ঢাকায় নিরাপত্তা শঙ্কা দেখছে না ভারত

নিরাপত্তা শঙ্কা ও রাজনৈতিক পরিস্থিতির কারণ দেখিয়ে গত সেপ্টেম্বরে নির্ধারিত দ্বিপক্ষীয় সফর বাতিল করেছিল ভারতীয় ক্রিকেট দল। এমনকি কয়েক দিন আগেও ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে অনীহা ও নিরাপত্তাজনিত টানাপোড়েনের খবর আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।
ফলে ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ঢাকায় আসবে কি না, তা নিয়ে তৈরি হয়েছিল ঘোর অনিশ্চয়তা। তবে সব শঙ্কা উড়িয়ে ঢাকায় এসে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি কিংবা অস্বস্তিকর পরিবেশ দেখছেন না ভারতের প্রধান কোচ নওশাদ মুসা। আজ পাকিস্তানের বিপক্ষে ৩–২ গোলের রোমাঞ্চকর জয়ের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অকপটে এ কথা জানান তিনি।
ক্রিকেট দলের সাম্প্রতিক সফর বাতিলের প্রেক্ষাপটে ঢাকায় কোনো ধরনের ভয়ভীতি বা চলাফেরায় অস্বস্তি অনুভব করেছেন কি না–সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ভারতীয় কোচ সরাসরি বলেন, ‘একদমই না। আমি কোনো সমস্যা দেখছি না। গতকাল অনুশীলনে গিয়েছি, আজ ম্যাচ খেললাম–আমাদের বিন্দুমাত্র কোনো সমস্যা হয়নি।’
ভারতীয় হাইকমিশন থেকেও ঢাকায় কোনো ধরনের সতর্কতা বা নেতিবাচক নির্দেশনা দেওয়া হয়নি বলে নিশ্চিত করেন তিনি। তবে ক্রিকেট দলের সফর বাতিলের বিষয়টি ভিন্ন হতে পারে উল্লেখ করে মুসা বলেন, ‘ক্রিকেটের ক্ষেত্রে পরিস্থিতি কী ছিল, তা আমার জানা নেই। তাই এ বিষয়ে আমরা কিছু বলতে পারব না।’
নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ না থাকলেও ঢাকায় পা রেখে বড় ধরনের হোটেল ভোগান্তিতে পড়েছিল ভারত ও শ্রীলঙ্কা ফুটবল দল। সে অভিজ্ঞতার কথা তুলে ধরে কোচ বলেন, ‘আমরা এবং শ্রীলঙ্কা দল একসঙ্গে বিকেল তিনটা-সাড়ে তিনটার দিকে হোটেলে পৌঁছালেও রুম পেতে রাত আটটা বেজে গিয়েছিল। অর্থ পরিশোধ সংক্রান্ত জটিলতা নাকি অন্য কিছু ছিল জানি না, তবে সেটাই ছিল আমাদের জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয়।’
মাঠের খেলায় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে আসরে শুভসূচনা করলেও দলের খেলায় খুব একটা সন্তুষ্ট নন মুসা। প্রথমার্ধে সুহেল ভাটের জোড়া গোল ও কিপজেনের লক্ষ্যভেদে ৩–০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে তিন মিনিটের ব্যবধানে দুটি গোল হজম করে বসে তারা।
ম্যাচের পুরো ৯০ মিনিট মনোযোগ ধরে রাখতে না পারা ও ফিটনেসের ঘাটতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ভারতীয় কোচ। সুযোগগুলো কাজে লাগাতে পারলে ম্যাচটি ৫–৬ গোলে জেতা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি। তবে মালদ্বীপের বিপক্ষে পরের ম্যাচের আগেই পূর্ণাঙ্গ স্কোয়াডের বাকি খেলোয়াড়রা ঢাকায় যোগ দেবেন জানিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন এই ভারতীয় কোচ।









