Ajker Patrika

পিএসএল খেলতে উড়াল দিলেন তামিম-রিশাদও

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৪ মার্চ ২০২৬, ১২: ১৬
পিএসএল খেলতে উড়াল দিলেন তামিম-রিশাদও
সকালে ঢাকা ছেড়েছেন এই দুই ক্রিকেটার। ছবি: ফেসবুক

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবার দল পেয়েছেন সর্বোচ্চ ৬ বাংলাদেশি ক্রিকেটার।  এর মধ্যে গতকাল চারজন পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়েন। বাকি ছিলেন তানজিদ হাসান তামিম এবং রিশাদ হোসেন। এই দুজনও আজ পাকিস্তানের বিমানে চড়েছেন।

আজ সকালের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তামিম এবং রিশাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় তাঁরা দুজনই পিএসএল খেলতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। রিশাদের সঙ্গে ভেরিফাইড ফেসবুক পেজে নিজের ছবি পোস্ট করে তামিম লিখেছেন, ‘এখন পিএসএলে অংশ নেওয়ার সময়।’ প্রায় একই রকমের ছবি পোস্ট করে রিশাদ লিখেছেন, ‘রাওয়ালপিন্ডিকে সঙ্গে নিয়ে পিএসএল ২০২৬-এর পথে—এই আসরে ঝড় তুলতে চলেছি!’

এবারের পিএসএলে পিন্ডিজের হয়ে খেলবেন রিশাদ। ফ্র্যাঞ্চাইজিটি পিএসএলে অভিষেকের অপেক্ষায়। নিলাম থেকে বাংলাদেশি লেগস্পিনারকে দলে ভিড়িয়েছে পিন্ডিজ। তামিম খেলবেন পেশোয়ার জালমির হয়ে। নিলাম থেকে দল পাননি এই বাঁ হাতি ওপেনার। সম্প্রতি তাঁর সঙ্গে চুক্তি করে জালমি। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে পিএসএলের সবার পরে দল পেয়েছেন তামিম।

নিজেদের মাঠে পাকিস্তানকে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। সে সিরিজে ব্যাট দুর্দান্ত ছিলেন তামিম; একটি করে সেঞ্চুরি এবং ফিফটি করেন ১৭৫ রান। সতীর্থ নাহিদ রানার সঙ্গে যৌথভাবে সিরিজসেরা পুরস্কার জেতেন তিনি। সিরিজ চলাকালীন ধারাভাষ্য দিতে গিয়ে তাঁকে পিএসএলে দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন রমিজ রাজা। বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শেষেই তামিমকে দলে নেয় জালমি।

এবারের পিএসএলে দল পাওয়া বাংলাদেশের বাকি চার ক্রিকেটার হলেন মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরীফুল ইসলাম ও পারভেজ হোসেন ইমন। সবার আগে দল পান মোস্তাফিজ। কাটার মাস্টারের সঙ্গে সরাসরি চুক্তি করেছে লাহোর কালান্দার্স। পরবর্তীতে নিলাম থেকে আরেক বাংলাদেশি ক্রিকেটার ইমনকে দলে টানে ফ্র্যাঞ্চাইজিটি। নাহিদ রানাকে নেয় জালমি। নিলামের পর শরীফুলকেও নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত