Ajker Patrika

মেসির ১০ নম্বর জার্সি নিয়ে সমর্থকদের ভোট

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১৭: ০২
মেসির ১০ নম্বর জার্সি নিয়ে সমর্থকদের ভোট
৭ অক্টোবর বিদায়ী ম্যাচ খেলতে নামবেন মেসি। এরপর ঐতিহ্যবাহী জার্সিটা উঠবে অন্য কারও গায়ে। ছবি: সংগৃহীত

লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে, তা নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। সমর্থকদের মতামত জানতে টিওয়াইসি স্পোর্টসের করা জরিপে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন নিকো পাস।

আগামী বুধবার মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে শেষবারের মতো মাঠে নামবেন মেসি। তাঁর বিদায়ের পর লা আলবিসেলেস্তেদের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সির মালিক হবেন অন্য কেউ।

সমর্থকদের বড় অংশ উত্তরসূরি হিসেবে পাসকেই দেখতে চান। ইতালির ক্লাব কোমোর হয়ে খেলা এই তরুণ মিডফিল্ডার এরই মধ্যে জাতীয় দলের হয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন।

বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৪-০ গোলের জয়ে ব্যক্তিগত পারফরম্যান্সে নজর কেড়েছেন পাস। নিজে গোল করার পাশাপাশি অ্যাসিস্টও করেছেন। ওই ম্যাচকে ঘিরে টিওয়াইসি স্পোর্টসের করা জরিপেও ১০ নম্বর জার্সির জন্য সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন তিনি।

সেই জরিপে ২৫ হাজারের বেশি ভোট পড়ে। ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে এনসো ফার্নান্দেস, আলেক্সিস মাক আলিস্তার ও লাওতারো মার্তিনেসকে পেছনে ফেলেন পাস। তবে মেসির ১০ নম্বর জার্সি আর কাউকে না দেওয়ার পক্ষেও উল্লেখযোগ্য সংখ্যক সমর্থক মত দিয়েছেন।

পাসের প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসও। বলিভিয়ার বিপক্ষে জয়ের পর তরুণ ফুটবলারের একটি পোস্টে মন্তব্য করে তিনি লিখেছিলেন, ‘নতুন ১০ নম্বর?’

তবে ১০ নম্বর জার্সির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি কোচ লিওনেল স্কালোনি। মেসির বিদায়ের পর কাকে এই জার্সি দেওয়া হবে, সেটি এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন তিনি।

স্কালোনি বলেন, ‘এই ম্যাচগুলোতে কাউকে ১০ নম্বর জার্সি পরানোর কোনো বাধ্যবাধকতা নেই। তাই লিওর ম্যাচ পর্যন্ত আমরা কাউকে এটি দেব না। এরপর দেখা যাবে। এখনো আমরা সিদ্ধান্ত নেইনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত