
তিন বছরের বেশি সময় ধরে বাংলাদেশের কোচ হিসেবে আছেন হাভিয়ের কাবরেরা। ২৫ মার্চ ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে নতুন এক রেকর্ড গড়েন তিনি। বাংলাদেশের ডাগআউটে কাবরেরা বাদে ৩০ ম্যাচ দায়িত্ব পালনের অভিজ্ঞতা নেই আর কারও। সেই রেকর্ড নিয়ে গত বৃহস্পতিবার নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু সেখানে জোয়ার বয়ে যায় ‘হা-হা’ প্রতিক্রিয়ার। গতকাল পর্যন্ত সেই পোস্টে ২৭ হাজার প্রতিক্রিয়ার মধ্যে ২০ হাজারই ছিল হা-হা। এ ছাড়া রয়েছে তির্যক মন্তব্যের ছড়াছড়ি।
ভারত ম্যাচের পর বেশির ভাগ সমর্থকের মনেই কাবরেরাকে নিয়ে তৈরি হয়েছে ক্ষোভ। কেউ কেউ আবার তাঁকে বরখাস্ত করারও দাবি তুলছেন। কারণ, জয়ের স্বপ্ন দেখিয়ে বাংলাদেশ শিলংয়ে পা রাখলেও শেষ পর্যন্ত ফিরতে হয়েছে গোলশূন্য ড্র নিয়ে। হামজা চৌধুরীর অভিষেক জয়ে রাঙাতে না পেরে কাবরেরার মধ্যেও হতাশা কাজ করেছে। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমরা অনেক সুযোগ তৈরি করেছি। আমি ঠিক জানি না, কত, ৪-৫টা হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা কোনোটাই কাজে লাগাতে পারিনি।’
কাজে লাগাতে না পারার ব্যর্থতার পেছনে কাবরেরার ভুলকেই বড় করে দেখছেন জাতীয় দলের সাবেক ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি। আজকের পত্রিকার সঙ্গে আলাপে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, কিছু কৌশলগত জায়গায় সে ভুল করেছে। শুরুতেই সে স্ট্রাইকার ছাড়া খেলতে নেমেছে। খেলায় সুযোগ তৈরি হয়েছে বটে, কিন্তু গোল করার জন্য তো স্ট্রাইকার দরকার। তাই এটা একটা বড় ভুল ছিল। দ্বিতীয়ার্ধে যে বদলগুলো এনেছিল, সেখানে হয়তো জামাল ও আল আমিনকে খেলাতে পারত। ওই সময়টায় মোটামুটি ভারতই দাপট দেখিয়েছে। হামজার সঙ্গে জামালকে রাখতে পারলে আমরা হয়তো বল পজেশন বেশি রাখতে পারতাম বা আক্রমণে যেতে পারতাম।’ কাবরেরা সমর্থকদের সমালোচনায় ভুল কিছু দেখছেন না এমিলি, ‘ভুল করলে সমালোচনা তো হবেই। যে ভুলগুলো ছিল, সেটা শুধু সমর্থক নয়, সবার চোখেই পড়েছে। বিকল্প থাকার পরও যদি তা কাজে না লাগানো হয়, তাহলে তো সেসব চোখে পড়বেই। ভারতের মাটি থেকে তিন পয়েন্ট নিয়ে আসতে পারলে এশিয়ান কাপের মূলপর্বে খেলার একটা বিশাল সম্ভাবনা তৈরি হতো।’
ভারত ম্যাচের জন্য ইতালিপ্রবাসী ফাহামিদুল ইসলামকে প্রাথমিক দলে সুযোগ করে দিয়েছিলেন কাবরেরা। কিন্তু সৌদি আরবে অনুশীলন ক্যাম্পের পর চূড়ান্ত দলে জায়গা পাননি ফাহামিদুল। তাঁকে যেভাবে বাদ দেওয়া হয়েছে, তা আদর্শ নয় বলে মনে করেন সাবেক অধিনায়ক ও গোলকিপিং কোচ বিপ্লব ভট্টাচার্য। তিনি বলেন, ‘ফাহমিদুলকে যেভাবে বাদ দেওয়া হয়েছে, তা আমার কাছে অনুচিত বলেই মনে হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে যা হচ্ছে, সেটা ফুটবলের ক্রেজ আছে বলেই হচ্ছে। কাবরেরার সঙ্গে আমি দুই বছর কাজ করেছি। তিনি বেশ নিষ্ঠার সঙ্গেই কাজ করে থাকেন। কোচ হিসেবে তাঁর (কাবরেরা) পারফরম্যান্স কেমন, সেটা দেখার জন্য বাফুফে ন্যাশনাল টিম কমিটি আছে। এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমি তাঁকে সম্মান করি। সবারই তাঁকে সম্মান করা উচিত।’
কাবরেরা সবচেয়ে বেশি ম্যাচে দায়িত্বে থাকার রেকর্ড গড়েছেন ঠিকই, কিন্তু সমর্থকদের মুখে খুব একটা হাসি ফোটাতে পারেননি। ৩০ ম্যাচের মধ্যে কেবল আটটিতেই জয়ের দেখা পেয়েছেন তিনি। সেরা সাফল্য বলতে গেলে ২০২৩ সালে সাফের সেমিফাইনাল খেলা। বাফুফের সঙ্গে তাঁর চুক্তি আগামী বছরের এপ্রিল পর্যন্ত। এর মধ্যেই শেষ হবে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব। কাবরেরা বাংলাদেশকে মূল পর্বে নিয়ে যেতে পারবেন কি না, তা সময়ই বলে দেবে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৫ ঘণ্টা আগে