Ajker Patrika

রেফারি ওপর ক্ষুব্ধ হয়ে বিশ্বকাপকে ‘সাজানো’ বলছেন মিসরের ফুটবলার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০২: ১৩
রেফারি ওপর ক্ষুব্ধ হয়ে বিশ্বকাপকে ‘সাজানো’ বলছেন মিসরের ফুটবলার
গোল করেও মিসরকে জেতাতে পারেননি জিকো। ছবি: এএফপি

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে একসময় ২–০ গোলে এগিয়ে ছিল মিসর। কিন্তু ১৩ মিনিটে টানা তিন গোল হজম করে ৩–২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় আফ্রিকার দলটিকে। নাটকীয় এই হারের পর ক্ষোভ ঝাড়লেন মিসরের ফরোয়ার্ড মোস্তফা জিকো। রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি পুরো টুর্নামেন্ট নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এনসো ফের্নান্দেসের গোলে জয় পায় আর্জেন্টিনা। গোলের আগে মোহামেদ সালাহ আর্জেন্টিনার বক্সে পড়ে যান। যদিও রেফারি ও ভিএআরের নজর এড়িয়ে যায় তা। ফলে ম্যাচ শেষে জিকো বলেন, ‘রেফারি (ন্যায্য নন) একটি পুরো দেশের পরিশ্রম নষ্ট করে দিচ্ছেন। তিনি আমাদের লক্ষ্য করছেন, কারণ আমরা যাতে আর্জেন্টিনাকে হারাতে না পারি! একটি সাজানো টুর্নামেন্ট... আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর তিনিই সর্বোত্তম পরিকল্পনাকারী।’

ম্যাচে জিকো ছিলেন মিসরের অন্যতম সেরা খেলোয়াড়। ৫৮ মিনিটে তাঁর একটি গোল ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যালোচনার পর বাতিল হয়। তবে ৬৭ মিনিটে আবারও গোল করে মিসরকে ২–০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। সেই ব্যবধান ধরে রাখলেই কোয়ার্টার ফাইনালে উঠত মিসর।

কিন্তু শেষ দিকে বদলে যায় ম্যাচের চিত্র। ৭৯তম মিনিটে ক্রিস্তিয়ান রোমেরো ব্যবধান কমান। ৮৩ মিনিটে লিওনেল মেসি সমতা ফেরান। এরপর যোগ করা সময়ে এনসো ফের্নান্দেসের গোলে ৩–২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

এই নাটকীয় পরাজয়ের পরই রেফারিং নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন জিকো। তাঁর অভিযোগ, ম্যাচের রেফারিং মিসরের বিপক্ষে গেছে এবং তাতে একটি পুরো দেশের পরিশ্রম নষ্ট হয়েছে। যদিও কোন সিদ্ধান্তের কথা তিনি বলেছেন, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু উল্লেখ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত