিজ্ঞতা ছিল না। কারও আবার কোচিং ক্যারিয়ার বাংলাদেশ দিয়েই শুরু হয়েছে।

গত কয়েক বছরে বাফুফে যে কজন কোচ নিয়োগ দিয়েছে, তাদের অধিকাংশের ম্যাচ রিডিং, ট্যাকটিস, টেকনিক, বদলির দক্ষতা কিংবা কৌশলগত দিকগুলোয় অনেক খুঁত ধরা পড়েছে। কাবরেরাও তাঁদের বাইরে নন। তাঁর অধীনে তিন বছরে ২৭ ম্যাচে বাংলাদেশ জিতেছে ৭ ম্যাচ। তবু কেন বিকল্প ভাবছে না বাফুফে?

নাম প্রকাশে অনিচ্ছুক দেশের একজন স্বনামধন্য কোচ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের শ্রম বা অবদান তো ফুটবলাররাই ভালো জানে। তাদের জিজ্ঞেস করেন আমরা কে কী করেছি। সবকিছু শেখানোর পর বিদেশিরা এসে ভাগ বসায়। যে ছেলে শট নিতে পারত না, গোল করতে গিয়ে হাঁটু কাঁপত, সে যখন গোল করা শিখে যায়, তখন আর আমাদের দরকার পড়ে না! অথচ আমাদের চেয়ে কয়েক গুণ বেশি বেতন দিয়ে বাফুফে বিদেশি কোচ রাখছে। তাঁদের কাছে আমাদের গুরুত্ব নেই। আপনি কাবরেরাকে দেখুন, তাঁর সময়ে দল কী পেল? কিন্তু বেতন বাড়িয়েও তাঁকে ধরে রেখেছে ফেডারেশন।’

তবে স্বদেশি আর বিদেশি কোচদের একেকজনের দর্শন একরকম হলেও শেখার ক্ষেত্রে খুব একটা পার্থক্য দেখেন না কদিন আগে জাতীয় দলে অভিষিক্ত পিয়াস আহমেদ নোভা, ‘কোচ দেশি বলি আর বিদেশি, সবারই নিজস্ব একটা দর্শন থাকে। তবে ব্যাকরণগত দিকে খুব বেশি পার্থক্য দেখি না। ফর্টিসে আমি যে পরিকল্পনা অনুযায়ী খেলছি, জাতীয় দলে সেগুলোই থাকে। মাঝেমধ্যে দু-একটা ব্যতিক্রম পাই।’

এ বিষয়ে একটু ভিন্ন কথাই শোনালেন পুলিশ এফসির হয়ে খেলা জাতীয় দলের তারকা ডিফেন্ডার ইসা ফয়সাল। বললেন, ‘খেলোয়াড়দের সবকিছুর সঙ্গেই মানিয়ে নিতে হয়। কোচ যিনিই হোক, আমাদের যেটা পারফর্ম করার, সেটাই করতে হয়। স্থানীয় কোচ থাকলে আমাদের খেলোয়াড়েরা একটা গা ছাড়া ভাব নিয়ে থাকে। আর বিদেশি হলে সেই সুযোগ থাকে না। অভিজ্ঞতা থেকে বলছি, বিদেশিরা সব সময় শৃঙ্খলার দিক থেকে কঠোর হয়ে থাকেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত