Ajker Patrika

স্পেনের ফুটবলারকে ধাক্কা দিয়ে অনুতপ্ত আর্জেন্টিনার সহকারী কোচ

ক্রীড়া ডেস্ক    
স্পেনের ফুটবলারকে ধাক্কা দিয়ে অনুতপ্ত আর্জেন্টিনার সহকারী কোচ
ওলমোর সঙ্গে সেই ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন আয়ালা। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের মিডফিল্ডার দানি ওলমোর সঙ্গে সংঘর্ষের ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা। নিজের আচরণের জন্য অনুশোচনা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে জানিয়েছেন, সুযোগ পেলে ওলমোর কাছে ক্ষমা চাইবেন।

নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। ম্যাচের শেষ বাঁশি বাজার পর দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই সময় ওলমোর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন লিওনেল স্কালোনির সহকারী আয়ালা। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হলেও গত কয়েক দিন নীরব ছিলেন আর্জেন্টিনার সাবেক এই সেন্টার ব্যাক।

বুধবার ভ্যালেন্সিয়া ক্যাপিটাল রেডিওর এসপোর্টস দিগদিয়াতে দেওয়া সাক্ষাৎকারে আয়ালা বলেন, ‘অবশ্যই আমি অনুতপ্ত। আমার দায়িত্ব ও অবস্থানের কারণে কোনো অনুভূতি বা প্রতিপক্ষের কাছ থেকে যা-ই আসুক না কেন, তা আমার আচরণকে প্রভাবিত করতে দেওয়া উচিত নয়। আমি অনুতপ্ত। আমার কাছে বিষয়টি সেখানেই শেষ।’

তবে কী ঘটেছিল, সেটি বিস্তারিত বলতে চাননি আয়ালা। তাঁর দাবি, ঘটনাটি যেভাবে প্রচার হয়েছে, বাস্তবে তা ততটা গুরুতর ছিল না, ‘আমার মতে, বিষয়টি এখানেই শেষ করে দেওয়া উচিত। অনেকে যেভাবে বলছে, এটি কোনো ঘুষি ছিল না; বরং একটি ধাক্কা ছিল। ঘটনাও সেখানেই শেষ হয়ে গেছে।’

আয়ালা জানান, ওলমোর একটি মন্তব্যের প্রতিক্রিয়াতেই এমন আচরণ করেছিলেন তিনি। তবে সেটিকে কোনোভাবেই সঠিক বলে মনে করছেন না আর্জেন্টিনার হয়ে তিনটি বিশ্বকাপ খেলা এই ফুটবলার, ‘ওর একটি মন্তব্যের প্রতিক্রিয়ায় এমনটা হয়েছিল। এর বেশি কিছু নয়। যদি আবার ওর সঙ্গে দেখা হয়, তাহলে অবশ্যই আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চাইব।’

ম্যাচ শেষে মাঠে ছড়িয়ে পড়া সংঘর্ষ থামাতেই এগিয়ে গিয়েছিলেন বলেও দাবি করেন আয়ালা। তিনি বলেন, ‘এটা সত্যিই দুঃখজনক। মাঠে যা করেছেন, তার দায়িত্ব আপনাকেই নিতে হবে। ম্যাচ শেষ হওয়ার পর আমি মাঠের মাঝখানে একটি মারামারি দেখতে পাই। তখন আমরা আমাদের খেলোয়াড়দের সরিয়ে নেওয়ার জন্য এগিয়ে যাই। কারণ আমরা এমন নই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত