Ajker Patrika

‘ভিনিকে রিয়ালের প্রস্তাব ২৮০ কোটি টাকা, কিন্তু তিনি চাচ্ছেন ৪২১ কোটি’

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১১: ৪৭
‘ভিনিকে রিয়ালের প্রস্তাব ২৮০ কোটি টাকা, কিন্তু তিনি চাচ্ছেন ৪২১ কোটি’
২০২৬ ফুটবল বিশ্বকাপে ভিনিসিয়ুস জুনিয়র ৪ গোল ও ১ অ্যাসিস্ট করেছেন। এবার তিনি রিয়াল মাদ্রিদ ছেড়ে আর্সেনালে যেতে পারেন বলে গুঞ্জন চলছে। ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদ ভিনিসিয়ুস জুনিয়রের কাছে ‘দ্বিতীয় পরিবার’ বললেও ভুল হবে না। ২০১৮ থেকে স্প্যানিশ ক্লাবটিকে একের পর এক শিরোপা জিতিয়েছেন জাদুকরী ফুটবলে। আট বছরে অনেক স্মৃতিই জমা হয়েছে সেখানে। তবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষে যখন শুরু হতে যাচ্ছে ২০২৬-২৭ ফুটবল মৌসুম, তখন দলবদল নিয়ে আলোচনা তুঙ্গে। শোনা যাচ্ছে মোটা অঙ্কের টাকায় ব্রাজিল তারকা যেতে পারেন আর্সেনালে।

ভিনির সঙ্গে রিয়ালের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে পরবর্তী মৌসুমেই। এই সুযোগটাই লুফে নিতে আর্সেনাল মরিয়া হয়ে উঠেছে বলে ‘দ্য অ্যাথলেটিকের’ সাম্প্রতিক এক প্রতিবেদন থেকে জানা গেছে। কদিন আগে অ্যাস্টন ভিলা থেকে রেকর্ড ১১ কোটি ৭০ লাখ পাউন্ডে মরগান রজার্সকে কিনেছে চেলসি। বাংলাদেশি মুদ্রায় তা ১৯৩৩ কোটি ৬৯ লাখ টাকা। রজার্সকে কিনতে না পারায় ভিনিসিয়ুসের দিকে নজর আর্সেনালের।

ভিনির দলবদল নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন ইংল্যান্ডের সাবেক ফুটবলার টেরি গিবসন এ ব্যাপারে তাঁর নিজস্ব মত দিয়েছেন। ভিনি বর্তমানে কত বেতন পান এবং তিনি কত চাচ্ছেন—সবকিছু বিচার বিশ্লেষণ করে স্কাই স্পোর্টসকে গতকাল গিবসন বলেন, ‘ভিনিসিয়ুস জুনিয়র বর্তমানে বছরে ১৫ মিলিয়ন ইউরো (২১০ কোটি ৬২ লাখ টাকা) বেতন পায়। রিয়াল মাদ্রিদ তাকে দিয়েছে ২০ কোটি ইউরোর প্রস্তাব। তবে ভিনির চাওয়া ৩০ মিলিয়ন ইউরো।’

গিবসন যে অর্থের অঙ্ক বলেছেন, বাংলাদেশি মুদ্রায় রিয়াল ভিনিকে দিয়েছে ২৮১ কোটি টাকার প্রস্তাব। কিন্তু ব্রাজিলের তারকা ফরোয়ার্ডের চাওয়া ৪২১ কোটি ২৩ লাখ টাকা। সপ্তাহের হিসেবে সেক্ষেত্রে ভিনি পাচ্ছেন ৫ লাখ ৭৬ হাজার ৯২৩ ইউরো। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮ কোটি ১০ লাখ টাকা।

চুক্তির বিষয়ে রিয়ালের সঙ্গে কোনো আলাপ-আলোচনা হয়নি। যদি ভিনিকে ধরে না রাখা যায়, বিকল্প হিসেবে কাকে নেওয়া হতে পারে, সে সম্পর্কে গিবসন ধারণা দিয়েছেন। ইংল্যান্ডের সাবেক ফরোয়ার্ড স্কাই স্পোর্টস নিউজকে বলেন, ‘চুক্তির বিষয়ে রিয়াল মাদ্রিদ বা ভিনিসিয়ুস—কেউই নিজেদের অবস্থান থেকে সরে আসছে না। সম্ভাব্য বিকল্প হিসেবে রিয়াল মাদ্রিদ আরবি লাইপজিগের ইয়ান ডিওমান্দেকে বিবেচনা করছে।’

আর্সেনাল এরই মধ্যে লেয়ান্দ্রো ত্রসার্দকে ১ কোটি ৭০ লাখ পাউন্ডে তুরস্কের বেসিকতাসে বিক্রি করেছে। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ২৭৯ কোটি ৩৪ লাখ টাকা। প্রায় দ্বিগুণ দামে ক্লাব ব্রুগা থেকে ক্রিস্টোস জোলিসকে নিয়েছে আর্সেনাল। গানার্সদের খরচ হয়েছে ৫৫৮ কোটি ৬৮ লাখ টাকা। এদিকে লেফট উইঙ্গে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির বিকল্প খুঁজছে আর্সেনাল। ২০২৫-২৬ মৌসুমের প্রিমিয়ার লিগে তিনি ৩০ ম্যাচ খেলে ১ গোল করেছিলেন।

ভিনিও যেহেতু লেফট উইঙ্গার, সেক্ষেত্রে তিনি আর্সেনালের রাডারে ভালোভাবেই আছেন। সব কিছু বিবেচনা করে গিবসন বলেন, ‘এই চুক্তি-সংক্রান্ত অচলাবস্থা গত ১৮ মাস ধরে চলছে। কিন্তু এই অঙ্কগুলো বিবেচনায় নিলে, আর্সেনাল বা প্রিমিয়ার লিগের অন্য কোনো ক্লাবের পক্ষে এত বড় অঙ্কের বেতন মেলানো কঠিন বলেই মনে হয়।’

আর্সেনাল যদি ভিনিকে নিতে পারে, তাহলে প্রিমিয়ার লিগ ফুটবলে অনেক বড় এক ঘটনা ঘটবে বলে মনে করেন স্কাই স্পোর্টসের পিটার স্মিথ। একই সঙ্গে স্মিথ তাঁকিয়ে আছেন ভিনি-জোসে মরিনিওর সম্পর্কের দিকেও। ১৩ বছর পর রিয়াল মাদ্রিদের কোচ হয়ে ফিরেছেন মরিনিও। আর ভিনির দুর্দান্ত ফর্ম তো বের করে এনেছেন কার্লো আনচেলত্তি।

সেই আনচেলত্তি গত বছর হয়েছেন ব্রাজিলের কোচ। সদ্য সমাপ্ত ফুটবল বিশ্বকাপে শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। সেলেসাওদের হতাশাজনক পারফরম্যান্সের মাঝে ভিনির ৪ গোল ও ১ অ্যাসিস্ট ভক্ত-সমর্থকদের কিঞ্চিৎ আনন্দ দিয়েছে। আনচেলত্তির ছায়ায় থেকে ক্লাবের ফর্ম যে আন্তর্জাতিক ফুটবলেও টেনে এনেছেন, সেটা তো বোঝাই গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত