Ajker Patrika

ফাইনালের আগেই দেখা হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনার, কিন্তু কবে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৬ জুন ২০২৬, ২২: ০৮
ফাইনালের আগেই দেখা হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনার, কিন্তু কবে
এবারের বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। ছবি: সংগৃহীত

২০২৫ সালের ৫ ডিসেম্বর যখন সূচি ঘোষণা করা হয়, তখনই বেজে যায় বিশ্বকাপের দামামা। ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ নিয়েই মূলত বাংলাদেশের ফুটবল সমর্থকদের আগ্রহ বেশি থাকে। যদি দুই দল বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হয়, তাহলে তো কথাই নেই। সমর্থকদের কথার লড়াই, হইচইয়ে তৈরি হবে অন্যরকম এক উন্মাদনা। সেই সুযোগ এবার তৈরি হয়েছে।

ফিফা যখন গত বছরের ডিসেম্বরে সূচি ঘোষণা করে, তখনই ধারণা পাওয়া যায় ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হতে পারে ২০২৬ ফুটবল বিশ্বকাপে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ বত্রিশে উঠলেই একে অপরের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তখন হিসাব করে বের করা হয়। লাতিন আমেরিকার দল দুটি এবার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠেছে। যদি শেষ বত্রিশ থেকে লাগাতার ম্যাচ জিততে পারে, তাহলে দল দুটি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ব্রাজিল-আর্জেন্টিনা সেমি।

মায়ামিতে গতকাল স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ব্রাজিল ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। নকআউটে তাদের প্রতিপক্ষও ঠিক হয়েছে। ২৯ জুন হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ব্রাজিল-জাপান শেষ বত্রিশের ম্যাচ। অন্যদিকে আর্জেন্টিনার গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি। পরশু ডালাসে বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ। তবে আলজেরিয়া, অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ দুটি জিতে আলবিসেলেস্তেরা ‘জে’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে।

শেষ বত্রিশে আর্জেন্টিনার প্রতিপক্ষ হচ্ছে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দল। আগামীকাল ভোরে হতে যাওয়া স্পেন-উরুগুয়ে, কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচের দিকে তাই বিশেষ চোখ থাকছে আর্জেন্টিনার সমর্থকদের। শেষ বত্রিশের বাধা টপকাতে পারলে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া অথবা বেলজিয়াম। আর কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ পর্তুগাল। শেষবারের মতো বিশ্বকাপে খেলতে নামা লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো মুখোমুখি হতে পারেন শেষ আটেই।

এবার ব্রাজিলের নকআউট পর্বের প্রতিপক্ষগুলো দেখা যাক। জাপানকে হারাতে পারলে ব্রাজিলের শেষ ষোলোতে প্রতিপক্ষ হতে পারে নরওয়ে, ফ্রান্স বা অন্য কোনো দল। যদি সেলেসাওরা এই বাধাও টপকে যায়, তাহলে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে হতে পারে ব্রাজিলকে। শেষ বত্রিশ, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল—এই তিন ধাপ যদি ব্রাজিল-আর্জেন্টিনা পেরোতে পারে, তাহলে তারা মুখোমুখি হবে সেমিফাইনালে।

বিশ্বকাপে এখন পর্যন্ত ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে চারবার। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ব্রাজিল জিতেছে ২ ম্যাচ। আর্জেন্টিনা জিতেছে এক ম্যাচ। আরেক ম্যাচ ড্র হয়েছে। সবশেষ ১৯৯০ বিশ্বকাপে মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা ওই বছর ১-০ গোলে জিতেছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত