আফগানিস্তান সিরিজ শেষেই চাকরি ছাড়ছেন জিম্বাবুয়ের সফলতম কোচ

জাস্টিস স্যামনসের অধীনে জিম্বাবুয়ের সময়টা কেটেছে দারুণ। একের পর এক আইসিসি ইভেন্টে জিম্বাবুয়ে যখন জায়গা করে নিতে পারছিল না, তিনি কোচ হওয়ার পর সেই গেড়ো খুলে তারা। শুধু তা-ই নয়, জিম্বাবুয়ে আইসিসি ইভেন্টে সেরা সফলতা পায় তাঁর অধীনেই। এবার তাঁর পথচলাটা শেষ হয়ে যাচ্ছে আর কদিন পরই। জিম্বাবুয়ের সঙ্গে দুই বছরের সম্পর্কের ইতি টানছেন তিনি।
শারজায় বর্তমানে চলছে জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজের দ্বিতীয় টেস্ট। এই ম্যাচ শেষেই জিম্বাবুয়ের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন স্যামন্স।
২০২৪ সালের জুন মাসে দায়িত্ব গ্রহণের পর তাঁর অধীনে জিম্বাবুয়ে উল্লেখযোগ্য সফলতা পেয়েছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই সাবেক চ্যাম্পিয়ন
অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার এইটে ওঠে। যা টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের ইতিহাসের সেরা সফলতা। এমনকি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৩৪৪ রানের রেকর্ডও জিম্বাবুয়ে করেছে স্যামন্সের অধীনে। নাইরোবিতে ২০২৪ সালের অক্টোবরে গাম্বিয়ার বিপক্ষে ৪ উইকেটে ৩৪৪ রান করেছিল জিম্বাবুইয়ানরা।
পরিবারকে সময় দিতেই নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে যাবেন বলে জানিয়েছেন স্যামন্স। গতকাল আফগানিস্তান-জিম্বাবুয়ে টেস্টের দ্বিতীয় টেস্টের মাঝে তিনি বলেন,
‘পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ করে দিতে এখন আমার নিজ দেশে ফিরে যাওয়া জরুরি। আমি জানি, দলটি সামনের দিনগুলোতে আরও উন্নতি করবে। তাদের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা।’
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দুটি আইসিসি ইভেন্ট ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারেনি জিম্বাবুয়ে। বারবার বাছাইপর্বে আটকে যাওয়া জিম্বাবুয়ের দায়িত্ব ২০২৪ সালে নিয়েছেন স্যামন্স। তিনি দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশকে দুইবার টেস্টে হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজও জিতেছে জিম্বাবুয়ে।
বিদায়বেলায় বোর্ড, সাপোর্ট স্টাফ ও খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্যামন্স। গতকাল তিনি বলেন, ‘জিম্বাবুয়ে পুরুষ জাতীয় দলের নেতৃত্ব দেওয়া আমার জন্য অসাধারণ এক অভিজ্ঞতা ছিল। এই সময়ের স্মৃতিগুলো আমি সবসময়ই আনন্দের সঙ্গে মনে রাখব। এই দলের সঙ্গে কাজ করার সুযোগ করে দেওয়ায় জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি জিম্বাবুয়ে ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকেও ধন্যবাদ জানাই।’
শারজায় ১৫৪১ রানের জিম্বাবুয়ে-আফগানিস্তান প্রথম টেস্ট ড্র হয়েছে। এবার দ্বিতীয় টেস্ট হয়ে গেল সিরিজ নির্ধারণী। জিম্বাবুয়ের ৩৩৫ রানের পর আফগানিস্তান ২১৭ রানে অলআউট। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৮৩ রান করেছে জিম্বাবুয়ে। লিডসহ তাদের স্কোর ২০১।









