Ajker Patrika

বাংলাদেশের বিশ্বকাপ জয়ের মাঠে ডাবল সেঞ্চুরি করে হৃদয়ের আবেগঘন পোস্ট

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৪০
বাংলাদেশের বিশ্বকাপ জয়ের মাঠে ডাবল সেঞ্চুরি করে  হৃদয়ের আবেগঘন পোস্ট
বাংলাদেশের বিশ্বকাপ জয়ের মাঠে ডাবল সেঞ্চুরির পর তাওহীদ হৃদয়ের উদযাপন। ছবি: ফেসবুক

বলটা সীমানার দড়ি স্পর্শ করতেই শুরু তাওহীদ হৃদয়ের উদযাপন। ডাবল সেঞ্চুরি বলে কথা। সেটাও যদি হয় বাংলাদেশের স্মৃতিবিজড়িত মাঠে, তা হলে তো বাঁধভাঙা উচ্ছ্বাস থাকাটাই স্বাভাবিক। পচেফস্ট্র্রুমে সেঞ্চুরির পর ২৫ বছর বয়সী এই মিডল অর্ডার ব্যাটার সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

হৃদয়ের ডাবল সেঞ্চুরির ভেন্যু কেন বাংলাদেশের জন্য স্মৃতিবিজড়িত, সেটা কারও অজানা থাকার কথা নয়। পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কেই ২০২০ সালে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। সেবার তানজিদ হাসান তামিম-শরীফুল ইসলাম-মাহমুদুল হাসান জয়দের সঙ্গে উদযাপন করেছিলেন হৃদয়। ৬ বছর পর সেই মাঠে ফিরে হৃদয় তাঁর প্রথম শ্রেণির ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিলেন।

সেঞ্চুরির পর হেলমেট খুলে ব্যাট উঁচিয়ে উদযাপন করার সময় তাঁর চোখেমুখে দেখা গেছে খুশির ঝিলিক। হাস্যোজ্জ্বল চেহারার ছবি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার লাল বলের প্রথম শ্রেণির ক্রিকেট শুরু হয়েছিল জন্মস্থান বগুড়া থেকে। আজকে যে মাঠে ২০০ করলাম আল্লাহর রহমতে, এই মাঠেই আমরা বিশ্বজয় করছিলাম ২০২০ সালে। সব কিছুর জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা।’

দক্ষিণ আফ্রিকা সফরে এবার হৃদয় গেলেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক হয়ে। হৃদয়ের নেতৃত্বাধীন এই দলে আছেন জয়, পারভেজ হোসেন ইমন, হাসান মুরাদরা। গত ২৮ আগস্ট আগে সতীর্থদের সঙ্গে হৃদয় ছবি তুলেছিলেন সেনওয়েস পার্কের সামনে। ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘এই সেই মাঠ যেখানে রচিত হয়েছিলো বাংলাদেশের একমাত্র বিশ্বকাপ (২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ) জয়ের ইতিহাস। আবারও সেই মাঠে আসার অনুভূতি কখনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচে খেলেননি হৃদয়। প্রিটোরিয়ায় অনুষ্ঠিত সেই চার দিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল হেরেছিল ইনিংস ও ৪১৩ রানে। সেই ম্যাচে সফরকারী দলের অধিনায়ক ছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। এবার হৃদয় ‘এ’ দলের অধিনায়ক হয়ে ডাবল সেঞ্চুরি করলেও তাঁর স্মৃতিতে সেনওয়েস পার্কে ২০২০ সালে বিশ্বকাপ জয়ের স্মৃতি অমলিন। সামাজিক মাধ্যমে তাঁর একের পর এক পোস্টে সেটা স্পষ্ট হয়ে উঠেছে।

হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ড্রয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছে বাংলাদেশ ‘এ’। দ্বিতীয় চার দিনের ম্যাচে গতকাল তিন দিনের খেলা শেষে বাংলাদেশ ‘এ’ দল করেছে ৬ উইকেটে ৪৭১ রান। অধিনায়ক হৃদয় ৩৩৯ বলে ২২ চার ও ১ ছক্কায় ২০৪ রান করে অপরাজিত। সফরকারীরা কেবল পিছিয়ে ৪১ রানে। টস হেরে আগে ব্যাটিং পাওয়া দক্ষিণ আফ্রিকা ‘এ’ ৫১২ রানে গুটিয়ে গিয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত