Ajker Patrika

বিশ্বকাপে আলো ছড়িয়ে অপেক্ষায় তাঁরাও

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১১: ৩৫
বিশ্বকাপে আলো ছড়িয়ে অপেক্ষায় তাঁরাও
সদ্য সমাপ্ত ফুটবল বিশ্বকাপে ফ্রান্স চতুর্থ হলেও দুর্দান্ত খেলেছেন ব্রাডলি বারকোলা। তিন গোল ও এক অ্যাসিস্ট করেছেন তিনি। ছবি: এএফপি

বিশ্বকাপে আলো ছড়ানো কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া যোগ দিয়েছেন চিলির ক্লাব কোলো কোলোয়। বিশ্বকাপে ব্যক্তিগত ঔজ্জ্বল্যের সুবাদে আরও পাঁচ তারকা পেতে পারেন নতুন ঠিকানা—

আইয়ুব বুয়াদ্দি (মরক্কো)

১৮ বছর বয়সেই মিডফিল্ডে অসাধারণ পরিণত ফুটবল খেলেছেন মরক্কোর আইয়ুব বুয়াদ্দি। পুরো টুর্নামেন্টে তাঁর পাস সফলতার হার ছিল প্রায় ৯০ শতাংশ। ব্রাজিলের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচেই নিজের সামর্থ্যের জানান দেন তিনি, যেখানে ৯১ শতাংশ নির্ভুলতায় ৮৬টি পাস সম্পন্ন করেন। এরপর থেকে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবগুলো তাঁর প্রতি আগ্রহ দেখাচ্ছে। বুয়াদ্দির বর্তমান ক্লাব তাঁর জন্য প্রায় ১০০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি চাইতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমের খবর।

ব্রাডলি বারকোলা (ফ্রান্স)

ফ্রান্সের হয়ে বিশ্বকাপে তিন গোল ও একটি অ্যাসিস্ট করেছেন পিএসজির উইঙ্গার ব্রাডলি বারকোলা। যদিও ক্লাবে নিয়মিত একাদশে জায়গা নিশ্চিত করতে পারেননি, জাতীয় দলের জার্সিতে দারুণ পারফরম্যান্স তাঁর বাজারমূল্য বাড়িয়ে দিয়েছে। লিভারপুল তাঁর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পাশাপাশি ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনার সঙ্গেও তাঁর নাম জড়িয়েছে।

বিশ্বকাপে আলো ছড়িয়ে বিখ্যাত ক্লাবগুলোর আলোচনায় এখন তাঁরা। ছবি: আজকের পত্রিকা গ্রাফিকস
বিশ্বকাপে আলো ছড়িয়ে বিখ্যাত ক্লাবগুলোর আলোচনায় এখন তাঁরা। ছবি: আজকের পত্রিকা গ্রাফিকস

ম্যাকসেন্স লাক্রোয়া (ফ্রান্স)

ফ্রান্সের রক্ষণভাগে অন্যতম ভরসা ছিলেন ম্যাকসেন্স লাক্রোয়া। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দল হারলেও ব্যক্তিগতভাবে দুর্দান্ত খেলেন এই সেন্টার-ব্যাক। ম্যাচে ১০টি গুরুত্বপূর্ণ ডিফেন্সিভ অ্যাকশন, চারটি শট ব্লক এবং দুটি বল পুনরুদ্ধার করেন তিনি। তাঁর এই পারফরম্যান্সের পর চেলসি ইতিমধ্যে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গেছে। সম্ভাব্য ট্রান্সফার ফি ধরা হচ্ছে অন্তত ৫৫ মিলিয়ন পাউন্ড।

ইয়ান দিওমান্দে (আইভরি কোস্ট)

বিশ্বকাপে আইভরি কোস্টের অন্যতম উজ্জ্বল মুখ ছিলেন আরবি লাইপজিগের ফরোয়ার্ড ইয়ান দিওমান্দে। গত কয়েক মাস ধরে তাঁকে দলে ভেড়াতে আগ্রহী ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। বিভিন্ন সূত্রের দাবি, খেলোয়াড়ের সঙ্গে ব্যক্তিগত শর্তে সমঝোতাও হয়েছে। এখন দুই ক্লাবের মধ্যে চুক্তি সম্পন্ন হলেই আনুষ্ঠানিকভাবে প্যারিসে পাড়ি জমাতে পারেন এই তরুণ ফরোয়ার্ড।

আন্দ্রেয়াস শেলডেরুপ (নরওয়ে)

এবারের বিশ্বকাপের অন্যতম চমক ছিল নরওয়ে। তাদের ঐতিহাসিক কোয়ার্টার ফাইনালে ওঠার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বেনফিকার উইঙ্গার আন্দ্রেয়াস শেলডেরুপ। শেষ ষোলোয় ব্রাজিলের বিপক্ষে এরলিং হলান্ডের দুটি গোলেই অ্যাসিস্ট করেন তিনি। তাঁর গতি, ড্রিবলিং ও আক্রমণ গড়ে তোলার দক্ষতা নজর কেড়েছে লিভারপুল, চেলসি ও টটেনহ্যাম হটস্পারের। তাঁকে দলে নিতে প্রায় ৪০ মিলিয়ন ইউরো খরচ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত