
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম যেন নিউজিল্যান্ডের কাছে পয়মন্ত ভেন্যু। ২০১২ থেকে শুরু করে এখন পর্যন্ত এই মাঠে যে ৩ টি-টোয়েন্টি খেলেছে, তার প্রত্যেকটিতেই জিতেছে কিউইরা। চেন্নাইয়ে আজ বিশ্বকাপের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ১০ উইকেটে হারিয়ে তছনছ করে দিল রেকর্ড বইয়ের পাতা।
নিউজিল্যান্ডের বেধড়ক পিটুনিতে আজ আমিরাতের বোলাররা চোখে রীতিমতো সর্ষেফুল দেখতে থাকেন। যেভাবে চার-ছক্কা হচ্ছিল, তাতে যে কারও কাছে ম্যাচটা হাইলাইটসও মনে হতে পারে। ১৭৪ রানের লক্ষ্য তাড়া করে ২৮ বল হাতে রেখে ১০ উইকেটে জিতেছে নিউজিল্যান্ড। ৯২ বলে ১৭২ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন দুই কিউই ওপেনার টিম সাইফার্ট ও ফিন অ্যালেন। বিশ্বকাপ ইতিহাসে এটা সর্বোচ্চ রানের জুটি। এর আগের রেকর্ডটা ছিল ইংল্যান্ডের। ২০২২ সালে অ্যাডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ১৭০ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছিলেন ইংল্যান্ডের দুই ওপেনার অ্যালেক্স হেলস ও জস বাটলার।
সাইফার্ট-অ্যালেনের রেকর্ড জুটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই নিয়ে সাতবার ১০ উইকেটে জয়ের ঘটনা ঘটল। নিউজিল্যান্ডের এই দুই ওপেনার ভেঙেছেন আরও এক রেকর্ড। ১৭৪ রান তাড়া করে কোনো উইকেট না হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড নিজেদের করে নিল কিউইরা। এই তালিকায় দুইয়ে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাডিলেডের সেই ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ। সেবার ভারতের দেওয়া ১৬৯ রান তাড়া করে ১০ উইকেটে জিতেছিল ইংলিশরা।
আমিরাতের বিপক্ষে চেন্নাইয়ে আজ ১৭৪ রানের লক্ষ্যে নেমে পাওয়ার প্লের (প্রথম ৬ ওভার) কোনো উইকেট না হারিয়ে করেছে ৭৮ রান। সাইফার্ট-অ্যালেনের একের পর এক বাউন্ডারিতে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছিল আমিরাত। তুলির শেষ আঁচড়টা দিয়েছেন সাইফার্ট। ১৬তম ওভারের দ্বিতীয় বলে আমিরাতের বাঁহাতি পেসার মোহাম্মদ রোহিদকে ছক্কা মেরে কিউইদের ১০ উইকেটের জয় এনে দেন সাইফার্ট। ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন সাইফার্ট। ৪২ বলে ১২ চার ও ৩ ছক্কায় ৮৯ রান করে অপরাজিত থাকেন তিনি। অ্যালেন ৫০ বলে করেছেন ৮৪ রান। পাঁচটি করে চার ও ছক্কা মেরেছেন তিনি।
এর আগে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত খেলেছেন। ইনিংস সর্বোচ্চ ৬৬ রান করেন। ৪৫ বলের ইনিংসে ৪ চার ও ৩ ছক্কা মেরেছেন। আলিশান শারাফু ৫৫ রান করলেও খেলেছেন ৪৭ বল। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে করেছে ১৭৩ রান। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ৪ ওভারে ৩৭ রানে দিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস। যাঁর মধ্যে ফিলিপস ২ ওভারে ৩০ রানে খরচ করেছেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানও এসেছে অ্যালেন-সাইফার্টের বিস্ফোরক ব্যাটিংয়ে। এর আগে এই রেকর্ডটা ছিল কেইন উইলিয়ামসন ও মার্টিন গাপটিলের। ২০১৬ সালে হ্যামিলটনে পাকিস্তানের বিপক্ষে ১৭১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছিলেন তাঁরা (উইলিয়ামসন-গাপটিল)। আর চেন্নাইয়ে এ নিয়ে যে তিন ম্যাচ নিউজিল্যান্ড খেলেছে, তার দুটিই এই বিশ্বকাপে। গত পরশু আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেটে জিতেছিল কিউইরা। এর আগে ২০১২ সালে ভারতকে ১ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড।

কদিন আগে পাকিস্তান সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়া এবং ইনজুরির হানা—সবকিছু পেছনে ফেলে নতুন মন্ত্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানে নামছে অস্ট্রেলিয়া। আয়ারল্যান্ডের বিপক্ষে বুধবার (১১ ফেব্রুয়ারি) নিজেদের প্রথম ম্যাচের আগে অজি অধিনায়ক মিচেল মার্শ জানিয়েছেন, এবারের টুর্নামেন্টে তাদের সাফল্যের
৩২ মিনিট আগে
পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচ শেষ হওয়ার তিন দিন পেরিয়ে গেলেও আলোচনা থেমে নেই। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) বিশ্বকাপ শুরুর প্রথম দিন (৭ ফেব্রুয়ারি) ম্যাচটা শেষ মুহূর্তে জমে উঠেছে বলেই নয়। আলোচনা মূলত এক ডাচ ক্রিকেটারকে নিয়ে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর সামাজিক মাধ্যমে ভারতীয়দের রোষানলে
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রা মাত্র শুরু করেছে শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপ তারা খেলেছে একটি ম্যাচ। এরই মধ্যে বড় ধাক্কা খেল সহ-আয়োজকেরা। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) বিষয়টি নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অচলাবস্থা দূর হয়েছে। টানা কয়েক দিনের আলোচনার পর অবশেষে ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান সরকার। এই সিদ্ধান্তে ক্রিকেটের জয় হয়েছে বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।
৩ ঘণ্টা আগে