
শিরোপা জয় আর গোল করা যেন লিওনেল মেসির কাছে সবচেয়ে সহজ কাজ। ২০ বছরের বেশি সময়ের ক্যারিয়ারে একের পর এক রেকর্ড গড়ে পেয়েছেন ‘রেকর্ডের বরপুত্র’ উপাধি। এবার আরও এক মাইলফলকের খুব কাছে এসে পৌঁছেছেন মেসি। আজ না পারলেও এই সপ্তাহে সেই মাইলফলক স্পর্শ করার সুযোগ পাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফরোয়ার্ড।
বাল্টিমোরের এমঅ্যান্ডটি ব্যাংক স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় ভোরে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে মুখোমুখি হয়েছে ইন্টার মায়ামি-ডিসি ইউনাইটেড। পেশাদার ক্যারিয়ারে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করতে প্রয়োজন ছিল কেবল দুই গোলের। তবে মেসি একটির বেশি গোল করতে পারেননি। তাতে মাইলফলক ছোঁয়ার অপেক্ষা কেবল বাড়লই। ৯০০তম গোল করার সুবর্ণ সুযোগ পাচ্ছেন বৃহস্পতিবার। সেদিন কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হবে ন্যাশভিল-ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে ন্যাশভিলের গিওদিস পার্কে শুরু হবে এই ম্যাচ।
ইন্টার মায়ামি-ডিসি ইউনাইটেড ম্যাচটিতে কাগজে-কলমে স্বাগতিক ডিসি ইউনাইটেড হলেও আসলে তা হয়নি। মেসিকে নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ এতটা বেশি যে নিরপেক্ষ ভেন্যু বাল্টিমোরের এমঅ্যান্ডটি ব্যাংক স্টেডিয়ামে আয়োজন করতে হয়েছে। ম্যাচটিতে ইন্টার মায়ামি ২-১ গোলে জিতেছে আর্জেন্টাইনদের নৈপুণ্যেই। ১৭ মিনিটে প্রথম গোল করেন মায়ামি স্ট্রাইকার রদ্রিগো দি পল। তাঁকে অ্যাসিস্ট করেছেন তেলাস্কো সেগোভিয়া।
ব্যবধান দ্বিগুণ করতে মায়ামির লেগেছে ১০ মিনিট। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। তাঁকে অ্যাসিস্ট করেছেন তরুণ আর্জেন্টাইন মাতেও সিলভেত্তি। মেসির জন্মশহর রোজারিওতেই জন্ম সিলভেত্তির। প্রথমার্ধ ২-০ গোলে এগিয়ে থেকে শেষ করে ইন্টার মায়ামি। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর অনেক পরে ব্যবধান কমাতে পারে ডিসি ইউনাইটেড। ৭৫ মিনিটে এই গোল করেন দলটির স্ট্রাইকার তাই বারিবো।
ডিসি ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলের জয়ে এমএলএসে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় চারে এখন ইন্টার মায়ামি। দুই জয় ও এক হারে মেসির দলের পয়েন্ট এখন ৬। ডিসি ইউনাইটেড অবস্থান করছে ৮ নম্বরে। ৩ ম্যাচে ১ জয় ও ২ হারে দলটির পয়েন্ট এখন ৩।
বৃহস্পতিবার মেসি এক গোল করলে ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে পেশাদার ক্যারিয়ারে ৯০০ গোলের কীর্তি গড়বেন। তাঁর চেয়ে এগিয়ে কেবল ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাব ফুটবল ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ৯৬৫ গোল করেছেন পর্তুগিজ তারকা ফরোয়ার্ড।

রিয়াল মাদ্রিদের চেয়ে ফের চার পয়েন্ট এগিয়ে যেতে রীতিমতো ঘাম ছুটে গেছে বার্সেলোনার। আথলেতিক বিলবাওকে কাতালানরা হারিয়েছে ন্যূনতম ব্যবধানে; ১-০ গোলে। তবে যেভাবেই হোক, জিততে পেরেছেন এটা ভেবেই খুশি বার্সার প্রধান কোচ হান্সি ফ্লিক।
৮ মিনিট আগে
দুজনেই মৃদুভাষী, তিন বা চার লাইনের বেশি কিছু বলেন না। বড় কোনো প্রশ্নেও উত্তর আসে শর্টকার্ট। তাই নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারের সঙ্গে ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের মিল খুঁজে পান কেউ কেউ। যদিও মোস্তফিজকে সেভাবে অনুসরণ করেন না বলেই জানিয়েছেন আফঈদা।
১৩ মিনিট আগে
বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর—জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অন্যতম জনপ্রিয় একটি কবিতার লাইন অনেকেরই জানা। আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই লাইনটি আবারও সামনে চলে আসছে। মেহেদী হাসান মিরাজ নারী ক্রিকেটারদের শুভেচ্ছা জানিয়েছেন।
৩৩ মিনিট আগে
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে রানার্সআপ হয়েছিল ভারত। সেবার স্বাগতিকদের কাঁদিয়ে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। আজ একই মাঠে আরেকটি আইসিসি ইভেন্টের ফাইনালে খেলবে ভারত। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-নিউজিল্যান্ড ফাইনাল।
১ ঘণ্টা আগে