
১২ বছর পর গতকাল হয়েছে বিপিএলের নিলাম। ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এই নিলামের মূল আকর্ষণ যে নাঈম শেখ, সেটা না বললেও চলছে। ভিত্তিমূল্য ৫০ লাখ টাকার এই ক্রিকেটারকে ১ কোটি ১০ লাখ টাকায় কিনেছে চট্টগ্রাম রয়্যালস। ৯২ লাখ টাকা ও ৭৫ লাখ টাকায় তাওহীদ হৃদয় ও লিটন দাসকে নিয়েছে রংপুর রাইডার্স। তবে রংপুরে ডাক পাওয়া এক ইতালিয়ান ক্রিকেটারকে নিয়ে চলছে আলাপ-আলোচনা।
ইতালির বাঁহাতি ব্যাটার এমিলিও গেকে ১০ হাজার ডলারে কিনেছে রংপুর রাইডার্স। বাংলাদেশি মুদ্রায় সেটা ১২ লাখ ১৭ হাজার টাকা। দামটা বিবেচনায় না-ইবা নেওয়া হলো। পীযুষ চাওলা, দিনেশ চান্দিমাল, চারিথ আসালাঙ্কা, জো ডেনলি, মোহাম্মদ হারিস, সালমান আলী আঘার মতো ক্রিকেটাররা যেখানে অবিক্রীত থেকে গেছেন, সেখানে সহযোগী দেশের এক ক্রিকেটারের দল পেয়ে যাওয়াটা অবাক করার মতোই।
ইতালির হয়ে সর্বসাকল্যে এমিলিও খেলেছেন তিন ম্যাচ। এই তিনটিই টি-টোয়েন্টি। একমাত্র ফিফটি করেছেন স্কটল্যান্ডের বিপক্ষে এ বছরের জুলাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আঞ্চলিক বাছাইপর্বে। ২১ বলে ৬ চার ও ২ ছক্কায় করেছেন ৫০ রান। তাঁর দল ইতালি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে। এই বিশ্বকাপ দিয়েই আইসিসির কোনো ইভেন্টে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে ইউরোপের এই দল। তবে ইতালির পরিচয় না যতটা, সেটার চেয়ে বেশি ইংল্যান্ডের ক্রিকেটার হিসেবে পরিচিতি পেয়েছেন। ইংল্যান্ডের প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেটে তিনি নিয়মিত খেলেন। ২০০০ সালের ১৪ এপ্রিল ইংল্যান্ডের বেডফোর্ডে তাঁর জন্ম।
এমিলিওর মায়ের পরিবার থাকেন ইতালিতে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ গ্রেনাডায় থাকেন তাঁর বাবার পরিবার। মায়ের পরিচয়ের কারণেই আইসিসির নিয়ম অনুযায়ী তিনি ইতালির হয়ে খেলতে পারছেন। কারণ, এখন পর্যন্ত তিনি ইংল্যান্ডের টেস্ট দলে নাম ওঠেনি। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিয়ম অনুযায়ী, কোনো ব্রিটিশ নাগরিক ইংল্যান্ড ছাড়া অন্য কোনো পূর্ণ সদস্যদেশের হয়ে অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে খেললে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করতে পারবেন না। কিন্তু সহযোগী দেশ হলে ভিন্ন কথা।
এক সময় ইংল্যান্ডের হয়ে খেলার জন্য খুব আগ্রহ প্রকাশ করেছিলেন এমিলিও। ব্রিটিশ গণমাধ্যম ‘ডেইলি মেইল স্পোর্টে’ দেওয়া কদিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে ইতালির এই ক্রিকেটার বলেন, ‘ছোটবেলা থেকেই ইংল্যান্ডের হয়ে খেলতে চেয়েছিলাম। তবে বিশ্বকাপে খেলতে পারাটা দারুণ হবে। লুক রাইটকে ফোন দিয়েছিলাম সবকিছু ঠিক আছে কি না। বিশ্বকাপে আমাদের গ্রুপে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ আছে। এই তিনটা দেশই (ইংল্যান্ড, ইতালি, ওয়েস্ট ইন্ডিজ) আমার সঙ্গে জড়িয়ে আছে।’
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপে ইতালি পাচ্ছে বাংলাদেশ, ইংল্যান্ড, নেপাল এবং ওয়েস্ট ইন্ডিজকে। ৯ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে ইতালির পথচলা শুরু হবে। ১২, ১৬ ও ১৯ ফেব্রুয়ারি নেপাল, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইতালি। যার মধ্যে ইতালি-নেপাল ম্যাচ হবে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দুটিও ইতালি খেলবে কলকাতায়।

আর মাত্র এক ম্যাচ। সেই ম্যাচের অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। লিওনেল মেসির বিদায়ী ম্যাচ নিয়েই যে বলা, সেটা অনেকেই অনুমান করতে পেরেছেন। সতীর্থদেরও যেন তর সইছে না এই ম্যাচের জন্য। তাঁকে হাসিমুখে বিদায় দিতে প্রস্তুত পুরো আর্জেন্টিনা।
২৬ মিনিট আগে
জয়ের জন্য দরকার ২ রান, বল বাকি এক। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে এমন সমীকরণের সামনে পড়ে শ্রীলঙ্কা। লিমানসা তিলকরত্নে ২ রান নিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেছেন। মেয়েদের অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৪ উইকেটে হারাল শ্রীলঙ্কা।
১ ঘণ্টা আগে
কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
২ ঘণ্টা আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
২ ঘণ্টা আগে