Ajker Patrika

ব্যালন ডি’অরের লড়াইয়ে ফিরলেন মেসি, এবারও নেই রোনালদো

ক্রীড়া ডেস্ক    
ব্যালন ডি’অরের লড়াইয়ে ফিরলেন মেসি, এবারও নেই রোনালদো
সবশেষ বিশ্বকাপে ৮ গোলের পাশাপাশি চারটি অ্যাসিস্ট করেছেন এই ফরোয়ার্ড। ছবি: সংগৃহীত

দুই বছর পর আবারও ব্যালন ডি’অরের লড়াইয়ে ফিরলেন লিওনেল মেসি। ২০২৬ সালের ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে এবারও তালিকায় নেই তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।

মঙ্গলবার ২০২৬ ব্যালন ডি’অরের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। আগামী ২৬ অক্টোবর লন্ডনে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হবে বিজয়ীর নাম। ব্যালন ডি’অরের ইতিহাসে এবারই প্রথম ইংল্যান্ডের রাজধানীতে হতে যাচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

২০২৩ সালে সর্বশেষ ব্যালন ডি’অর জিতেছিলেন মেসি। এরপর ২০২৪ ও ২০২৫ সালের তালিকায় জায়গা হয়নি তারকা ফরোয়ার্ডের। দুই বছর পর এবার আবারও বিশ্বের সেরা ব্যক্তিগত ফুটবল পুরস্কারের দৌড়ে ফিরলেন ইন্টার মায়ামির এই তারকা।

মেসির ফেরার পেছনে ২০২৬ বিশ্বকাপের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ক্লাব ও জাতীয় দলের হয়ে গত মৌসুমের পারফরম্যান্স তাঁকে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে দিয়েছে। তালিকায় মেসির সঙ্গে আছেন কিলিয়ান এমবাপ্পে, লামিনে ইয়ামাল, রদ্রি, হ্যারি কেইন, ভিনিসিয়ুস জুনিয়র ও গতবারের বিজয়ী উসমান দেম্বেলেসহ বিশ্ব ফুটবলের আরও বড় তারকারা।

তবে মেসির প্রত্যাবর্তনের বিপরীতে রোনালদোর অনুপস্থিতিই আলোচনায় বড় জায়গা করে নিয়েছে। আল নাসর ও পর্তুগালের অধিনায়ক এবারও ব্যালন ডি’অরের ৩০ জনের তালিকায় জায়গা পাননি। সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিকভাবে এই পুরস্কারের অন্যতম আলোচিত নাম হলেও এবারও সিআরসেভেনকে ছাড়াই হবে ব্যালন ডি’অরের লড়াই।

রোনালদোর পাশাপাশি এবার মনোনয়ন পাননি মিসরের অধিনায়ক ও সাবেক লিভারপুল তারকা মোহামেদ সালাহ। বার্সেলোনা ও ব্রাজিলের রাফিনিয়া এবং বার্সেলোনা ও স্পেনের পেদ্রিও নেই তালিকায়।

এবারের তালিকায় সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব পিএসজির। বর্তমান বিজয়ী দেম্বেলে ছাড়াও ফরাসি ক্লাবটির হয়ে মনোনয়ন পেয়েছেন আশরাফ হাকিমি, মারকিনিয়োস, নুনো মেন্ডেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ফাবিয়ান রুইজ, উইলিয়ান পাচো ও খভিচা কাভারাতস্কেলিয়া।

সৌদি প্রো লিগ থেকেও মনোনয়ন পেয়েছেন দুজন—আল নাসরের সাদিও মানে ও আল কাদসিয়াহর হুলিয়ান কুইনোনেস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত