Ajker Patrika

আজও কি পাকিস্তানকে ডোবাবে বৃষ্টি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ২৩
আজও কি পাকিস্তানকে ডোবাবে বৃষ্টি
পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছবি: ক্রিকইনফো

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের খেলতে হচ্ছে আবহাওয়ার সঙ্গেও। ভারতে কোনো ম্যাচ খেলবে না বলে বিশ্বকাপে পাকিস্তানের সব ম্যাচ রাখা হয়েছে শ্রীলঙ্কায়। দ্বীপ দেশে হুটহাট করে বৃষ্টি নামায় মাঠে নামতে পারবে কি না, সেই দুশ্চিন্তায় তটস্থ সালমান আলী আগা-বাবর আজমরা।

কলম্বোর প্রেমাদাসায় ২১ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হওয়ার কথা ছিল সুপার এইট পর্ব। সেই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। তবে বৃষ্টির বাগড়ায় সেই ম্যাচে একটা বলও মাঠে গড়াতে পারেনি। আজ যদি ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়, তাহলে খাদের কিনারায় চলে যাবে পাকিস্তান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী পাল্লেকেলেতে আজ বৃষ্টির সম্ভাবনা ২৫ শতাংশ। বজ্রবৃষ্টির সম্ভাবনা ৬ শতাংশ।

সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমে আসবে। রাতে বৃষ্টির সম্ভাবনা কমে ২ শতাংশ হবে। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হওয়া পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচে বৃষ্টি বাগড়া দেওয়ার সম্ভাবনা খুবই কম। পুরোপুরি পরিত্যক্ত না হলেও বড়জোর ডাকওয়ার্থ লুইস এন্ড স্টার্ন (ডিএলএস) মেথডে ম্যাচের ফল আসতে পারে। যদি এই ম্যাচ বৃষ্টি ভাসিয়ে নেয়, তাহলে পাকিস্তানের পয়েন্ট হবে ২। ইংল্যান্ডের হবে ৩ পয়েন্ট। গ্রুপের অপর দুই দল নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার পয়েন্ট ১ ও ০।

পাকিস্তানের দুটি ম্যাচ বৃষ্টিতে ভাসিয়ে নিলে ২ পয়েন্ট পেলেও তাদের নেট রানরেট থাকবে শূন্য। নিউজিল্যান্ডের নেট রানরেট এখনো শূন্য। কিন্তু সুপার এইটের দ্বিতীয় গ্রুপে এই মুহূর্তে সবচেয়ে সুবিধাজনক অবস্থায় ইংল্যান্ড। পাল্লেকেলেতে গত পরশু শ্রীলঙ্কাকে ৫১ রানে হারিয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ড ও শ্রীলঙ্কার নেট রানরেট ‍+২.৫৫ ও -২.৫৫। তখন শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের ম্যাচটি তো জিততে হবেই। এমনকি সালমানের দলকে নেট রানরেটের হিসাব ও অন্যান্য ম্যাচের ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। পাল্লেকেলেতে ২৮ ফেব্রুয়ারি মাঠে গড়াবে শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ।

শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ানোর আগে নিউজিল্যান্ডের দুটি ম্যাচ রয়েছে। কলম্বোর প্রেমাদাসায় আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচ। একই মাঠে ২৭ ফেব্রুয়ারি ইংল্যান্ডের মুখোমুখি হবে কিউইরা। পাকিস্তান যদি এখন তাদের হাতে থাকা ইংল্যান্ড-শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ম্যাচই জেতে, তাহলে সমীকরণ ছাড়াই সেমিফাইনালের টিকিট কাটবে।

পাল্লেকেলেতে এর আগে গ্রুপ পর্বের জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচে বৃষ্টির বাগড়ায় একটা বলও মাঠে গড়ায়নি। তখন জিম্বাবুয়ে সুপার এইটের টিকিট কাটলেও অজিদের গ্রুপ পর্বেই বিদায়ঘণ্টা বেজে যায়। এই মাঠে গত পরশু সুপার এইটে শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচে বৃষ্টির শঙ্কা থাকলেও দিনশেষে ম্যাচ মাঠে গড়িয়েছে। আর ভারতে বৃষ্টি বাগড়া দিয়েছিল একটি ম্যাচেই। দিল্লিতে ১৮ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা-সংযুক্ত আরব আমিরাত ম্যাচে বৃষ্টি হলেও তা ম্যাচের ফল নির্ধারণে বাধা হয়ে দাঁড়ায়নি। দরকার পড়েনি ডিএলএস মেথডেরও। সেই ম্যাচে আমিরাতকে ৬ উইকেটে হারিয়েছিল প্রোটিয়ারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত