Ajker Patrika

এখনো অনেক কিছু বাকি, নেপাল থেকে সাকিবরা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১৩: ০০
এখনো অনেক কিছু বাকি, নেপাল থেকে সাকিবরা
নেপাল প্রিমিয়ার লিগে সাকিব আল হাসান ও শেখ মেহেদী হাসান। ছবি: ফেসবুক

নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) শুরুটা ভালো হয়নি দুই বাংলাদেশি তারকা সাকিব আল হাসান-শেখ মেহেদী হাসানের। জেতা তো দূরে থাক, তাঁদের দল পোখারা অ্যাভেঞ্জার্স ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। তবে এখনো সব কিছু শেষ হয়ে যায়নি বলে মনে করেন মেহেদী।

কীর্তিপুরে গতকাল সুদূর পশ্চিম রয়্যালসের বিপক্ষে আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১৪৫ রানে আটকে যায় পোখারা। জবাবে ১৯ বল হাতে রেখে ৭ উইকেটের জয় নিশ্চিত করে সুদূর পশ্চিম রয়্যালস। তাতে নেট রানরেট -১.৫৪২ হয়ে যায় সাকিবদের। ৮ দলের মধ্যে পয়েন্ট টেবিলে সাত নম্বরে পোখারা। ম্যাচ শেষে গত রাতে ফেসবুকে এক পোস্টে মেহেদী লিখেছেন, ‘ইনশা আল্লাহ, সামনে আরও অনেক ভালো কিছু অপেক্ষা করছে।’

২০২৪ সালের অক্টোবরের পর থেকে বাংলাদেশের জার্সিতে খেলতে পারছেন না সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে না পারলেও একেবারে ক্রিকেট থেকে বিচ্ছিন্ন নন তিনি। পাকিস্তান সুপার লিগ (পিএসএল), লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), এনপিএলে খেলছেন সাকিব। গত রাতে দারুণ এক বুদ্ধিমত্তার প্রমাণ দিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। সাকিবের আবেদনের পর বাংলাদেশের আম্পায়ার মাসুদুর রহমান মুকুল সাড়া দেননি। রিভিউ নিয়ে সুদূর পশ্চিম রয়্যালসের ব্র্যান্ডন ম্যাকমুলেনকে এলবিডব্লিউ করেন সাকিব।

কীর্তিপুরে গতকাল সাকিবের সঙ্গে ফেসবুকে একটা ছবি পোস্ট করেছেন মেহেদী। ক্যাপশনে মেহেদী লিখেছেন, ‘সাকিব আল হাসান ভাইয়ের সঙ্গে মাঠ ভাগাভাগি করতে পারাটা সবসময়ই আনন্দের। প্রত্যেক মুহূর্তই শেখার আছে। আরও উন্নতির পাশাপাশি একজন ভালো ক্রিকেটার হয়ে ওঠার সুযোগ। তাঁর কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে নিজেকে আরও সুন্দর করার সুযোগ পাই।’

পোখারা অ্যাভেঞ্জার্স-সুদূর পশ্চিম রয়্যালস ম্যাচের মাঝে মুকুলের সঙ্গে কথা বলতে দেখা গেছে সাকিবকে। লিগ পর্বে প্রত্যেকে সাতটি করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। সাকিব-মেহেদীদের পরের ম্যাচ ১ নভেম্বর। কীর্তিপুরে সেদিন বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে শুরু হবে পোখারা অ্যাভেঞ্জার্স-জনকপুর বোল্টস ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত