Ajker Patrika

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২: ২২
ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি
ভিনিসিয়ুসের সঙ্গে ঘটে যাওয়া বর্ণবাদ ইস্যুতে প্রতিবাদ জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: এএফপি

ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে বর্ণবাদী আচরণ একেবারে নতুন ঘটনা নয়। চ্যাম্পিয়নস লিগ, লা লিগা—যে টুর্নামেন্টের ম্যাচই হোক না কেন, রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ডের বর্ণবাদের শিকার হওয়ার খবর প্রায়ই চলে আসে লাইমলাইটে। এবার চ্যাম্পিয়নস লিগে তাঁর সঙ্গে যা হলো, সেটার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

লিসবনের লুজ স্টেডিয়ামে পরশু রাতে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের প্রথম লেগে বেনফিকার বিপক্ষে ১-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে একমাত্র গোলটি ৫০ মিনিটের সময় করেন ভিনি। কর্নার ফ্ল্যাগের কাছে তিনি গোল উদ্‌যাপন করতে গেলে তাঁর সঙ্গে বেনফিকার ফরোয়ার্ড জিয়ানলুকা প্রেস্তিয়ান্নির সঙ্গে লেগে যায়। বাগ্‌বিতণ্ডার কারণ সম্পর্কে পরে জানা গেল, ভিনিকে বানর বলেছেন প্রেস্তিয়ান্নি।

সামাজিক যোগাযোগমাধ্যম যখন ভিনির বর্ণবাদ ইস্যুতে তোলপাড়, সেটা দেখে চুপ করে বসে থাকেননি ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো। এক বিবৃতিতে বর্ণবাদী আচরণ নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট। ভিনি ইস্যুতে ইনফান্তিনো বলেন, চ্যাম্পিয়নস লিগে বেনফিকা-রিয়াল মাদ্রিদ ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের ওপর বর্ণবাদের অভিযোগ দেখে আমার ভীষণ খারাপ লেগেছে। আমাদের খেলাধুলায় এবং সমাজে বর্ণবাদের কোনো স্থান নেই। সংশ্লিষ্ট অংশীদারদের পদক্ষেপ নেওয়া এবং অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনার ব্যবস্থা করা উচিত। ফিফায় “বর্ণবাদবিরোধী বৈষম্য ও খেলোয়াড়দের ভয়েস প্যানেলের” মাধ্যমে আমরা খেলোয়াড়, কর্মকর্তা এবং ভক্ত-সমর্থকদের যথাযথ সম্মান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ঘটনা ঘটলে যথাযথ ব্যবস্থা নেব।

কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে উদ্‌যাপনের পর ভিনি রেফারি ফ্রাঙ্কোইস লেতেক্সিয়েরের কাছে প্রেস্তিয়ান্নির বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ করেন। পরে বর্ণবাদবিরোধী নিয়ম চালু করে ১০ মিনিটের বেশি সময় ম্যাচ বন্ধ রাখেন রেফারি ফ্রাঙ্কোইস। রেফারির প্রশংসা করে ইনফান্তিনো বলেন, হাতের ইশারা ব্যবহার করে বর্ণবাদবিরোধী প্রটোকল সক্রিয় করে খেলা বন্ধ করেছেন রেফারি ফ্রাঙ্কোইস লেতেক্সিয়ের। এই কাজের জন্য তাঁর প্রশংসা প্রাপ্য। আমি আবারও একই কথা বলছি। ফিফা ও ফুটবলে কোনো ধরনের বর্ণবাদ ও বৈষম্যের স্থান নেই।

ঘরের মাঠে প্লে-অফের দ্বিতীয় লেগ শুরুর আগে সুবিধাজনক অবস্থাতেই রয়েছে রিয়াল মাদ্রিদ। ২৫ ফেব্রুয়ারি সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-বেনফিকা। পিছিয়ে থেকে যে রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়াতে অভ্যস্ত, ১-০ গোলে এগিয়ে থাকা জাবি আলোনসোর শিষ্যদের জন্য বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত