
শেষ বাঁশি বাজার পর আর্জেন্টিনার ফুটবলারদের উচ্ছ্বাসে মিশে ছিল স্বস্তিও। ৮৫ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও ইংল্যান্ডকে হারিয়ে আরেকটি বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল। ড্রেসিংরুমের উদ্যাপন শেষ করে যখন সংবাদমাধ্যমের সামনে এলেন লিওনেল মেসি, তখন তাঁর কণ্ঠে ছিল না বাড়তি উচ্ছ্বাস। বরং ছিল বিস্ময়। এই বিশ্বকাপে দলের পথচলার দিকে ফিরে তাকিয়ে আর্জেন্টিনা অধিনায়কের মনে হয়েছে, সবকিছু যেন অবিশ্বাস্য এক গল্প।
ইংল্যান্ডের বিপক্ষে জয়টা শুধু আরেকটি নকআউট ম্যাচ নয়। ১৯৮৬ বিশ্বকাপের স্মৃতি, দুই দেশের দীর্ঘদিনের ফুটবল প্রতিদ্বন্দ্বিতা আর পুরো আর্জেন্টিনার আবেগ—সব মিলিয়ে ম্যাচটির গুরুত্ব ছিল আলাদা। সেই ম্যাচ জিতে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে ওঠার পর মেসিও ফিরে গেলেন পুরো যাত্রাপথে।
তিনি বলেন, ‘বিশ্বকাপের প্রতিটি ফাইনালই বিশেষ। প্রতিটি ফাইনালের আলাদা একটা গুরুত্ব আছে। আবারও এই অভিজ্ঞতার অংশ হতে পারাটা দারুণ। এই দল যা করেছে, সেটা সত্যিই অবিশ্বাস্য—টানা দুই বিশ্বকাপের ফাইনালে ওঠা। ব্যক্তিগতভাবে তিনটি বিশ্বকাপের ফাইনাল খেলতে পারা, আমার মনে হয় খুব কম ফুটবলারেরই এমন সুযোগ হয়েছে। বিশেষ করে এই বিশ্বকাপ যেভাবে এগিয়েছে, আজকের ম্যাচ যেভাবে হয়েছে, আজকের প্রতিপক্ষ, আর যেভাবে আমরা তাদের হারিয়েছি—সব মিলিয়ে অবিশ্বাস্য অনেক কিছু ঘটেছে।’
বিশ্বকাপ শুরুর আগে বেশ কয়েকজন ফুটবলার চোট কাটিয়ে ফিরেছেন, কেউ খেলেছেন পুরোপুরি ফিট না হয়েও। কিন্তু সেই সংশয় কখনোই স্পর্শ করতে পারেনি মেসিকে। দলের সামর্থ্য নিয়ে তাঁর বিশ্বাস ছিল অটুট, ‘অনেকেই এই দলকে বিশ্বাস করেনি। কিন্তু আমি কখনোই বিশ্বাস হারাইনি। আমি জানি এই ছেলেরা কী করতে পারে। আমি জানতাম, আমরা একসঙ্গে থাকলে নিজেদের ভেতর থেকেই বাড়তি কিছু বের করে আনতে পারি। হয়তো কয়েকজন খেলোয়াড়কে নিয়ে শঙ্কা ছিল, কেউ চোট নিয়েও খেলেছে। কিন্তু এই দল সব সময় সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করে।’
ইংল্যান্ডের বিপক্ষে ৫৫ মিনিটে গোল হজম করার পরও ভেঙে পড়েনি আর্জেন্টিনা। বরং শেষ দিকে একের পর এক আক্রমণে ইংলিশদের রক্ষণ চেপে ধরে। ৮৫ মিনিটে এনসো ফের্নান্দেস সমতা ফেরান, আর যোগ করা সময়ে লাউতারো মার্তিনেসের হেডে নিশ্চিত হয় ফাইনালের টিকিট। দুটো গোলেরই জোগানদাতা মেসি, ‘ম্যাচ কঠিন হয়ে যাওয়ার পরও আমরা জয়ের জন্য লড়েছি। চেষ্টা থামাইনি। পিছিয়ে থাকার সময়ও আমরা অনেক ফুটবল খেলেছি, ওদের নিজেদের অর্ধেই আটকে রেখেছিলাম। এই জয় আমাদের জন্য বিশাল আনন্দের।'

বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
১৩ মিনিট আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
৩১ মিনিট আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
২ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থতার পর পাকিস্তানের ক্রিকেটে ব্যাপক রদবদল চলছে। একের পর এক ক্রিকেটার ও কোচিং স্টাফকে সরিয়ে দেওয়ার পর এবার সেই তালিকায় অধিনায়ক বাবর আজমের নামও উঠছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ।
৩ ঘণ্টা আগে