
২০২৩ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলতে বাংলাদেশ দল তখন পুনেতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগের দিন দুপুরে একটি শপিং মলে এই প্রতিবেদকের সঙ্গে দেখা মাহমুদউল্লাহর। দেখা হতেই স্বভাবসুলভ মুচকি হাসলেন।
একটা প্রশ্ন ছিল আপনার কাছে, কাল কি ঘোষণা-টোষণা কিছু দেবেন? শুনে মাহমুদউল্লাহ রহস্যের হাসি হাসলেন। কিন্তু ক্রিকেটীয় যুক্তি আর দলীয় সূত্র মিলে যা বোঝা গেল, পুনেতে কোনো অবসর ঘোষণা আসবে না তাঁর কাছ থেকে। তবে ওয়ানডে বিশ্বকাপে ওটাই তাঁর শেষ ম্যাচ, তিনি নিজেই আইসিসির এক ভিডিও চিত্রে জানিয়েছিলেন। ২০২৩ সালে মার্চের পর টানা ৬ মাস ছিলেন বাংলাদেশ দলের বাইরে। ১৮ বছরের দীর্ঘ ক্যারিয়ারে তাঁকে এ রকম উত্থান-পতনের মধ্য দিয়েই যেতে হয়েছে। পছন্দের ব্যাটিং পজিশনও সব সময় মেলেনি। তবু কখনো হাল ছাড়েননি, বাতাস গরম করা কথাবার্তা বলেননি, কোনো ভিডিও বার্তা দেন, কারও কাছে অভিযোগও করেননি। নিজের যে কাজ, সেটাই শুধু চুপচাপ করে গেছেন। হাবিবুল বাশার সুমন আজকের পত্রিকায় লেখা তাঁর কলামে যথার্থ বলেছেন, ‘মাহমুদউল্লাহর অন্যতম বড় গুণ ছিল, তার নীরবতা, সবকিছু থেকে নীরব থাকা।’ ঠিক যেন আবুল হাসানের কবিতার মতো, ‘ঝিনুক নীরবে সহো/ ঝিনুক নীরবে সহো/ ঝিনুক নীরবে সহে যাও/ভিতরে বিষের বালি, মুখ বুঁজে মুক্তা ফলাও!’
কঠোর পরিশ্রম করেছেন, ভালো পারফর্ম করে বীরদর্পে আবার ফিরে এসেছেন। ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ ভালো করতে পারেনি, তবু তাঁর পারফরম্যান্স ছিল দুর্দান্ত। বাংলাদেশ ক্রিকেটে এমনিতে কেউ দলের বাইরে থাকলে তাঁর একটা ‘হিরো-ইমেজ’ তৈরি হয়। মাহমুদউল্লাহ ২০২৩ বিশ্বকাপে অসাধারণ খেলার কারণে দেশের ক্রিকেটপ্রেমীদের কাছে আরও বড় ‘হিরো’ হয়ে গেলেন। তবে মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরির পর সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘অনেক কিছুই হয়তো বলার আছে।’ সেই অনেক কিছু আর মুখে প্রকাশ করেননি মাহমুদউল্লাহ।
বাংলাদেশের ক্রিকেট সমর্থকেরা খুব বেশি দিন কাউকে মাথায় তুলে রাখতে পছন্দ করেন না। কদিন আগে চ্যাম্পিয়নস ট্রফির এক ম্যাচে ভালো না খেলতেই ধুম করে তাঁকে মাটিতে আছড়ে ফেলা হলো। শুধু তা-ই নয়, ৪০ ছুঁই ছুঁই মাহমুদউল্লাহ কেন আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাচ্ছেন, কেন তরুণদের জায়গা দিচ্ছেন না, অবসর নেবেন কবে—এ রকম আলোচনা, সমালোচনার ঝড় উঠল চারদিকে। অথচ মাহমুদউল্লাহ চ্যাম্পিয়নস ট্রফির আগের চার ওয়ানডেতেই ফিফটি করেছেন। এর মধ্যে দুটি ইনিংস ছিল ৮০ পেরোনো।
সমালোচনার ঝড়ে বিপর্যস্ত ভায়রা মুশফিকুর রহিম ওয়ানডে থেকে বিদায় ঘোষণার পর মাহমুদউল্লাহ বিসিবিকে অনুরোধ করেছিলেন, তাঁকেও যেন কেন্দ্রীয় চুক্তিতে না রাখা হয়। তাতেই বোঝা যাচ্ছিল, আন্তর্জাতিক ক্রিকেট থেকে যেকোনো সময় অবসর ঘোষণা দিতে পারেন মাহমুদউল্লাহও। সেটিই কাল রাতে দিলেন।
যে কজন ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেটকে অন্যভাবে ব্র্যান্ডিং করেছেন, মাহমুদউল্লাহ তাঁদের একজন। বড় মঞ্চে জ্বলে ওঠার একাধিক কীর্তি আছে তাঁর। ওয়ানডেতে যে চারটি সেঞ্চুরি করেছেন, চারটিই আইসিসির টুর্নামেন্টে। মাহমুদউল্লাহকে বিশেষভাবে মনে রাখতে হবে ২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে সেই অসাধারণ সেঞ্চুরি, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে কার্ডিফে চরম বিপর্যয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরিটাও জ্বলজ্বল করে দেশের ক্রিকেট আর্কাইভে। কলম্বোয় ২০১৮ নিদাহাস ট্রফিতে বাংলাদেশ ফাইনালে উঠেছিল মাহমুদউল্লাহর ১৮ বলে অপরাজিত ৪৩ রানের দুর্দান্ত এক ইনিংসে ভর করে।
দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়া মাহমুদউল্লাহর বিদায়বেলায় কি একটু অতৃপ্তি থেকে গেল? কাল অবসর ঘোষণায় তিনি লিখেছেন, ‘সবকিছুর শেষ মনমতো হয় না। তবে ‘হ্যাঁ’ বলে এগিয়ে যাওয়াটা উচিত। শান্তি...আলহামদুলিল্লাহ।’
যত বড় খেলোয়াড়ই হোন না কেন, বাংলাদেশ ক্রিকেটে মাঠ থেকে বিদায় নেওয়ার সুযোগ কমই মেলে। হাবিবুল বাশার সুমন, মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম কিংবা মাহমুদউল্লাহ—কারও সুযোগ হয়নি মাঠ থেকে রাজসিক বিদায় নেওয়ার। সবারই বিদায়বেলায় কমবেশি বেজেছে আফসোসের সুর।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৪ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৫ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৬ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৬ ঘণ্টা আগে