ব্যাগ গুছিয়ে বিদায় নাও, আনচেলত্তিকে রোমারিওর কড়া বার্তা

জাপানের কাছে ৩-২ গোলে হারের পর ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির ওপর ক্ষোভ ঝেড়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার রোমারিও। ইতালিয়ান এই কোচকে অবিলম্বে বরখাস্ত করার দাবি তুলেছেন ১৯৯৪ বিশ্বকাপজয়ী সাবেক এই স্ট্রাইকার।
শনিবার সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে প্রীতি ম্যাচে জাপানের কাছে হারের পর চাপ বেড়েছে আনচেলত্তির। ম্যাচের শুরুতেই তাকেফুসা কুবো ও কেইতো নাকামুরার গোলে ১৯ মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
তবে রিয়াল মাদ্রিদের উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের ৩৩ ও ৭৫ মিনিটের দুই গোলে সমতায় ফেরে ব্রাজিল। শেষ পর্যন্ত যোগ করা সময়ে তাতসুহিরো সাকামোতোর গোলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে জাপান।
ম্যাচের শেষ দিকে জাপানের জয়সূচক গোলের আগে হওয়া একটি ফাউল নিয়ে বিতর্ক তৈরি হয়। এর প্রতিবাদ করতে গিয়ে লাল কার্ড দেখেন আনচেলত্তি ও বদলি হিসেবে মাঠে নামা বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়া।
এই হারের পর সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে নিজের ক্ষোভ প্রকাশ করেন রোমারিও। আনচেলত্তিকে উদ্দেশ করে তিনি লেখেন, ‘অনেক হয়েছে, আনচেলত্তি! ব্যাগ গুছিয়ে বিদায় নাও! তোমার অতীত অর্জন নিয়ে কারও কোনো প্রশ্ন নেই। বিশ্ব ফুটবলের ইতিহাসে তুমি অন্যতম সেরা কোচ। তবে সেটি ক্লাব পর্যায়ে। ব্রাজিল জাতীয় দলের হয়ে এখনো কিছুই দিতে পারোনি। আমরা আর সহ্য করতে পারছি না।’
আনচেলত্তিকে ক্লাব ফুটবলে ফিরে যাওয়ার পরামর্শও দিয়েছেন রোমারিও, ‘কোচিং চালিয়ে যেতে চাইলে ক্লাবে ফিরে যাও, যেখানে নিজের নাম প্রতিষ্ঠা করেছো। ব্রাজিল দল আর এভাবে ঝুঁকি নিতে পারে না কিংবা কী হয় তা দেখার অপেক্ষায় থাকতে পারে না।’
শুধু আনচেলত্তি নয়, ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি সামির জাউদকেও সরাসরি বার্তা দিয়েছেন রোমারিও। তাঁর মতে, আরেকটি বড় টুর্নামেন্টে ব্যর্থতা এড়াতে এখনই সাহসী সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
জাউদকে উদ্দেশ করে রোমারিও লেখেন, ‘আপনি তরুণ, ব্রাজিলিয়ান এবং আমি বিশ্বাস করি, আমাদের ফুটবলের জন্য আপনি ভালো কিছু চান। এবার সাহসী সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। প্রমাণ করতে হবে, এমন সিদ্ধান্ত নেওয়ার মতো সাহস আপনার আছে।’
এরপর আরও কঠোর ভাষায় রোমারিও বলেন, ‘সভাপতি, আনচেলত্তিকে বের করে দিন! ব্রাজিলের জার্সি নিয়ে ছেলেখেলা করা যায় না। আমরা ইতিমধ্যে যথেষ্ট অপমান সহ্য করেছি। আরেকটি বিশ্বকাপ নষ্ট করার ঝুঁকি নিতে পারি না। বিশ্বকাপ হাতছাড়া হয়ে গেলে পরে কেঁদে কোনো লাভ হবে না। ব্যবস্থা নেওয়ার সময় এখনই।’









