Ajker Patrika

ভারতীয় ক্রিকেটারের ‘আঘাতে’ স্যান্টনারের সর্বনাশ

ক্রীড়া ডেস্ক    
ভারতীয় ক্রিকেটারের ‘আঘাতে’ স্যান্টনারের সর্বনাশ
শেষ মুহূর্তে চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেলেন মিচেল স্যান্টনার। ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য আগেই দল ঘোষণা করেছিল নিউজিল্যান্ড। তবে শেষ মুহূর্তে চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার মিচেল স্যান্টনার। গত রোববার সিরিজের শেষ ওয়ানডেতে ভারতীয় পেসার অর্শদীপ সিংয়ের বাউন্সারে ডান হাতের হাড় ভেঙে যায় তাঁর। এতে সিরিজে থাকছেন না এই কিউই অলরাউন্ডার।

আজ নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘স্ক্যান রিপোর্টে স্যান্টনারের ডান হাতের হাড় ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। কবে নাগাদ তিনি আবার খেলায় ফিরতে পারবেন, তা নিয়ে কাজ চলছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে তাঁর খেলার সম্ভাবনা সম্পর্কে যথাসময়ে জানানো হবে।’

স্যান্টনারের পরিবর্তে টেস্ট দলে ডাক পেয়েছেন আরেক স্পিন বোলিং অলরাউন্ডার ডিন ফক্সক্রফট। আগামী বৃহস্পতিবার ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শুরু হবে দুই ম্যাচের এই টেস্ট সিরিজ।

রোববার মাউন্ট মাউনগানুইয়ে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাটিং করার সময় চোট পান স্যান্টনার। অর্শদীপ সিংয়ের একটি বাউন্সার সরাসরি তাঁর ডান হাতে আঘাত হানে। পরে স্ক্যান পরীক্ষায় হাড় ভাঙার বিষয়টি নিশ্চিত হয়।

স্যান্টনারের অনুপস্থিতিতে বেসিন রিজার্ভে চারজন বিশেষজ্ঞ পেসার নিয়ে মাঠে নামার কথা বিবেচনা করতে পারে নিউজিল্যান্ড। সে ক্ষেত্রে সাত নম্বরে অলরাউন্ডারের ভূমিকা পালনে এগিয়ে রয়েছেন গ্লেন ফিলিপস।

সাম্প্রতিক এই চোট স্যান্টনারের জন্য বড় ধাক্কা। কারণ, আন্তর্জাতিক ক্রিকেটে মনোযোগ দিতে সম্প্রতি বিগ ব্যাশ লিগের দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের আকর্ষণীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি।

এর আগে নিউজিল্যান্ড হেরাল্ডকে স্যান্টনার বলেছিলেন, ‘সামনে আমাদের যে ব্যস্ত গ্রীষ্মকাল আসছে, তাতে ভারতের বিপক্ষে দেশের মাটিতে সাদা বলের ক্রিকেট ও টেস্ট সিরিজ এবং অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ রয়েছে। এর চেয়ে বড় চ্যালেঞ্জ খুব বেশি নেই। সময়টা বেশ রোমাঞ্চকর। আমি এসবের অংশ হয়ে থাকতে চাই।’

স্যান্টনারের লক্ষ্য এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের আগে সুস্থ হয়ে মাঠে ফেরা। আগামী ৯ ডিসেম্বর পার্থে সিরিজটি শুরু হওয়ার কথা।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য নিউজিল্যান্ড দল:

টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটকিপার), ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, উইল ইয়ং, ডিন ফক্সক্রফট, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ব্লেয়ার টিকনার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত