Ajker Patrika

কোয়ার্টার ফাইনালের আগে আর্জেন্টাইনদের জন্য চমক

ক্রীড়া ডেস্ক    
কোয়ার্টার ফাইনালের আগে আর্জেন্টাইনদের জন্য চমক
আর্জেন্টিনার সমর্থকদের উপস্থিতিতে উৎসব চলছে কানসাসে। সেমিফাইনালের মিশনে কাল মেসিদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে আর্জেন্টিনার পথচলার সঙ্গে সঙ্গে সমর্থকদের উচ্ছ্বাসও ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে যাত্রা শুরু করা কানসাস সিটি আবারও পরিণত হয়েছে নীল-সাদা সমর্থকদের মিলনমেলায়।

সেমিফাইনালের লক্ষ্যে আগামীকাল সকালে কানসাস সিটি স্টেডিয়ামে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে হাজারো আর্জেন্টাইন সমর্থক এই শহরে ফিরেছেন। ম্যাচের আগে একটি চমক থাকছে সমর্থকদের জন্য। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ইউরোপের দলটির বিপক্ষেই সবচেয়ে কম খরচে ম্যাচ দেখার সুযোগ পাচ্ছেন আলবিসেলেস্তে সমর্থকেরা।

টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আর্জেন্টিনার ম্যাচ দেখতে পুনর্বিক্রয়ের (রিসেল) টিকিটের দাম শুরু হচ্ছে ৮০০ মার্কিন ডলার থেকে। বিশ্বকাপের আবহে এই দামও কম নয়, তবে আগের ম্যাচগুলোর তুলনায় এটি অনেকটাই কম।

সমর্থকদের বড় একটি অংশ আটলান্টার আয়োজনের পর কানসাস সিটিতে পৌঁছেছেন। মিল ক্রিক পার্কের ফোয়ারার সামনে বিকেল ৫টায় তাদের সমাবেশ হয়। বিশ্বকাপে নিজেদের প্রথম এই জায়গাতেই উপস্থিত হয়েছিলেন আর্জেন্টাইন সমর্থকেরা। তবে আটলান্টার তুলনায় এবার সমাগম কিছুটা কম। কারণ, আরও অনেক সমর্থক এখনো কানসাসের পথে রয়েছেন। বিমানের টিকিটের সংকট ও অতিরিক্ত খরচের কারণে অনেকে গাড়ি ভাড়া করে আসছেন। কেউ কেউ ন্যাশভিলের মতো মাঝপথের শহরে যাত্রাবিরতি নিয়ে কানসাসে পৌঁছাচ্ছেন।

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি হবে অ্যারোহেড স্টেডিয়ামে, যেখানে দর্শক ধারণক্ষমতা ৭৬ হাজারের বেশি। স্টেডিয়াম পূর্ণ হওয়ার প্রত্যাশা থাকলেও টিকিটের বাজারে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। ফিফার নিজস্ব প্ল্যাটফর্মে সবচেয়ে কম দামের টিকিটের মূল্য প্রায় ১ হাজার ডলার। অন্যদিকে, কোনো মধ্যস্থতাকারী ছাড়া সরাসরি লেনদেনে টিকিট পাওয়া যাচ্ছে ৮০০ ডলার থেকে।

টিকিটের দাম কমার পেছনে একটি কারণ হিসেবে দেখা হচ্ছে কলম্বিয়ান সমর্থকদের টিকিট বিক্রি। সুইজারল্যান্ডের বিপক্ষে জিতে শেষ ষোলোতে যাওয়ার আশা করেছিলেন অনেক কলম্বিয়ান সমর্থক। সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় তাদের অনেকে টিকিট বাজারে ছেড়ে দিয়েছেন।

তবে আর্জেন্টিনা যদি পরবর্তী ধাপে ওঠে, তখন সমর্থকদের জন্য টিকিট পাওয়া কঠিন হয়ে উঠতে পারে। আটলান্টায় সম্ভাব্য সেমিফাইনালে নরওয়ে কিংবা ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের টিকিটের দাম ইতোমধ্যে ৩ হাজার ডলার ছাড়িয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত