ফেবারিট হিসেবে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করলেও বাংলাদেশ বিদায় নিয়েছে সেমিফাইনাল থেকেই। পাকিস্তানের কাছে ১-০ গোলে হারের পর থেকেই নানা বিষয় নিয়ে সমালোচনা হচ্ছে ফুটবলপাড়ায়। এবার মুখ খুললেন জামাল ভূঁইয়া। কোচ-ম্যানেজমেন্টকে কাঠগড়ায় তুলেছেন তিনি।
গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনালে পা রাখে বাংলাদেশ। সে ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন হামজা চৌধুরী। ৪৮ ঘণ্টার ব্যবধানে শেষ চারে পাকিস্তানের বিপক্ষে নামতে হয়েছে বাংলাদেশকে। তাই শ্রীলঙ্কা ম্যাচে হামজার মতো গুরুত্বপূর্ণ ফুটবলারকে পুরো সময় খেলানোর সিদ্ধান্তকে ভুল হিসেবেই দেখছেন জামাল। একই সঙ্গে এসব ভুল থেকে কোচ ও ম্যানেজমেন্টকে শিক্ষা নেওয়ার তাগিদ দিলেন তিনি।
জামাল বলেন, ‘আমি এ বিষয়ে একমত। কারণ গত ম্যাচে (শ্রীলঙ্কা) যখন ফলাফল ২-০ ছিল, তখন আমার মনে হয়—সব খেলোয়াড়ই গুরুত্বপূর্ণ, তবে হামজার মতো খেলোয়াড়ের বিশ্রাম প্রয়োজন ছিল। কারণ এর ঠিক ৪৮ ঘণ্টা পরেই আমাদের আরেকটি ম্যাচ ছিল। তাই সেখানে কিছু ভুলত্রুটি হয়েছিল।
তারকা মিডফিল্ডার আরও যোগ করেন, ‘শুধু খেলোয়াড়দেরই নয়, ম্যানেজমেন্টকেও এই বিষয়গুলো থেকে শিক্ষা নিতে হবে। তবে দিন শেষে এটা কোচেরই সিদ্ধান্ত—কে খেলবে আর কে খেলবে না।’
শক্তির বিচারে পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকলেও গোলরক্ষক শ্রাবণের একটা ভুলেই স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। প্রথম ৮৫ মিনিটে তাঁর বেশকিছু দারুণ সেভে বেঁচে যায় স্বাগতিকেরা। ম্যাচের শেষ দিকে সেই শ্রাবণই বাংলাদেশের খলনায় বনে যান।
পাল্টা আক্রমণের লক্ষ্যে তাড়াহুড়োয় সতীর্থকে দল দিতে গিয়ে সরাসরি পাকিস্তানের বদলি খেলোয়াড় হাইয়ান খাট্টাকের কাছে বল তুলে দেন শ্রাবণ। বল পেয়েই খাট্টাক দ্রুত বক্সের ভেতরে থাকা আব্দুল সামাদের উদ্দেশে পাস দেন। বক্সের ডান দিক থেকে বাঁ পায়ের নিচু ও কোণাকুণি শটে বল জালে জড়ান সামাদ। শ্রাবণ ঝাঁপিয়ে পড়েও ঠেকাতে পারেননি। হারের হতামা নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।










