
শেষ বাঁশি বাজার পরও যেন বিশ্বাস করতে পারছিলেন না আরলিং হালান্ড। জোড়া গোল করে নরওয়েকে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলেছেন, তবু দ্বিতীয় গোলটি নিয়ে তাঁর নিজের ব্যাখ্যাও ছিল বিস্ময়ে ভরা। হালান্ডের ভাষায়, ব্রাজিলের জালে সেই গোলটি ছিল ‘ঈশ্বরের উপহার’।
নিউ জার্সিতে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২–১ গোলে হারিয়েছে নরওয়ে। দলের দুটি গোলই করেন হালান্ড। ৭৯ মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপের ক্রসে হেডে প্রথম গোল করার পর নির্ধারিত সময়ের শেষ দিকে বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁ পায়ের শটে দ্বিতীয় গোলটি করেন তিনি। পরে যোগ করা সময়ে নেইমার পেনাল্টি থেকে একটি গোল শোধ করলেও তাতে নরওয়ের ঐতিহাসিক জয় আটকানো যায়নি।
ম্যাচ শেষে নরওয়ের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনআরকেকে দ্বিতীয় গোলটি নিয়ে হালান্ড বলেন, ‘১–০ করা গোলটি ছিল দারুণ একটি হেড, আমি বলব। আর ক্রসটাও ছিল সুন্দর।দ্বিতীয় গোলটি নিয়ে তো এখন প্রায় মনে হচ্ছে, বলটা জালে যাওয়া ছিল ঈশ্বরের উপহার। যেন এমনটাই হওয়ার কথা ছিল। এটা অবিশ্বাস্য।”
জয়ের আনন্দে আবেগাপ্লুত খানিকটা আফসোস নিয়ে হালান্ড বলেন, ‘আমি যদি এখন নরওয়ের রাস্তায় থাকতে পারতাম! এই উদ্যাপনের অংশ হতে পারতাম! সবাইকে আনন্দ করতে হবে। পুরো নরওয়েকেই উদ্যাপন করতে হবে। নরওয়ের ইতিহাসে এটি সবচেয়ে অসাধারণ দিনগুলোর একটি। সবাই শুধু উপভোগ করুন, কারণ এটা সত্যিই অবিশ্বাস্য।’
আইভরি কোস্টকে হারানোর পর বলেছিলেন, এই বিশ্বকাপ নরওয়েকে এক করবে। ব্রাজিলকে হারানোর পর সেই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে তাঁর, ‘আইভরি কোস্টের বিপক্ষে জয়ের পর আমি বলেছিলাম, এই বিশ্বকাপ নরওয়েকে এক করবে। এখন আশা করি, সেটি আমি তখন যা বোঝাতে চেয়েছিলাম, তার চেয়েও বড় পরিবর্তন এনে দেবে।’
চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন হালান্ড। ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে টুর্নামেন্টে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ৭। এর মধ্য দিয়ে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও আর্জেন্টিনার লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় উঠে এসেছেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম এক আসরে তিনজন ভিন্ন খেলোয়াড় ৭ বা তার বেশি গোল করলেন। বিশ্বকাপে নিজের প্রথম চার ম্যাচে ৭ গোল করেছেন হালান্ড। ১৯৭০ সালে জার্মান কিংবদন্তি জার্ড মুলার প্রথম চার ম্যাচে ৮ গোল করার পর এই প্রথম কোনো ফুটবলার নিজের প্রথম চার বিশ্বকাপ ম্যাচে অন্তত ৭ গোল করলেন।
ব্রাজিলের বিপক্ষে নরওয়ের ঐতিহাসিক জয়ের নায়ক শুধু হালান্ড নন, গোলরক্ষক অরইয়ান নিল্যান্ডও। ব্রুনো গিমারেসের পেনাল্টি ঠেকানোর পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ সেভে তিনি জয়ের ভিত গড়ে দেন। তবে ইতিহাস গড়ার রাতের সবচেয়ে উজ্জ্বল নাম ছিলেন হালান্ডই, যাঁর কাছে ব্রাজিলের জালে দ্বিতীয় গোলটি ছিল যেন ‘ঈশ্বরের উপহার’।

ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা যেভাবে এগোচ্ছে, তাতে দুঃখ প্রকাশ করেছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকার। তাঁর মতে, পর্তুগিজ তারকা লিওনেল মেসির মতোই আবেগঘন বিদায় পাওয়ার যোগ্য।
১ সেকেন্ড আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলা শেষ হয়েছে। বিদায়ের সেই বিশেষ রাতে স্বামীর পাশে ছিলেন আন্তোনেলা রোকুজ্জো। পরদিন সামাজিক মাধ্যমে তারকা ফুটবলারকে নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলার পর হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে বিদায়ী ম্যাচ শেষে মনুমেন্তাল স্টেডিয়ামে দাঁড়িয়ে সমর্থকদের অভিবাদন জানানোর পর সামাজিক মাধ্যমেও নিজের অনুভূতি প্রকাশ করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের পর তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘদিনের এই দুই প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের অসংখ্য অধ্যায়ের পর এবার এলএমটেনের বিদায়ে রোনালদোর কণ্ঠে শোনা গেল অকুণ্ঠ প্রশংসা।
২ ঘণ্টা আগে