Ajker Patrika

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে মেসির ‘সৌভাগ্যের’ রেফারি, চলছে বিতর্কের ঝড়

ক্রীড়া ডেস্ক    
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে মেসির ‘সৌভাগ্যের’ রেফারি, চলছে বিতর্কের ঝড়
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন এলফাথ। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ের আগেই আলোচনায় উঠে এসেছে ম্যাচ পরিচালকদের নাম। আলোচিত ম্যাচটিতে রেফারির ভূমিকায় দেখা যাবে মরক্কোয় জন্ম নেওয়া যুক্তরাষ্ট্রের রেফারি ইসমাইল এলফাথকে। তাতেই নতুন করে শুরু হয়েছে বিতর্কের ঝড়।

লিওনেল মেসির খেলা একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব পালন করা এলফাথের উপস্থিতি আর্জেন্টিনা সমর্থকদের কাছে কিছুটা স্বস্তিদায়ক। এলএমটেনের সঙ্গে এই ম্যাচ পরিচালকের পরিচয় নতুন নয়। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচে চতুর্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সেই ম্যাচে জোড়া গোল করে আলবিসেলেস্তেদের বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দশ নম্বর জার্সিধারী।

এরপর ২০২৩ সালের লিগস কাপের ফাইনালেও ইন্টার মায়ামির ম্যাচ পরিচালনা করেন এলফাথ। সেই ম্যাচে মেসি দলের হয়ে একমাত্র গোল করেন এবং টাইব্রেকারে ন্যাশভিল এসসিকে হারিয়ে শিরোপা জেতে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারেও মেসির খেলা চারটি ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন এলফাথ, যেখানে প্রতিবারই জয় পেয়েছে ফ্লোরিডার ক্লাবটি।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি ম্যাচ পরিচালনা করেছেন এলফাথ। নেদারল্যান্ডস-জাপান, স্পেন-উরুগুয়ে এবং নরওয়ে-ব্রাজিল ম্যাচে মোট আটটি হলুদ কার্ড ও একটি লাল কার্ড দেখিয়েছেন তিনি। তবে স্পেন-উরুগুয়ে ম্যাচের পর উরুগুয়ের খেলোয়াড়দের বিরুদ্ধে যথেষ্ট কঠোর না হওয়ার অভিযোগ তুলে স্প্যানিশ সংবাদমাধ্যমে সমালোচনার মুখেও পড়তে হয়েছে ৪৪ বছর বয়সী এই রেফারিকে।

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার অভিযান মোটেও সহজ ছিল না। নকআউট পর্বে কেপ ভার্দে ও মিসরের বিপক্ষে কঠিন পরীক্ষায় দিতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। এরপর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে নাটকীয় জয়ে শেষ চারে পা রেখেছে লিওনেল স্কালোনির দল।

কঠিন পথ পাড়িয়ে দিলেও বিশ্বচ্যাম্পিয়নের আত্মবিশ্বাস নিয়েই এখন ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে নামবে আর্জেন্টিনা। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি এলফাথের প্রতিটি সিদ্ধান্তও যে সমানভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে, সেটি বলাই যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত