Ajker Patrika

২২৮ রানের লিড নিল বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১০: ২৮
২২৮ রানের লিড নিল বাংলাদেশ
৬৫ রানের লড়াকু ইনিংসে বাংলাদেশের লিড বাড়িয়েছেন মিরাজ। ছবি: এএফপি

একপ্রান্ত আগলে রেখে টেল এন্ডারদের সঙ্গে নিয়ে বাংলাদেশের লিড বাড়াচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ। ২০০ ছাড়ানোর পর ২৫০ রানের লিডের দিকে ছুটছিল বাংলাদেশ। কিন্তু মধ্যাহ্ন বিরতি পর মিরাজ ফিরলে আর খুব বেশিক্ষণ টিকে থাকতে পারেনি তারা।

ডারউইন টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ২২৮ রানের লিড নিয়েছে সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে অস্ট্রেলিয়া।

সিরিজ শুরুর আগে ব্যাটিং নিয়ে যে চিন্তা ছিল, ডারউইন টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের সে চিন্তা দূর হয়েছে। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউডদের মতো বিশ্বমানের পেসারদের সামনে দারুণ দৃঢ়তা দেখাল নাজমুল হোসেন শান্তর দল। বড় ইনিংস খেলার পাশাপাশি বিপদে প্রতিরোধ গড়া—এই ইনিংসে সবকিছুই করে দেখিয়েছে বাংলাদেশ।

তানজিদ হাসান তামিম, শান্ত, মুমিনুল হকদের ব্যাটে বড় লিডের ভীত পায় বাংলাদেশ। কম যাননি মিরাজ। টানা দুই সেশন লেজের ব্যাটারদের নিয়ে লড়াকু ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার অপেক্ষা কেবল দীর্ঘই করেছেন তিনি।

সপ্তম উইকেট হাসান মাহমুদের সঙ্গে মিরাজের ৪৬ রানের জুটিতে গতকাল অলআউট হওয়ার হাত থেকে বেঁচে যায় বাংলাদেশ। আজ দিনের শুরুতে হাসান (১৪) ফিরলেও তাইজুলের সঙ্গে ১৮ রানের পর তাসকিনকে নিয়ে ৪৬ রান যোগ করেন মিরাজ। হ্যাজলউডের বলে অ্যালেক্স ক্যারির হাতে ধরা পড়ার আগে ৫ চার ও ১ ছক্কায় ৬৫ রান করেন তিনি।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ইনিংসটা খেলেন তানজিদ। ১০১ রান এনে দেন এই ওপেনার। ৮ চার ও ১ ছক্কায় সাজানো তাঁর ইনিংস। শাহরিয়ার নাফিসের পর দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করা ব্যাটার এখন তানজিদ। সেঞ্চুরির সুযোগ ছিল শান্তর সামনেও। হ্যাজলউডের বলে স্লিপে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে সে সুযোগ হাতছাড়া করেন অধিনায়ক। তাঁর ব্যাট থেকে আসে ৮৪ রান।

শান্তর বিদায়ের পর পরই ফেরেন লিটন দাস ও মুশফিক। চোট কাটিয়ে ফেরা লিটন আউট হন ডাক মেরে। ক্রিজে থিতু হওয়া মুশফিক বড় ইনিংস খেলার সুযোগ হাতছাড়া করেছেন ৩৬ রানে আউট হয়ে। এই তিনজন বিদায় নেন মাত্র ১১ রানের ব্যবধানে। ৩০৮ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর দ্বিতীয় দিনে আর কোনো বিপদ হয়নি মিরাজ-হাসানের প্রতিরোধে। ৩৫১ রান নিয়ে দিনের খেলা শেষ করেন এই দুজন।

আজ ৭৫ রান যোগ করে বাকি ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। অতিথিদের ৬ উইকেটই ঝুলিতে পুরেছেন হ্যাজলউড। ২৮ ওভারে ৩.১৮ ইকোনমিতে ৮৯ রান দেন তিনি। ৭৯ রানে ২ উইকেট নেন মিচেল স্টার্ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত