Ajker Patrika

ভিনির বিরুদ্ধে বোমা ফাটালেন আর্জেন্টাইন ফুটবলার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ১৪: ২৭
ভিনির বিরুদ্ধে বোমা ফাটালেন আর্জেন্টাইন ফুটবলার
ভিনিসিয়ুস জুনিয়রকে বর্ণবাদী গালি দেওয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন জিয়ানলুকা প্রেসতিয়ান্নি। ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদে খেলার পর ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে বর্ণবাদী আচরণের ঘটনা তো কম ঘটেনি। ঘরের মাঠে হোক বা বাইরের মাঠ, এমন কারণে তিনি বারবার খবরের শিরোনাম হয়েছেন। এ বছর চ্যাম্পিয়নস লিগে তাঁর সঙ্গে বর্ণবাদী আচরণের অভিযোগের কথা জানা গেছে। এবার সেই ঘটনা নিয়ে মুখ খুললেন আর্জেন্টাইন ফুটবলার জিয়ানলুকা প্রেসতিয়ান্নি।

এ বছরের ফেব্রুয়ারিতে লিসবনে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফে ভিনিকে বর্ণবাদী গালি দেওয়ায় প্রেসতিয়ান্নিকে এক ম্যাচ নিষিদ্ধ করেছিল উয়েফা। প্রায় দুই মাস পর বোমা ফাটালেন প্রেসতিয়ান্নি। বিদেশি এক ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে ২০ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘কোনো প্রমাণ ছাড়াই আমাকে শাস্তি দেওয়া হয়েছিল। আমাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা আমি কখনোই ছিলাম না—এটাই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। যাঁরা আমাকে চেনেন, তাঁরা জানেন আমি কেমন। এটাই আমার জন্য যথেষ্ট।’

বর্ণবাদী আচরণের যে অভিযোগ উঠেছিল প্রেসতিয়ান্নির বিরুদ্ধে, সেটাতে তাঁর পরিবারও এর ভুক্তভোগী হয়েছিল বলে উল্লেখ করেন তিনি। আর্জেন্টাইন এই ফরোয়ার্ড বলেন, ‘আমি আমার মা, বাবা আর দাদা-দাদির কথা ভেবেছিলাম—তাঁদের এত কিছু শুনতে হয়েছে যা সত্য নয় এবং আসলে ঘটেনি। আমার জন্য এটা এক রকম। একজন ফুটবলার হিসেবে মানুষ কথা বলবে। তাতে আমি অভ্যস্ত। কিন্তু তাঁদের (পরিবারের সদস্য) জন্য বিষয়টা ভিন্ন।’

লিসবনের লুজ স্টেডিয়ামে ১৭ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের প্রথম লেগে বেনফিকার বিপক্ষে ১-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে একমাত্র গোলটি ৫০ মিনিটের সময় করেন ভিনি। কর্নার ফ্ল্যাগের কাছে তিনি গোল উদ্‌যাপন করতে গেলে তাঁর সঙ্গে বেনফিকার ফরোয়ার্ড জিয়ানলুকা প্রেস্তিয়ান্নির সঙ্গে লেগে যায়। বাগ্‌বিতণ্ডার কারণ সম্পর্কে পরে জানা গেল, ভিনিকে বানর বলেছিলেন প্রেসতিয়ান্নি।

সেদিনের ঘটনায় কিলিয়ান এমবাপ্পেও জড়িত ছিলেন বলে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে প্রেসতিয়ান্নি উল্লেখ করেন। প্রেসতিয়ান্নি বলেন, ‘আমি শুনেছি এমবাপ্পে আমাকে গালি দিয়েছে। আমাদের আর্জেন্টাইনদের জন্য এটা একটা সাধারণ অপমান। তারা আমাকে বর্ণবাদী বলে। অথচ আমি এমন কিছুই করিনি।’

চ্যাম্পিয়নস লিগের প্লে অফের প্রথম লেগের রিয়াল মাদ্রিদ-বেনফিকা ম্যাচ তো ১০ মিনিট বন্ধ রাখতে হয়েছিলই। এমনকি ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোও প্রতিবাদ জানিয়েছিলেন। পরবর্তীতে ২৫ ফেব্রুয়ারি প্রেসতিয়ান্নিকে ছাড়াই রিয়ালের বিপক্ষে দ্বিতীয় লেগে খেলতে নেমেছিল বেনফিকা। এই ম্যাচে রিয়াল জিতেছিল ২-১ গোলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত