Ajker Patrika

অস্ট্রেলিয়ার ক্রিকেটারের অবনতি, মুশফিক-লিটনের উন্নতি

ক্রীড়া ডেস্ক    
অস্ট্রেলিয়ার ক্রিকেটারের অবনতি, মুশফিক-লিটনের উন্নতি
গলে দারুণ খেলতে খেলতেই সুখবর পেয়েছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। ছবি: ক্রিকইনফো

শ্রীলঙ্কার গল স্টেডিয়াম যেন মুশফিকুর রহিমের জন্য পয়মন্ত ভেন্যু। টেস্টে তাঁর তিন ডাবল সেঞ্চুরির একটি হয়েছে এই মাঠে। গলে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজের প্রথম টেস্টেও রানের বন্যা বইয়ে দিচ্ছেন তিনি। এমন সময় আইসিসির সুখবর পেয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার।

গলে গতকাল প্রথম দিনে ব্যাটিংয়ে নেমে এখন পর্যন্ত ৩২৫ বল খেলেছেন মুশফিক। আজ দ্বিতীয় দিনে বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ১৫৯ রান করেছেন তিনি। এই সময়ই সাপ্তাহিক র‍্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আইসিসি। সেখানে দেখা গেছে, টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে মুশফিক এখন ৩৯ নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৫৬৯।

বিপদে পড়া বাংলাদেশ গলে উদ্ধার হয়েছে মুশফিকের কল্যাণেই। ৪৫ রানে ৩ উইকেট পড়ার পর চতুর্থ উইকেটে ৪৮০ বলে ২৬৪ রানের জুটি গড়েছেন মুশফিক ও শান্ত। শান্তর পর লিটনের সঙ্গে জুটি বেঁধে সেঞ্চুরি পার করেছেন মুশফিক। পঞ্চম উইকেটে মুশফিক-লিটন এরই মধ্যে ২০৫ বলে ১১৪ রানের জুটি গড়েছেন। মুশফিকের মতো লিটনও আইসিসি র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন। টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৩৭ নম্বরে অবস্থান করছেন লিটন। তাঁর রেটিং পয়েন্ট ৫৭১। সমান ৫৭১ রেটিং পয়েন্ট নিয়ে লিটনের সঙ্গে যৌথভাবে ৩৭ নম্বরে ইংল্যান্ডের জনি বেয়ারস্টো। ইংল্যান্ডের ব্যাটারও এগিয়েছেন এক ধাপ।

মুশফিক, লিটন, বেয়ারস্টো এক ধাপ করে এগিয়েছেন মূলত অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনের অবনতিতে। টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে আট ধাপ পিছিয়ে ৪০ নম্বরে নেমে গেছেন গ্রিন। লর্ডসে কদিন আগে শেষ হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে করেন ৪ রান। তবে দ্বিতীয় ইনিংসে রানের খাতা খুলতে পারেননি। সমান ৫৫৪ রেটিং পয়েন্ট নিয়ে গ্রিনের সঙ্গে যৌথভাবে ৪০ নম্বরে দক্ষিণ আফ্রিকার ডেভিড বেডিংহাম। লর্ডসে প্রোটিয়াদের শিরোপা জয়ে অসাধারণ অবদান (৪৫ ও ২১*) রাখেন বেডিংহাম।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার পর বেডিংহামের মতো দক্ষিণ আফ্রিকার অন্যান্য ক্রিকেটারদেরও র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন এইডেন মার্করাম। তাঁর রেটিং পয়েন্ট ৭২৩। লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দ্বিতীয় ইনিংসে ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে আরেক প্রোটিয়া ক্রিকেটার কাইল ভেরেইনে এখন ২৪ নম্বরে। ৮৮৮ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে জো রুট।

টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই ২ ও ৭ নম্বরে অবস্থান করছেন দুই প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেন। রাবাদা ও ইয়ানসেনের রেটিং পয়েন্ট ৮৬৮ ও ৭৮৩। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে রাবাদা নিয়েছেন ৯ উইকেট।

৮৪৭ রেটিং পয়েন্ট নিয়ে কামিন্স টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই দুইয়ে আছেন। তবে এক ধাপ করে পিছিয়েছেন তাঁর দুই সতীর্থ জশ হ্যাজলউড ও নাথান লায়ন। হ্যাজলউড ও লায়ন অবস্থান করছেন পাঁচ ও ছয় নম্বরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত