Ajker Patrika

নরওয়ের গোলরক্ষককে নেইমারের জবাব, ‘আমার সঙ্গে এসব চলবে না’

ক্রীড়া ডেস্ক    
নরওয়ের গোলরক্ষককে নেইমারের জবাব, ‘আমার সঙ্গে এসব চলবে না’
প্রতিপক্ষের গোলরক্ষকের সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা। ছবি: সংগৃহীত

নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। তবে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে অন্তত ব্যক্তিগত লড়াইয়ে জিতেছেন নেইমার। নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিল্যান্ডের সঙ্গে পেনাল্টি নেওয়ার আগে ও পরে তাঁর কথার লড়াই এখন ভক্তদের আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে।

আরলিং হালান্ডের জোড়া গোলে রাউন্ড অব সিক্সটিনে নরওয়ের কাছে ২-১ গোলে হেরেছে ব্রাজিল। সেলেসাওরা একমাত্র গোলটা পায় ম্যাচের যোগ করা সময়ে। সফল পেনাল্টি থেকে নেইমার জালে বল জড়ালেও সেটা পাঁচবারের চ্যাম্পিয়নদের বিশ্বকাপ যাত্রা অব্যাহত রাখার জন্য যথেষ্ট ছিল না।

ইএসপিএনের তথ্য অনুযায়ী, পেনাল্টি নেওয়ার আগে নেইমার বল স্পটে রাখার সময় তাঁকে উসকে দেন নিল্যান্ড। আত্মবিশ্বাসী কণ্ঠে নরওয়ের গোলরক্ষক বলেন, ‘আমি তোমার শট ঠেকাব, আমি তোমার শট ঠেকাব।’ এর আগে ম্যাচের ১৩তম মিনিটে ব্রুনো গিমারেসের স্পট কিক বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকান নিল্যান্ড। সেই আত্মবিশ্বাস থেকেই নেইমারকে শট ঠেকানোর হুমকি দিয়েছিলেন তিনি।

নেইমারও অবশ্য চুপ থাকার পাত্র নন। জবাবে সান্তোস তারকা পাল্টা জানতে চান, কোন দিকে শট করতে হবে তাঁকে? এরপর গিমারেসের মতো নেইমারও বাঁ দিক দিয়ে শট নেন। মজার বিষয় হলো, গোলরক্ষক সেদিকে ঝাঁপই দেননি। গোল করার পর হাসতে হাসতে নিল্যান্ডের কাছে গিয়ে নেইমার বলেন, ‘আমার সঙ্গে এসব চলবে না, আমার সঙ্গে নয়।’

পেনাল্টির বাজিতে নিল্যান্ড জিততে না পারলেও ব্রাজিলের বিপক্ষে ঠিকই জিতেছে তাঁর দল। এই জয়ে নিজেদের ইতিহাসে প্রথমবার কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে নরওয়ে। সেমিফাইনালে ওঠার মিশনে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত