Ajker Patrika

হেরেও তাসকিনদের হৃদয় জয় করেছেন হামজারা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১১ জুন ২০২৫, ১১: ০০
হেরেও তাসকিনদের হৃদয় জয় করেছেন হামজারা
সিঙ্গাপুরের কাছে হারলেও নিজের সর্বোচ্চটা দিয়েছেন হামজা চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

ঢাকার জাতীয় স্টেডিয়ামে গতকাল সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ দিয়ে খেলেছেন হামজা চৌধুরী, শমিত শোমরা। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় পর্বের ম্যাচে সিঙ্গাপুরের রক্ষণভাগে বারবার হানা দিয়েছে বাংলাদেশ। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে হাভিয়ের কাবরেরার বাংলাদেশকে।

সিঙ্গাপুর ম্যাচ শুরুর আগে ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিণত হয় সাদা সমুদ্রে। মাঠের দর্শকদের পাশাপাশি এই ম্যাচে চোখ ছিল কোটি কোটি ফুটবলপ্রেমীর। হামজা-শমিতদের আগমনে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে কদিন ধরে যে উন্মাদনা দেখা দেয়, গত রাতে ম্যাচ শেষে তা বিষাদে রূপ নেয়। কাবরেরার বাংলাদেশকে ২-১ গোলে হারিয়েছে সিঙ্গাপুর। তবে যাঁরা ম্যাচটি দেখেছেন, তাঁরা বুঝতে পেরেছেন ম্যাচে হামজা-শমিতদের কী পরিমাণ আত্মনিবেদন ছিল। হামজারা তাই হেরেও জয় করে নিয়েছেন ফুটবল ভক্ত-সমর্থকদের হৃদয়।

সিঙ্গাপুরের কাছে বাংলাদেশ হারলেও হামজাদের পারফরম্যান্স দেখে মুগ্ধ ক্রিকেটাররা। ম্যাচ শেষে তাসকিন নিজের অফিশিয়াল ফেসবুক পেজে হামজার একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে তাসকিন লিখেছেন, ‘মাথা উঁচু রাখো তোমরা। দারুণ খেলেছ।’ ২-১ গোলে ম্যাচ হারলেও কাবরেরার বাংলাদেশ ভবিষ্যতে দারুণ কিছু উপহার দেবে বলে মনে করেন মেহেদী হাসান মিরাজ। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মিরাজ লিখেছেন, ‘এমন ফল আমরা আশা করিনি। তবে যে সাহস তারা দেখিয়েছে, আরও অনেককে অনুপ্রাণিত করবে। বাংলাদেশের এমন মনোবল ভবিষ্যতে আরও উজ্জ্বল পারফরম্যান্স করতে সাহায্য করবে।’

ম্যাচে যত সময় গড়িয়েছে, বাংলাদেশ আরও বেশি ক্ষুধার্ত হয়ে উঠেছে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে বল নিয়ে কাড়িকুড়ি করতে থাকেন ফয়সাল আহমেদ ফাহিম। সিঙ্গাপুরের মিডফিল্ডার ইরফান নাজিবকে কাটিয়ে বল নিয়ন্ত্রণে রেখে বক্সে ঢুকে পড়েন ফাহিম। তখনই ফাহিমকে ল্যাং মেরে বসেন নাজিব। ভিডিওতে তা ধরা পড়লেও রেফারির চোখে পড়েনি। বাংলাদেশের ফুটবলাররা তাই পেনাল্টির আবেদন জানিয়েও কোনো সুফল পায়নি। এটা নিয়ে পরে অনেক সমালোচনা হয়েছে।

পেনাল্টি বিতর্ক তো রয়েছেই। অতিরিক্ত সময়ের ৬ মিনিটে বক্সের ভেতর বল পেয়েও হামজা সিঙ্গাপুরের জালে জড়াতে পারেননি। আর একেবারে শেষ মুহূর্তে তারিক কাজীর হেডার বারে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। সুযোগগুলো ঠিকঠাক কাজে লাগানো গেলে ড্র তো বটেই, এমনকি জয় নিয়েও মাঠ ছাড়তে পারত বাংলাদেশ। সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে রুবেল হোসেন নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘একটা ফিনিশারের অভাব, নিশ্চিত পেনাল্টি, আক্ষেপ, আক্ষেপ আর আক্ষেপ। তবু এমন উন্মাদনা স্বপ্ন দেখায়। ধীরে ধীরে সব হবে। একদিন হবেই আমাদের। ভালো খেলেছ বাংলাদেশ।’

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপের অপর তিন দল ভারত, সিঙ্গাপুর ও হংকং। পয়েন্ট তালিকার প্রথম দুইয়ে থাকা সিঙ্গাপুর, হংকং উভয়েরই পয়েন্ট ৪। বাংলাদেশ ও ভারত অবস্থান করছে তিন ও চার নম্বরে। দুই দলেরই পয়েন্ট ১।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত