Ajker Patrika

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের রেকর্ড লজ্জা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১০: ৪৪
রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের রেকর্ড লজ্জা
ডেনমার্কের কাছে পাত্তাই পায়নি পর্তুগিজরা। ছবি: সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণার পর প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল পর্তুগাল। গতকাল শনিবার রাতে উয়েফা নেশনস লিগে নিজেদের মাঠে ডেনমার্কের কাছে ৪-১ গোলে হেরেছে তারা। এই হারে একাধিক বিব্রতকর রেকর্ড গড়েছে দলটি।

রোনালদোকে ছাড়া গত ২৩ বছরের মধ্যে এত বড় ব্যবধানে হারেনি পর্তুগাল। সর্বশেষ ২০০৩ সালের ৬ সেপ্টেম্বর স্পেনের কাছে ৩-০ গোলে হেরেছিল তারা। এর কয়েক সপ্তাহ আগে, ২০ আগস্ট কাজাখস্তানের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল রোনালদোর।

ডেনমার্কের কাছে এই হার পর্তুগালের জন্য আরও একটি বড় লজ্জার কারণ। নিজেদের মাঠে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে এই প্রথম চার গোলের ব্যবধানে পিছিয়ে পড়েছিল তারা। এর আগে ২০১০ সালের ৩ সেপ্টেম্বর সাইপ্রাসের বিপক্ষে ঘরের মাঠে চার গোল হজম করেছিল পর্তুগাল। তবে সেদিন ৪-৪ গোলে ড্র করেছিল দলটি।

২০২১ সালের ১৯ জুন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে জার্মানির কাছে ৪-২ গোলে হারের পর এই প্রথম কোনো ম্যাচে পর্তুগালের জালে চার গোল দিল প্রতিপক্ষ। প্রতিযোগিতামূলক ফুটবলে নিজেদের মাঠে এটিই দেশটির ইতিহাসের সবচেয়ে বড় হার। সব মিলিয়ে ২০১৮ সালের ২৬ জুন নেদারল্যান্ডসের কাছে ৩-০ গোলে হারের পর এটিই পর্তুগালের সবচেয়ে বড় পরাজয়।

ব্রাগার মিউনিসিপাল স্টেডিয়ামে ম্যাচের ৪৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ডেনমার্ককে এগিয়ে দেন পিয়েরে-এমিল হয়বিয়ের্গ। রুবেন দিয়াসের হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় সফরকারীরা।

বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ডেনমার্ক। ৫০ মিনিটে রাসমুস হয়লুন্দ ব্যবধান দ্বিগুণ করেন। সাত মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে পর্তুগালের বিপদ বাড়ান তিনি।

৭৫ মিনিটে জোয়াকিম অ্যান্ডারসেনের গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় ডেনমার্ক। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বের্নার্দো সিলভা একটি গোল শোধ করেন। সেটা হারের ব্যবধান কমানো ছাড়া আর কিছু হয়নি।

রোনালদোর অবসরের ঘোষণার পর ম্যাচটি ছিল পর্তুগালের প্রথম। দেশের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন এই তারকা। পর্তুগালের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি তাঁর নেতৃত্বে ২০১৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশনস লিগের শিরোপা জিতেছে দলটি।

এত বড় হারের পরও নেশনস লিগের শীর্ষ স্তরের গ্রুপ-৪-এ শীর্ষস্থান ধরে রেখেছে পর্তুগাল। ম্যাচের আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা দলটির পয়েন্ট ১২। অন্যদিকে, এই জয়ে ডেনমার্কের পয়েন্ট বেড়ে হয়েছে ৯। ফলে শেষ রাউন্ডের আগে তাদেরও কোয়ার্টার ফাইনালে ওঠার আশা টিকে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত