Ajker Patrika

মেসির বিদায়ে দি মারিয়ার আবেগঘন বার্তা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১৫: ০৫
মেসির বিদায়ে দি মারিয়ার আবেগঘন বার্তা
২০২৪ সালে আনহেল দি মারিয়া আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। লিওনেল মেসি নিয়েছেন আজ। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা তো বটেই, পুরো ফুটবল বিশ্ব এখন কাঁদছে। রেকর্ডের বরপুত্র লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। এনসো ফের্নান্দেস তো মেসির বিদায়ী ভাষণের সময় কেঁদেই ফেলেছেন। দীর্ঘদিনের বন্ধু আনহেল দি মারিয়া আবেগঘন বার্তা দিয়েছেন মেসিকে নিয়ে।

মনুমেন্তালে আজ বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত আর্জেন্টিনা-বেনিন ম্যাচের শেষ বাঁশি বাজতেই গল্প শেষ মেসির। বন্ধু মেসির আন্তর্জাতিক ফুটবলে শেষ ম্যাচ মাঠে বসে দেখেছেন দি মারিয়া। মেসি যে বিদায়ী ভাষণ দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন, সেটা তাঁকে (দি মারিয়া) আরও বেশি আবেগতাড়িত করে তুলেছে।

ইনস্টাগ্রামে মেসির সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন দি মারিয়া। ক্যাপশনে দি মারিয়া লিখেছেন, ‘তোমার প্রজন্মের ফুটবলার হতে পেরে এবং এত বছর ধরে তোমাকে ফুটবল খেলতে দেখতে পেরেছি বলে নিজেকে সৌভাগ্যবান মনে করি। আজ তুমি এমন এক অধ্যায়ের সমাপ্তি ঘটিয়েছ, যে অধ্যায় তুমি শেষ করার ইচ্ছা প্রকাশ করেছ, তা কখনো কোনো আর্জেন্টাইন শুনতেই চাননি। কিন্তু সেই দিনটি এসে গেছে।’

২০২২ ফুটবল বিশ্বকাপ জিতে মেসি তাঁর আজন্মলালিত স্বপ্নপূরণ করেছেন। এছাড়া জিতেছেন ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২৪ কোপা আমেরিকা। দীর্ঘদিনের বন্ধু মেসির সঙ্গে আন্তর্জাতিক ফুটবলে এসব শিরোপা জয়ের সৌভাগ্য হয়েছে দি মারিয়ার। ২০২২ ফুটবল বিশ্বকাপের ধ্রুপদী ফাইনালে গোলও করেছিলেন মেসি, দি মারিয়া। বন্ধুকে নিয়ে দেওয়া আবেগঘন বার্তায় দি মারিয়া বলেন, ‘দেশের জন্য তুমি যা কিছু করেছ, আজ প্রত্যেক আর্জেন্টাইনের মতো অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।’

দি মারিয়া ২০২৪ কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনা ফুটবল দলকে বিদায় বলেন। তবে প্রতিযোগিতামূলক ফুটবলে এখনো খেলা চালিয়ে যাচ্ছেন। মেসি গত ৩১ আগস্ট সামাজিকমাধ্যমে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেও আজ দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলেছেন। প্রতিযোগিতামূলক ফুটবলে এখনো চালিয়ে যাবেন ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন তারকা।

বিদায়ী ম্যাচে দলের তিনটি গোলেই অবদান রেখেছেন মেসি। নিকো পাস, নিকোলাস ওতামেন্দিকে দিয়ে গোল করিয়েছেন। ৭১ মিনিটে পেনাল্টি থেকে করেন গোল। তাঁর বিদায়ী ভাষণ লিওনেল স্কালোনিসহ মনুমেন্তালের দর্শকেরা মন্ত্রমুগ্ধের মতো শুনেছেন। এনসো ফের্নান্দেসসহ কয়েক জন ফুটবলারের চোখে দেখা গেছে অশ্রু। আতশবাজি আর মেসিকে ঘিরে নাচানাচিতে হয়ে গেল তাঁর বিদায়। মেসির মতো ওতামেন্দিও আজ আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত