
মদ্যপ অবস্থায় বন্ধুকে মারধরের অভিযোগ উঠেছে তাসকিন আহমেদের বিরুদ্ধে। বাংলাদেশের তারকা পেসার অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন।
আজ অভিযোগ চাউর হওয়ার পর তাসকিনের সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকা। একসঙ্গে কাছের বন্ধুবান্ধবদের সঙ্গে যে তাসকিনকে আড্ডা দিতে দেখা যায়, তাঁর বিরুদ্ধে হঠাৎ কেন এমন অভিযোগ? ৩০ বছর বয়সী বাংলাদেশের পেসার আজকের পত্রিকা'কে বলেন, ‘এখন তো (ওদের সঙ্গে) মিশি না আমরা। আগে মিশতাম একটা সময়।’ তাসকিনের দাবি, মেশেন না বলেই এমন অভিযোগ এসেছে তাঁর বিরুদ্ধে।
অভিযোগ উঠেছে তাসকিন মদ্যপ অবস্থায় গাড়িতে উঠিয়ে বন্ধুর চোখেমুখে ঘুষি মেরেছেন। এর উত্তরে বাংলাদেশের পেসার বলেন, ‘আরে না, না। মিথ্যে কথা।’
বন্ধুকে মারধরের ঘটনা গণমাধ্যমে প্রচার হওয়ার পর মিরপুর থানায় যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন তাসকিন। তিনি বলেন, ‘এইমাত্র (দুপুরে) মিরপুর থানার ওসির সঙ্গেও কথা হয়েছে। যাচাই-বাছাই করেন। কোনো সমস্যা নেই। তারা যে মিথ্যে অভিযোগ আমার নামে দিল, এখন তারাই তো ভয় পাচ্ছে। তারা থানার সামনে দাঁড়িয়ে আছে। পুলিশের মাধ্যমে ফোন দিয়ে বলছে যে...ঘটনা তো ঘটেছে আমার বন্ধুর সঙ্গে। দেখা হয়েছে। আমার এক বন্ধুর সঙ্গে তারা হাতাহাতি করেছে। মোহাম্মদপুর থানায় যখন ফোন দিলাম, তখন উল্টো মিরপুর থানায় অভিযোগ করেছে।’
তাসকিনের বিষয়টি নিয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, ‘বাল্যবন্ধুর সঙ্গে তাসকিনের হাতাহাতি হয়েছে। এটা নিয়ে তাঁর বন্ধু মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’
তাসকিনের বিরুদ্ধে মারধরের ঘটনা প্রচার হওয়ার পর নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। এই ব্যাপারে বিসিবি পরিচালক এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেছেন, ‘মিডিয়াতে সকালে নিউজটা দেখলাম। আমাদের আমিনুল ইসলাম বুলবুল ও ফাহিম ভাই দেখেছেন। এটা নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়ে গেছে। এটা যদি ঘটে থাকে, তাহলে খুব দুঃখজনক। আইকন প্লেয়ারের এসবে জড়ানো উচিত নয়। আমি এই ব্যাপারে আর মন্তব্য করতে চাচ্ছি না।’
তাসকিন জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে শিগগির নিজের অবস্থান পরিষ্কার করবেন।

বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে সম্প্রতি এক পোস্ট দেওয়ার পর ইমাম-উল-হক বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছেন। অনেকেই পাকিস্তানি তারকা ক্রিকেটারের বৈবাহিক জীবন নিয়ে নেতিবাচক মন্তব্য করতে থাকেন। এবার তিনি মুখ খুলেছেন। পাকিস্তানি বাঁহাতি ব্যাটারের দাবি, অনেকেই না জেনে বুঝে কথাবার্তা বলেছেন।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। ভেন্যু স্থানান্তরের দাবি থেকে সরে না আসায় ইরান এই ফুটবল মহাযজ্ঞে অংশ নেবে কি নেবে না, তা সূতোয় ঝুলছে। ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দানিয়ালি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপের অংশগ্রহণের সম্ভাবনা ক্রমশ কমছে।
২ ঘণ্টা আগে
ফুটবলের মাঠ রণক্ষেত্রে পরিণত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। দক্ষিণ আমেরিকার ফুটবলে সংঘর্ষ এত তীব্র আকার ধারণ করে যে লাল কার্ড তো দেখানো হয়ই। এমনকি বাধ্য হয়ে ম্যাচ বাতিল করা হয়। ফ্রান্সের ঘরোয়া ফুটবলেও দেখা গেছে তেমন তুলকালাম ঘটনা।
৩ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকার কনর এস্টারহুইজেনের অভিষেকটা হয়েছে মনে রাখার মতো। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সে জিতেছেন সিরিজসেরার পুরস্কার। ২৪ বছর বয়সী এই প্রোটিয়া ক্রিকেটার জায়গা করে নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) মাসসেরার তালিকায়। সেখানে আছেন ভারতের দুই বিশ্বকাপজয়ী ক্রিকেটার।
৪ ঘণ্টা আগে