নায়ক, মহানায়ক—শামার জোসেফের জন্য কোনো উপাধিই হয়তো যথেষ্ট নয়। ক্রিকেটের রাজকীয় সংস্করণ টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু জোসেফের। সেটাও আবার অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজের পেসার অভিষেকেই করেছেন বাজিমাত।
পেশাদার ক্রিকেটে শামারের পথচলা গত বছরের ফেব্রুয়ারিতে। বার্বাডোজের বিপক্ষে গায়ানার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলা শুরু। ১১ মাসে তিনি যে খুব বেশি ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেটে এসেছেন তা নয়। প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন ৫ ম্যাচ, দুটি করে ম্যাচ খেলেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টিতে। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫ ম্যাচে নেন ২১ উইকেট। লাল বলের ক্রিকেটে ৫ ম্যাচের অভিজ্ঞতা নিয়ে তিনি খেলতে আসেন টেস্ট ক্রিকেট।
অ্যাডিলেড ওভালে গত ১৭ জানুয়ারি সিরিজের প্রথম টেস্ট দিয়েই তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু। শুরু থেকেই তাঁর ম্যাজিক দেখানো শুরু। স্টিভ স্মিথকে ফিরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম উইকেট পেয়েছেন জোসেফ। তাও আবার জোসেফ পেয়েছেন নিজের প্রথম বলে। মারনাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, মিচেল স্টার্ক, নাথান লায়ন—স্মিথের পর অস্ট্রেলিয়ার এই চার ব্যাটারকে ফিরিয়েছেন জোসেফ। তাতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের পেসার পেয়েছেন ৫ উইকেট।
শামারের এই কীর্তি অবশ্য ম্লান হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের ব্যর্থতায়। দ্বিতীয় ইনিংসে মাত্র ২৬ রানের লক্ষ্য দিয়েছিল উইন্ডিজ। সেখানে বোলিং করতে পেরেছেন মাত্র ১০ বল। উইকেট না পেলেও ভয়ংকর এক বাউন্সারে তিনি কাবু করেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজাকে। শুধু বোলিংয়েই নয়, ব্যাটিংয়েও শামার নিজের সাধ্যমত চেষ্টা করেছেন। প্রথম ইনিংসে ৪১ বলে করেছেন ৩৬ রান। দ্বিতীয় ইনিংসে করেছেন ১২ বলে ১৫ রান। তার চেয়েও বড় কথা, কেমার রোচের সঙ্গে দশম উইকেটে ২৬ রানের জুটিতে উইন্ডিজকে ইনিংস পরাজয়ের হাত থেকে বাঁচিয়েছেন জোসেফই।

অ্যাডিলেডের পর ব্রিসবেনের গ্যাবায় গত বৃহস্পতিবার শুরু হয় সিরিজের দ্বিতীয় টেস্ট। সেখানে প্রথম ইনিংসে পেয়েছেন তিনি ১ উইকেট। তার চেয়েও বড় কথা, নিজের দ্বিতীয় ইনিংসে তিনি বোলিং করতে পারবেন কি না—সেই শঙ্কা জেগেছিল। তৃতীয় দিনে মিচেল স্টার্কের ইয়র্কারে পায়ের আঙুলে মারাত্মক ব্যথা পান তিনি। অন্যদিকে চতুর্থ ইনিংসে ব্যাটিং করতে নামা অস্ট্রেলিয়ার লক্ষ্য ছিল ২১৬ রানের। হাতে ৮ উইকেট নিয়ে দরকার ১৫৬ রান—এমন সমীকরণ নিয়ে আজ চতুর্থ দিনে খেলতে নামে অজিরা। অস্ট্রেলিয়া ততক্ষণে ২ উইকেটে করে ফেলে ১১৩ রান। এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার জয় তখন অনেকেই দেখতে পাচ্ছিলেন। কিন্তু ‘পিকচার আভি বাকি হ্যায়’ বলেও যে একটা কথা রয়েছে। ম্যাচের বাঁক বদলানো শুরু হয় জোসেফের হাত ধরেই। ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি—দ্রুত এই চার ব্যাটারকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার ইনিংসে ধস নামান তিনি। যার মধ্যে গ্রিন, হেড, ক্যারি—এই তিন ব্যাটার হয়েছেন বোল্ড আউট। অস্ট্রেলিয়ার স্কোর মুহূর্তেই হয়ে যায় ২ উইকেটে ১১৩ রান থেকে ৬ উইকেটে ১৩৬ রান।
পেন্ডুলামের মতো দুলতে থাকা ব্রিসবেন টেস্ট একবার অস্ট্রেলিয়ার দিকে তো আরেকবার হেলে পড়ছিল ওয়েস্ট ইন্ডিজের দিকে। সপ্তম উইকেটে স্মিথ-মিচেল স্টার্ক গড়েন ৩৫ রানের জুটি। স্টার্ককে ফিরিয়ে থিতু হয়ে যাওয়া জুটি ভেঙে আবার উইন্ডিজকে ম্যাচে ফেরান শামার। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন। স্টার্কের পর শামার ফেরান অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে। রোমাঞ্চে ভরপুর টেস্টে অস্ট্রেলিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছেন শামার। জশ হ্যাজলউডকে বোল্ড করতেই ধারাভাষ্যকক্ষে উত্তেজিত কণ্ঠে উইন্ডিজদের ঐতিহাসিক জয়ের মুহূর্তের বিবরণী দেন ইয়ান স্মিথ। তখন ধারাভাষ্যকক্ষে থাকা ব্রায়ান লারার চোখ ছিল অশ্রুসিক্ত। কারণ ৮ রানের জয়ে ওয়েস্ট ইন্ডিজ প্রায় ২১ বছর পর টেস্টে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে সর্বশেষ ২০০৩ সালের মে মাসে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগার সেন্ট জোন্সে অজিদের দেওয়া ৪১৮ রানের লক্ষ্য তাড়া করে উইন্ডিজ জিতেছিল ৩ উইকেট। সেই দলের অধিনায়ক ছিলেন লারা। ২১ বছর পর এমন রোমাঞ্চে ভরপুর ঐতিহাসিক জয় দেখে লারার আবেগপ্রবণ হওয়াটাই স্বাভাবিক।
একই সঙ্গে অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ওয়েস্ট ইন্ডিজের বহুল প্রতীক্ষিত এক জয়। ১৯৯৭ সালের ফেব্রুয়ারিতে পার্থে অস্ট্রেলিয়াকে ১০ উইকেটে হারিয়েছিল উইন্ডিজ। উইন্ডিজের ঐতিহাসিক জয়ে ম্যাচসেরা ও সিরিজসেরা দুটোই হয়েছেন শামার। ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে নিয়েছেন ৮ উইকেট। যেখানে দ্বিতীয় ইনিংসে ৬৮ রানে নিয়েছেন ৭ উইকেট। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৭.৩০ বোলিং গড়ে নেন ১৩ উইকেট। যদিও তাঁর ক্রিকেটে আসাটা ছিল রূপকথার মতোই। গায়ানার প্রত্যন্ত বারাকারা অঞ্চল থেকে উঠে এসেছেন তিনি। যা গায়ানার কানজে নদী থেকে ২২৫ কিলোমিটার দূরে অবস্থিত। নদীপথে যেতেই লাগে দুই দিন। ইন্টারনেটের সুযোগ সুবিধাও খুব কম। জীবিকার তাগিদে নিরাপত্তাকর্মীর কাজ করতেন। লেবু, পেয়ারার পাশাপাশি টেপ বল দিয়ে বোলিং অনুশীলন করতেন।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে