Ajker Patrika

দি পলের দারুণ প্রত্যাবর্তন, বিশ্বকাপের আগে আর্জেন্টিনার স্বস্তি

ক্রীড়া ডেস্ক    
দি পলের দারুণ প্রত্যাবর্তন, বিশ্বকাপের আগে আর্জেন্টিনার স্বস্তি
চেনা ছন্দে ফিরেছেন মাঝমাঠের এই অতন্দ্র প্রহরী। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র এক সপ্তাহ। তাঁর আগে বড় ধরনের স্বস্তির খবরই যেন পেল আর্জেন্টিনা। সাম্প্রতিক পারফরম্যান্সে উন্নতি করে আবারও কোচ লিওনেল স্কালোনির আস্থা অর্জন করেছেন রদ্রিগো দি পল। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শুরুর একাদশে তাঁর থাকার সম্ভাবনাই এখন সবচেয়ে বেশি। এমনটাই জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

অবশ্য কয়েক মাস আগেও পরিস্থিতি ছিল ভিন্ন। মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে দি পলকে বেঞ্চে বসে থাকতে হয়েছিল দীর্ঘ সময়। কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করা এই মিডফিল্ডার তখন নিজের সেরা ছন্দে ছিলেন না। একই সঙ্গে দলে মিডফিল্ডের প্রতিযোগিতাও বেড়ে গিয়েছিল।

তবে সময়ের সঙ্গে পাল্টে গেছে চিত্র। ইন্টার মায়ামির হয়ে মৌসুমের শেষভাগে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করেছেন দি পল। ফিরে পেয়েছেন সেই পরিচিত তীব্রতা ও কর্মক্ষমতা, যা তাঁকে আবার স্কালোনির দলের অন্যতম অপরিহার্য সদস্যে পরিণত করেছে। তারকা মিডফিল্ডারের এই উন্নতির পর নতুন করে মূল্যায়ন করেছে কোচিং স্টাফ। বর্তমানে এনজো ফার্নান্দেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের সঙ্গে মিডফিল্ডে জায়গা পাওয়ার লড়াইয়ে তিনি লিয়ান্দ্রো পারেদেসের চেয়ে এগিয়ে রয়েছেন বলেই দাবি করা হয়েছে প্রতিবেদনে।

পারেদেসের ক্ষেত্রে অবশ্য শারীরিক অবস্থাও একটি বড় বিষয়। বোকা জুনিয়র্সের হয়ে খেলার সময় ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি। সেই চোট নিয়েই কোপা লিবার্তাদোরেসের গুরুত্বপূর্ণ ম্যাচে ইউনিভার্সিদাদ কাতোলিকার বিপক্ষে খেলতে হয়েছে তাঁকে। যদিও বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে ফিট হওয়ার জন্য সব ধরনের চেষ্টাই করে যাচ্ছেন। তবু পারেদেসের শারীরিক অবস্থা নিয়ে কিছুটা শঙ্কা রয়ে গেছে।

দি পলের প্রত্যাবর্তনের ফলে সাম্প্রতিক অনুশীলনে এনজো ফার্নান্দেজকে রক্ষণাত্মক মিডফিল্ডের দায়িত্ব দিয়েছেন স্কালোনি। তাঁর পাশে নিয়মিতভাবেই ছিলেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। শনিবার হন্ডুরাসের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতির প্রথম প্রীতি ম্যাচে আর্জেন্টিনা কাতার বিশ্বকাপে সফল হওয়া আক্রমণভাগের ওপরই আস্থা রাখতে পারে। তবে একটি প্রশ্ন এখনো রয়েই গেছে—স্কালোনি কি ৪-৩-৩ ফরমেশনেই খেলাবেন, নাকি থিয়াগো আলমাদাকে নিয়ে চার মিডফিল্ডারের ছকে খেলাবেন?

তবে একটি বিষয় এখন প্রায় নিশ্চিত। বিশ্বকাপ শুরুর আগে দি পল আবারও নিজের জায়গায় ফিরছেন। শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনার জন্য এটি নিঃসন্দেহে বড় খবর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত