
আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল হয়েছেন গত সপ্তাহেই। অ্যাডহক কমিটি হলেও এখন তামিমই যে বিসিবি সভাপতি। তাঁকে এবার ধন্যবাদ জানালেন পেশোয়ার জালমির সত্ত্বাধিকারী জাভেদ আফ্রিদি।
তামিমের প্রতি আফ্রিদি কৃতজ্ঞ মূলত শরীফুল ইসলাম ও নাহিদ রানার কারণে। শরীফুল-রানাকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছিল ১২ এপ্রিল পর্যন্ত। পরবর্তীতে পেশোয়ার জালমির অনুরোধে তাঁদের (শরীফুল-রানা) এক ম্যাচ বেশি খেলার অনুমতি দেয় বিসিবি। গত রাতে মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচ খেলে এবারের পিএসএল অভিযান শেষ হয়েছে শরীফুল-রানার। তামিমকে ভাই সম্বোধন করে সামাজিক মাধ্যমে এক পোস্টে আফ্রিদি লিখেছেন, ‘তামিম ভাই। গত দুই ম্যাচে নাহিদ ও শরীফুলকে খেলার সুযোগ দেওয়ায় ধন্যবাদ। জালমি ভক্তরা তাঁদের ওয়ানডে শেষ হওয়ার পরপরই যত তাড়াতাড়ি সম্ভব দলে দেখতে চান। অনেক দোয়া ও ভালোবাসা।’
১৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে হবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। যার মধ্যে ওয়ানডে সিরিজ শেষ হবে ২৩ এপ্রিল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কেবল এক ম্যাচ খেলা রানাকে টি-টোয়েন্টি সিরিজে নেওয়া হয় না বললেই চলে। সেই আশাতেই হয়তো ওয়ানডে সিরিজ শেষে তাঁকে পাওয়ার আশা করছেন জাভেদ আফ্রিদি।
নাহিদ রানা পেশোয়ারের আস্থার প্রতিদান দিয়েছেন দারুণভাবে। ৪ ম্যাচে ৫.৪২ ইকোনমিতে নিয়েছেন ৭ উইকেট। তাঁর সমান ৭ উইকেট পেয়েছেন ইসলামাবাদ ইউনাইটেডের শাদাব খান, কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের আবরার আহমেদ ও রাওয়ালপিন্ডিজের মোহাম্মদ আমির। তবে পাকিস্তানের এই তিন ক্রিকেটার রানার চেয়ে খরুচে বোলিং করেছেন। রানা তাই ৭ উইকেট নিয়েও এবারের পিএসএলে সর্বোচ্চ উইকেটশিকারীতে এখনো সেরা পাঁচে আছেন।
৮ এপ্রিল হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে রানার পিএসএল অভিষেক হয়। সেই ম্যাচে ৩ ওভারে ৩০ রান দিয়েও পাননি কোনো উইকেট। বাংলাদেশের গতিতারকা ঠিক তার পরের ম্যাচ থেকেই আগুন ঝরানো বোলিং শুরু করেন। ৯ এপ্রিল করাচি কিংসের বিপক্ষে ৪ ওভারে ৭ রানে ৩ উইকেট নিয়েছেন। এক ওভার মেডেনও দেন। গতির সঙ্গে বাউন্সার তো ছিলই। এমনকি লেংথের হেরফের করে ব্যাটারদের কাঁপিয়ে দিয়েছেন। পরবর্তীতে লাহোর কালান্দার্স ও মুলতান সুলতানসের বিপক্ষে দুটি করে উইকেট পেয়েছেন। যার মধ্যে গত রাতে মুলতান সুলতানসকে ২৪ রানে হারিয়েছে পেশোয়ার জালমি। এই ম্যাচে ৪ ওভারে ২৪ রানে নিয়েছেন ২ উইকেট।
নাহিদ রানা আজ সকালে দেশে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দুটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘বাড়ি।’ গত রাতে পেশোয়ারের জয়ের রাতে একাদশে ছিলেন শরীফুলও। শেষ ম্যাচে কোনো উইকেট না পেলেও একেবারে খারাপ বোলিং করেননি তিনি। ৫ ম্যাচে ৭.৯৩ ইকোনমিতে পেয়েছেন ২ উইকেট। বাংলাদেশের বাঁহাতি পেসার ফেসবুকে লিখেছেন, ‘জয়ের মাধ্যমে বিদায় নিচ্ছি। পুরোটা সময়ই জালমি ভক্তদের কাছ থেকে অসাধারণ ভালোবাসা পেয়েছি। এখন জাতীয় দলের হয়ে খেলতে হবে।’
এবার পিএসএলে ৬ বাংলাদেশি ক্রিকেটার সুযোগ পেয়েছিলেন। যাঁদের মধ্যে পেশোয়ার জালমিতে ছিলেন শরীফুল, রানা ও তানজিদ হাসান তামিম। লাহোরের হয়ে খেলেছেন মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন এবং রাওয়ালপিন্ডিজ দলে ছিলেন রিশাদ হোসেন। প্রত্যেকেই দেশে ফিরেছেন। এই ছয় ক্রিকেটারের মধ্যে একমাত্র তানজিদ তামিমের কোনো ম্যাচ খেলার সুযোগ মেলেনি পিএসএলে।
| বোলার | দল | ইনিংস | উইকেট | ইকোনমি |
|---|---|---|---|---|
| সুফিয়ান মুকিম | পেশোয়ার জালমি | ৫ | ১৩ | ৬.৪৫ |
| শাহিন শাহ আফ্রিদি | লাহোর কালান্দার্স | ৫ | ১০ | ৬.৭৭ |
| ইফতিখার আহমেদ | পেশোয়ার জালমি | ৪ | ৯ | ৬.৩২ |
| হাসান আলী | করাচি কিংস | ৪ | ৯ | ৭.৩৭ |
| নাহিদ রানা | পেশোয়ার জালমি | ৪ | ৭ | ৫.৪২ |

২০২২ সালের ৪ মার্চ না ফেরার দেশে চলে যান শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনারের মৃত্যুর চার বছর পেরিয়ে গেলেও আলোচনা এখনো শেষ হয়নি। তাঁর মৃত্যু নিয়ে শোনা যাচ্ছে একের পর এক রহস্যময় তথ্য। অজি কিংবদন্তি লেগস্পিনারের ছেলে এবার বিস্ফোরক অভিযোগ করেছেন।
১৯ মিনিট আগে
আর্জেন্টিনায় ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুকে ঘিরে নতুন করে বিচার শুরু হয়েছে। আজ থেকে শুরু হওয়া এই বিচারটি আগের মামলার এক বছর পর হতে হচ্ছে, যা বিচারকের এক কেলেঙ্কারির কারণে ভেঙে গিয়েছিল।
১ ঘণ্টা আগে
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে আইপিএলে খেলতে যান ব্লেজিং মুজারাবানি। সেটার শাস্তি পেয়েছেন তিনি। জিম্বাবুয়ের এই ক্রিকেটারকে দুই বছর নিষিদ্ধ করা হয়েছে পিএসএল থেকে।
২ ঘণ্টা আগে
নিজেদের সবশেষ চার ম্যাচের চারটিতে হেরেছে ঘানা ফুটবল দল। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা কোচ অটো আদ্দোকে বরখাস্ত করা হয় মার্চের শেষে। আদ্দো বরখাস্ত হওয়ার দুই সপ্তাহ পর নতুন কোচ নিয়োগ দিল ঘানা। নতুন এই কোচের ইউরোপীয় ফুটবলের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে।
৩ ঘণ্টা আগে