
হাতের নাগালে থাকা ম্যাচ ফসকে যাওয়া, সহজ ম্যাচ কঠিন করে জেতা—বাংলাদেশের ক্রিকেটে এ আর নতুন কী! এশিয়া কাপ, আইসিসি ইভেন্ট তো বটেই, দ্বিপক্ষীয় সিরিজেও জাকের আলী অনিক-তানজিদ হাসান তামিমদের সঙ্গে এমন ঘটনা ঘটে অহরহ।
শারজায় গত রাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। ১৫২ রানের লক্ষ্যে নেমে ১১.৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৯ রান তুলে ফেলে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন ফিফটি করেছেন। দেখার অপেক্ষা ছিল, কত তাড়াতাড়ি জাকেরের নেতৃত্বাধীন বাংলাদেশ ম্যাচ শেষ করে আসে। কিন্তু নাটকীয়তার যে তখনো অনেক বাকি। মুহূর্তেই ১৫.৪ ওভারে ৬ উইকেটে ১১৮ রানে পরিণত হয় জাকেরের দল।
হঠাৎ ধসে বাংলাদেশের হারের শঙ্কা তৈরি হয়েছিল। কারণ, এভাবে জেতা ম্যাচ ফসকানোর অসংখ্য উদাহরণ রয়েছে দলটির। তবে সপ্তম উইকেটে নুরুল হাসান ও রিশাদ হোসেনের ১৮ বলে ৩৫ রানের অবিচ্ছেদ্য জুটিতে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাকেরের কথায় বোঝা গেল, সম্ভাব্য এই বিপদের চিন্তা তারা কল্পনাও করেননি। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ড্রেসিংরুমে আরাম করে বসেছিলাম আমি। এমন কিছু আন্তর্জাতিক ক্রিকেটে হতেই পারে। সতীর্থরা যেভাবে খেলা শেষ করে এসেছে, দারুণ হয়েছে।’
সপ্তম উইকেটে সোহান-রিশাদের জুটিতে বাংলাদেশ ৮ বল হাতে রেখে জিতেছে। তাতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ এগিয়ে গেল ১-০ ব্যবধানে। কিন্তু বোলিংয়েও যে গুবলেট পাকিয়েছে বাংলাদেশ। ১৭ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ছিল ৬ উইকেটে ১০৯ রান। শেষ তিন ওভারে ৩ উইকেট হারালেও যোগ করেছে ৪২ রান, যার মধ্যে তাসকিন আহমেদ ১৮তম ওভারে বোলিংয়ে এসে ২২ রান দিয়েছেন। মোহাম্মদ নবির কাছে ৩ ছক্কা ও ১ চার হজম করলেও তাসকিনই তাঁকে (নবি) ফিরিয়েছেন।
জাকেরের মতে, ব্যাটিং-বোলিংয়ে আরও উন্নতি করতে হবে বাংলাদেশের। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা শুরুটা দারুণ করেছিলাম। ক্রিকেট দারুণ খেলা। তারা (আফগানিস্তান) দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। হারা-জেতা ম্যাচেরই অংশ। ব্যাটিং-বোলিংয়ে আমাদের উন্নতি করতে হবে।’
৪ উইকেটের জয়ে ম্যাচ-সেরা হয়েছেন পারভেজ হোসেন ইমন। ৩৭ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫৪ রান করেছেন এই বাঁহাতি ওপেনার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা তাঁর তৃতীয় ফিফটি। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। তৃতীয় টি-টোয়েন্টি হবে পরশু। শেষ দুই টি-টোয়েন্টিও হবে শারজায়।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৭ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৮ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১০ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১০ ঘণ্টা আগে