Ajker Patrika

ভারতের কাছে হেরে জ্যোতি বললেন, এটা স্বাভাবিক বিষয়

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ভারতের কাছে হেরে জ্যোতি বললেন, এটা স্বাভাবিক বিষয়
নিগার সুলতানা জ্যোতি। ছবি: সংগৃহীত

আরও একবার ব্যাটিং ব্যর্থতার সাক্ষী ভক্ত-সমর্থকেরা। এশিয়ান গেমসের নারী ক্রিকেটের সেমিফাইনালে ভারতের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটাররা। হারমানপ্রীত কৌরের দলের কাছে ১১৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে তারা।

ভারতের করা ১৯৫ রানের জবাবে মাত্র ৮১ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ। এমন বাজে হারের পর কাঠগড়ায় ব্যাটাররা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি অবশ্য ব্যাটিং বিপর্যয়কে স্বাভাবিক বিষয় হিসেবেই দেখছেন। তাঁর মতে, রান পাহাড়ে চাপা পড়লে এমন কিছু হয়েই থাকে।

ভারতের কাছে হারের পর জ্যোতি বলেন, ‘যখন এত রানের তাড়া থাকে, তখন এ রকম ব্যাটিং বিপর্যয় হয়, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু আমার কাছে মনে হয়, আরেকটু ভালো বোলিং করলে হয়তোবা আরও কিছু কম রান হতো। ভারতের সঙ্গে আমাদের পার্থক্য অনেক বেশি। তবে আমাদের আরও ভালো খেলা উচিত ছিল।’

পরিস্থিতি বিবেচনায় স্বাভাবিক বললেও ব্যাটারদের ঘাড়ে দায় চাপাচ্ছেন জ্যোতি, ‘যেখানে এত অল্প রানে একটা টিম কলাপস করে, সেখানে আসলে আমরা ব্যাটাররা কোনো দায়িত্বই নিতে পারিনি।’

এশিয়ান গেমসের পর আর বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নেতৃত্বে দেখা যাবে না জ্যোতিকে। ব্যাটিং এবং কিপিংয়ে মনোযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আবারও তেমন কিছুই বললেন জ্যোতি, ‘আমার কাছে মনে হয় একজন ব্যাটার এবং একজন ক্রিকেটার হিসেবে দেশকে বা দলকে আরও অনেক কিছু দেওয়ার আছে। তাই আমি সেদিকে একটু মনোযোগ দিতে চাচ্ছি, এজন্যই এই ডিসিশন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত