রেকর্ড ডাবল সেঞ্চুরিতে মুশফিক-লিটনদের ছাড়িয়ে গেলেন মোসাদ্দেক

এবারের জাতীয় ক্রিকেট লিগ যেন মোসাদ্দেক হোসেন সৈকতের কাছে রেকর্ড গড়ার মঞ্চ। টানা দুইবার সেঞ্চুরি তো করেছেন। উপরন্তু সেটাকে ডাবল সেঞ্চুরিতে পরিণত করেছেন তিনি। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এখন সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির কীর্তি এখন মোসাদ্দেকের। তাতে পেছনে পড়ে গেছেন মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহীদ হৃদয়রা।
রাজশাহীর বিপক্ষে গতকাল এনসিএলের সপ্তম রাউন্ডের প্রথম দিনেই সেঞ্চুরি তুলে নিয়েছিলেন মোসাদ্দেক। সিলেট একাডেমি মাঠে রাজশাহীর বিপক্ষে ১৩৭ রান করে অপরাজিত ছিলেন। আজ সেটাকে ডাবলে রূপ দিলেন ময়মনসিংহের এই ব্যাটার। প্রথম শ্রেণির ক্রিকেটে এখন পর্যন্ত চারটি ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে লাল বলের ক্রিকেটে সর্বোচ্চ ডাবল সেঞ্চুরি এখন তাঁরই। এই তালিকায় যৌথভাবে দুইয়ে লিটন, মুশফিক, অমিত হাসান, রনি তালুকদার, তুষার ইমরান, লিটন, অলক কাপালি ও হৃদয়। তাঁরা প্রত্যেকেই প্রথম শ্রেণির ক্রিকেটে তিনটি করে ডাবল সেঞ্চুরি করেছেন।
প্রথম ইনিংসে আজ ৮২ ওভারে ৭ উইকেটে ৩০৯ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ময়মনসিংহ। দ্বিতীয় দিনে তারা ব্যাটিং করেছে ১৬৪ বল। ১০৪.২ ওভারে
৯ উইকেটে ৪৪০ রানে ইনিংস ঘোষণা করে। মোসাদ্দেকের ব্যাট থেকে আসে ২২০ রান। জবাবে ৩ উইকেটে ১৭৮ রান তুলে দিনের খেলা শেষ করেছ রাজশাহী। দলটির ওপেনার হাবিবুর রহমান সোহান আউট হয়েছেন নার্ভাস নাইন্টিতে। ৯৩ রান করেই ড্রেসিংরুমের পথ ধরেছেন তিনি।
সেঞ্চুরি এসেছে অমিত হাসান, আশিকুর রহমান শিবলির ব্যাট থেকেও। যার মধ্যে অমিতের সিলেটের বিপক্ষে প্রথম ইনিংসে ৭৬ ওভারে ৬ উইকেটে ২০৩ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বরিশাল। দ্বিতীয় দিনে মাত্র ২৫ রান যোগ করতেই শেষ ৪ উইকেট হারায় বরিশাল। দলের ২২৮ রানের মধ্যে সর্বোচ্চ ৭৯ রান আসে ফজলে মাহমুদ রাব্বির ব্যাট থেকে। জবাবে ৪ উইকেটে ২৩৯ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে সিলেট। অমিত ১৪৯ বলে ৯ চার ও ১ ছক্কায় ১০১ রান করে আউট হয়েছেন। তিনি দলটির অধিনায়কও।
রাজশাহীতে তিন অঙ্ক তুলে নিয়েছেন ঢাকার ব্যাটার আশিকুর রহমান শিবলি। বিনা উইকেটে ২৪ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে ঢাকা ৮ উইকেটে ২৮২ রানে দিন পার করেছে। শিবলি করেছেন ১০৫ রান। এর আগে প্রথম ইনিংসে চট্টগ্রাম ২৮৮ রানে অলআউট হয়েছে।









