Ajker Patrika

দারুণ খেলেও শেষের ভুলে পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১৫: ০৪
দারুণ খেলেও শেষের ভুলে পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ
ঋতুপর্ণার এই শটেই গোলের খুব কাছে ছিল বাংলাদেশ। ছবি: সংগৃহীত

র‍্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ এগিয়ে থাকা দল চীন। শুধু তা-ই নয়, নারী এশিয়ান কাপের ৯ বার ও বর্তমান চ্যাম্পিয়ন। তাদের বিপক্ষেই এশিয়ার মঞ্চে অভিষেক হলো বাংলাদেশের। ঋতুপর্ণা-আফঈদারা মাঠে নামেন অলৌকিক কিছু করার স্বপ্ন নিয়ে। এমনকি গোলের সুবাসও উঁকি দিয়ে চলে যায়। কিন্তু শেষের ভুলে ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দুটি ভুল বাদ দিলে প্রথমার্ধে আজ অসাধারণই খেলেছে পিটার বাটলারের দল। সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে চতুর্থ মিনিটে লি জিংয়ের নেওয়া ভলি অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়। ষষ্ঠ মিনিটে আবারও ভলির চেষ্টা করেন লি। তবে এবার সহজে তা তালুবন্দী করেন বাংলাদেশ গোলরক্ষক মিলি আক্তার।

দশম মিনিটে শামসুন্নাহার জুনিয়র ফাউলের শিকার হলে ফ্রিকিক পায় বাংলাদেশ। তবে ঋতুপর্ণা চাকমার শট কোনো বিপদ সৃষ্টি করতে পারেনি। ১২ মিনিটে চীনের সবচেয়ে বড় তারকা ওয়াং শুয়াংয়ের বাঁ পায়ের জোরাল শট দারুণ দক্ষতায় রুখে দেন মিলি।

১৪ মিনিটে সবচেয়ে বড় সুযোগটা আসে বাংলাদেশের জন্য। পাল্টা আক্রমণে নিজেদের অর্ধ থেকে ফাঁকায় থাকা ঋতুপর্ণা চাকমার কাছে লং বল বাড়ান মারিয়া মান্দা। চীনের অধিনায়ক উ হাইয়ানে সহজেই পরাস্ত করে বাঁ প্রান্ত দিয়ে ওপরে উঠতে থাকেন ঋতুপর্ণা। ৬ ফুট উচ্চতার গোলরক্ষক চেন চেন পোস্ট ছেড়ে খানিকটা এগিয়ে আসেন। তাই চিরচেনা দূরপাল্লার শটে তাঁকে পরাস্ত করার চেষ্টা করেন ঋতুপর্ণা। কিন্তু সেই শট অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে বাংলাদেশকে হতাশ করেন চীনা গোলরক্ষক। ঋতুপর্ণাও তাই হতাশায় মাটিতে শুয়ে পড়েন এমন সুযোগ কাজে না লাগায়।

২০ মিনিটে বক্সে জটলার ভেতর থেকে শট নেন চীনের ওয়াং শুয়াং। সেই শট পা দিয়ে ঠেকানোর পর তালুবন্দী করেন মিলি। ২৪ মিনিটে চীন উচ্ছ্বাসে মাতে হেড থেকে শুয়াংয়ের গোলে। কিন্তু নাটকের তখন সবে শুরু। প্রায় ৫ মিনিটের মতো সময় পর্যবেক্ষণের পর ভিএআরের মাধ্যমে সেই গোলবাতিলের সিদ্ধান্ত নেন মাঠের রেফারি পানসা চাইসেইন্ট। কারণ অফসাইডে ছিলেন শুয়াং।

৪৪ মিনিটে শুয়াংয়ের দুর্দান্ত গোলেই এগিয়ে যায় চীন। দূরপাল্লার শটটি ঠেকানোরও সুযোগ পাননি মিলি। যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ঝাং রুই। তাঁর নেওয়া রিবাউন্ড শট আফঈদা খন্দকারের পায়ে লেগে আশ্রয় নেয় জালে।

পিছিয়ে থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে সাহসী ফুটবল খেলার প্রত্যয় নিয়েই মাঠে নামবেন ঋতুপর্ণারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও-এসি ল্যান্ড বদলি

৩৫ হাজারের ইরানি ড্রোন ঠেকাতে যুক্তরাষ্ট্রের খরচ ৪০ লাখ ডলার

‘লিবিয়া মডেল’ কাজ করছে না ইরানে, বুমেরাং হলো খামেনি হত্যা

ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন, চলে গেল মার্কিন যুদ্ধবিমান

ইসরায়েলের চাপেই যুদ্ধে যুক্তরাষ্ট্র, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তোলপাড়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত