তাহলে এই কারণে আইপিএল থেকে সরে দাঁড়ালেন হেড

অস্ট্রেলিয়ার ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে আইপিএল ২০২৭ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাভিস হেড। জাতীয় দলের সূচিতে মনোযোগ দিতেই আগামী মৌসুমে খেলবেন না সানরাইজার্স হায়দরাবাদের এই ওপেনার।
ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, হেড ইতিমধ্যে নিজের সিদ্ধান্তের কথা হায়দরাবাদ কর্তৃপক্ষকে জানিয়েছেন। তাঁর অনুপস্থিতিতে আগামী মৌসুমে অভিষেক শর্মার সঙ্গে আর দেখা যাবে না আলোচিত উদ্বোধনী জুটি ট্রাভিশেক। হেডকে ছেড়ে দেওয়ার প্রস্তুতিও নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি।
২০২৭ সালে ঠাসা আন্তর্জাতিক সূচি অপেক্ষা করছে অস্ট্রেলিয়ার জন্য। সে বছর দলটির সামনে রয়েছে ২০টি টেস্ট ম্যাচ। পাশাপাশি আইপিএল শেষ হওয়ার পর জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে দলটির। এরপর জুন থেকে আগস্ট পর্যন্ত অ্যাশেজ সিরিজ এবং অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ।
এমন ব্যস্ত সূচির কথা আগেই জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। গত আগস্টে ক্রিকইনফোকে তিনি বলেছিলেন, অস্ট্রেলিয়ার সামনে ২০২৭ সালে অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেট রয়েছে। তাই খেলোয়াড়দের নিয়ে কিছু সিদ্ধান্ত নিতে হবে।
হেডের সিদ্ধান্তে অবশ্য বড় ধাক্কা খাবে হায়দরাবাদের ব্যাটিং লাইনআপ। ২০২৪ সালে দলটিতে যোগ দেওয়ার পর থেকেই ওপেনিংয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন অস্ট্রেলিয়ান এই ব্যাটার। অভিষেকের সঙ্গে তাঁর জুটি টি-টোয়েন্টি ক্রিকেটে আক্রমণাত্মক ব্যাটিংয়ের নতুন দৃষ্টান্ত তৈরি করেছে।
পরিসংখ্যানেও তাঁদের সাফল্য স্পষ্ট। ৪২ ইনিংসে ১ হাজার ৮৯২ রান করেছেন হেড ও অভিষেক। গড় ৪৬.১৪। তাঁদের রয়েছে ছয়টি শতরানের ও নয়টি অর্ধশতরানের পার্টনারশিপ। হায়দরাবাদের ইতিহাসে রানের হিসাবে তাঁদের চেয়ে এগিয়ে শুধু শিখর ধাওয়ান ও ডেভিড ওয়ার্নারের জুটি। আর অন্তত ১ হাজার রানের জুটি বিবেচনায় আইপিএলের ইতিহাসে রান তোলার গতিতে সবার ওপরে ট্রাভিশেক। তাঁদের রান তোলার হার ওভারপ্রতি ১২.২৭।
২০২৪ সালের নিলামে ৬ কোটি ৮০ লাখ রুপিতে হেডকে দলে নিয়েছিল হায়দরাবাদ। এরপর ৪৩ ম্যাচে ১ হাজার ৩৫১ রান করেছেন তিনি। ৩২.৯৫ গড়ের পাশাপাশি তাঁর স্ট্রাইক রেট ১৭৬.১৪। ২০২৪ মৌসুমে ৫৬৭ রান করে দলকে ফাইনালে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই ওপেনার। যদিও শিরোপার লড়াইয়ে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে যায় হায়দরাবাদ।
হেডকে ছেড়ে দিলে আর্থিকভাবেও লাভবান হবে হায়দরাবাদ। ২০২৫ সালের মেগা নিলামের আগে ১৪ কোটি রুপিতে তাঁকে ধরে রেখেছিল ফ্রাঞ্চাইজিটি। আইপিএল কর্তৃপক্ষ তাঁর ছেড়ে দেওয়ার বিষয়টি অনুমোদন করলে নিলামের বাজেটে যোগ হবে ওই অর্থ। আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় হবে আইপিএল ২০২৭-এর নিলাম।









