
সময়টা বেশ দারুণ যাচ্ছে নাঈম শেখের। গত কয়েক মাসে তিন সংস্করণেই দুর্দান্ত ছন্দে রয়েছেন এ বাঁহাতি ব্যাটার। গত ডিসেম্বরে জাতীয় লিগের টি-টোয়েন্টি সংস্করণে ৩১৬ রান, চার দিনের জাতীয় লিগে ৪৭১ রান এবং সবশেষ বিপিএলে ৫১১ রান রান করেছিলেন তিনি। এবার ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) সেই ধারাবাহিকতা ধরে রাখলেন নাঈম।
নাঈমের ক্যারিয়ার সেরা ইনিংসের ওপর ভর করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব গড়েছে বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোর—৪২২ রান! এর আগে দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ দলীয় ইনিংস ছিল ৩৯৩, যা সাভারের বিকেএসপিতে আবাহনী লিমিটেডের বিপক্ষে করেছিল প্রাইম ব্যাংকই। এবার সেই পুরোনো রেকর্ড নিজেরাই ভেঙে নতুন ইতিহাস গড়ল দলটি।
আজ ঢাকা প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ডে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ওপেন করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন নাঈম। খেলেছেন ১২৫ বলে ১৭৬ রানের বিধ্বংসী ইনিংস। ঝরিয়েছেন ছক্কা-চারের বৃষ্টি। ইনিংসে ছিল ৮টি ছক্কা ও ১৮টি চার। ১৯০ মিনিট ব্যাটিং করে এমন একটি ইনিংসের পরও হয়তো তাঁর আক্ষেপ থাকতে পারে, কারণ সুযোগ থাকলেও বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস (২০৮, সৌম্য সরকার, ২০১৯) ছোঁয়া হয়নি তাঁর। শেষ পর্যন্ত মিডিয়াম পেসার সালাউদ্দিন শাকিলের বলে এক্সট্রা কভারে অলক কাপালির হাতে ক্যাচ দিয়ে থামতে হয় তাঁকে।
নাঈমের আজকের ইনিংসটি শুধু ব্যক্তিগত রানের দিক থেকে নয়, দলের সামগ্রিক সাফল্যের ক্ষেত্রেও ছিল গুরুত্বপূর্ণ। তাঁর ব্যাটিংয়ে ভর করেই প্রাইম ব্যাংক ৪২২ রানের পাহাড় গড়ে। প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়নের বোলাররা তাঁর সামনে ছিলেন একপ্রকার অসহায়।
নাঈমের সাম্প্রতিক পারফরম্যান্স বদলে যাওয়ার গল্প বলে। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে এক মৌসুমে তিনটি ভিন্ন প্রতিযোগিতায় এত রান করা ব্যাটার খুব কমই আছেন। খুলনা টাইগার্সের হয়ে বিপিএলে খেলা নাঈমকে নিয়ে দলটির কোচ তালহা জুবায়ের বলেছিলেন, ‘নাঈম এবার জাতীয় দলে ফেরার জন্য পুরোপুরি প্রস্তুত। গত এক বছরে ও খুব পরিশ্রম করেছে, নিজের দুর্বল দিক নিয়ে কাজ করেছে। নেটে অতিরিক্ত সময় ব্যাটিং করেছে। এখন সে অনেক বেশি পরিণত ব্যাটার।’
নাঈম নিজেও স্বীকার করেছেন, জাতীয় দলে ফেরার লক্ষ্য নিয়েই তিনি নিরলস পরিশ্রম করেছেন। ব্যাটিং কোচ সোহেল ইসলাম, মিজানুর রহমান বাবুল ও তালহা জুবায়েরের সঙ্গে কাজ করে নিজের দক্ষতা শাণিত করেছেন। যার প্রতিফলন মিলেছে জাতীয় লিগ, বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগে।
বাংলাদেশ জাতীয় দলের ব্যস্ত সূচি সামনে। এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ, এরপর মে, জুন ও জুলাইতে একাধিক আন্তর্জাতিক সিরিজ। নাঈম তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স দিয়ে নির্বাচকদের হয়তো জানিয়ে রাখলেন, তাঁকেও যেন বিবেচনা করা হয়। এখন দেখার বিষয়, তাঁর দুর্দান্ত ফর্ম জাতীয় দলে ফেরার পথ খুলে দেয় কি না!
বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ পাঁচ ইনিংস
১. সৌম্য সরকার–২০৮ রান (২০১৯, প্রাইম ব্যাংক)
২. রাকিবুল হাসান–১৯০ রান (মোহামেডান)
৩. এনামুল হক বিজয়–১৮৯ রান (প্রাইম ব্যাংক)
৪. মুমিনুল হক–১৮২ রান (বাংলাদেশ ‘এ’ দল)
৫. নাঈম শেখ–১৭৬ রান (প্রাইম ব্যাংক, ২০২৫)

মার্কিন মুলুকে বিশ্বকাপ শেষভাগে এসে পড়েছে। ১০৪ ম্যাচের মধ্যে হয়ে গেছে ৯৬ ম্যাচ। এরই মধ্যে চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করেছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওন। অর্থ পাচারের অভিযোগ উঠেছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে। এমন অভিযোগ ওঠার পর যুক্তরাষ্ট্রের প্রধান গোয়েন্দা সংস্থা এফবিআই নড়েচড়ে
৩৫ মিনিট আগে
শেষ ষোলোর পর কোয়ার্টার ফাইনালের পালা। বোস্টনে আগামীকাল বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ফ্রান্স-মরক্কো ম্যাচ। এই ম্যাচ মাঠে গড়ানোর আগেই আলোচনায় আর্জেন্টিনা। অনেকেই হয়তো মনে করতে পারেন, তুমুল আলোচিত-সমালোচিত আর্জেন্টিনা-মিসর ম্যাচের প্রভাব কি পড়ছে শেষ আটের প্রথম ম্যাচের ওপর?
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-মিসর শ্বাসরুদ্ধকর শেষ ষোলোর ম্যাচের ৩-২ স্কোরকার্ড ছাপিয়ে আলোচনায় রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। জয়ের পরও তাই আর্জেন্টাইন ভক্ত-সমর্থকেরা অস্বস্তিতে পড়েছেন। লেতেক্সিয়ে আর্জেন্টাইনদের সুবিধা দিয়েছেন বলে সামাজিক মাধ্যমে এমন চর্চা চলছে। ফুটবল বিশ্লেষকদের মতে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন। ক
২ ঘণ্টা আগে
পিছিয়ে থেকে ৩-২ গোলের জয়—আটলান্টায় গত রাতে শেষ ষোলোর ম্যাচে অবিশ্বাস্য জয়ের পর স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত আর্জেন্টিনা ফুটবল দল। মেসিকে কাঁধে তুলে উদ্যাপন করেছেন সতীর্থরা। কিন্তু ৩-২ গোলের ফল যে সবকিছু নয়, সেটা গত রাতে যাঁরা ম্যাচ দেখেছেন, নিশ্চয় বুঝতে পেরেছেন। ম্যাচের একেবারে শেষভাগে এসে রেফার
৩ ঘণ্টা আগে