
প্রথম দল হিসেবে সর্বোচ্চ তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা, স্বাগতিক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন, টানা দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন—আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত গতকাল অনেকগুলো প্রথমের কীর্তি গড়েছে। নিউজিল্যান্ডকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। তবে এই ফাইনাল দেখে ভালো লাগেনি মাশরাফি বিন মর্তুজার।
আহমেদাবাদে গত রাতে নিউজিল্যান্ড রান তাড়ার আগেই ম্যাচের ফয়সালা হয়ে যায়। টস হেরে আগে ব্যাটিং পেয়ে ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রান করে ভারত। এভারেস্ট টপকাতে গিয়ে ১৫৯ রানে গুটিয়ে গেছে কিউইরা। ৯৬ রানে জিতে তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তখন উৎসবের আমেজ। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে যে রোমাঞ্চ থাকে, সেটা মিস করেছেন ক্রিকেটপ্রেমীরা। মাশরাফিও এই একচেটিয়া ফাইনাল উপভোগ করেননি। ফেসবুকে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক লিখেছেন, ‘একপেশে ফাইনাল দেখতে ভালো লাগল না।’
২০০৭ থেকে শুরু করে এখন পর্যন্ত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬১ ম্যাচ খেলে ভারত জিতেছে ৪৩ ম্যাচ। সাফল্যের হার ৭০.৪৯ শতাংশ। যা ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্টে জয়ের হিসেবেও সর্বোচ্চ। আর গত ২৯ মাসে আইসিসির সাদা বলের ইভেন্টে ছড়ি ঘোরাচ্ছে ভারত। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ থেকে শুরু করে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ৩৩ ম্যাচ খেলে ভারত জিতেছে ৩১ ম্যাচ। হেরেছে ২ ম্যাচ। এই সময়ে এশিয়ার দলটির সাফল্যের হার ৯৩.৯৪ শতাংশ। যার মধ্যে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল হারের পর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ—এই তিনটি শিরোপা জিতেছে ভারত।
আইসিসির ইভেন্টের পাশাপাশি ২০২৫ এশিয়া কাপেও অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দল হিসেবে ভারতের এত দাপুটে পারফরম্যান্সের রহস্য প্রয়োজনের সময় জ্বলে ওঠা। এবারের বিশ্বকাপে অভিষেক শর্মার দিকেই তাকানো যাক। তাঁকে ফাইনালের একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে কত আলাপ-আলোচনাই চলছিল। তবে অধিনায়ক সূর্যকুমার যাদবের ভরসার হাত ছিল অভিষেকের ওপর। আহমেদাবাদে গত রাতে ২১ বলে ৫২ রান করে আস্থার প্রতিদান দিয়েছেন। আর নিয়মিত একাদশে সুযোগ না পাওয়া স্যামসন ৫ ইনিংস খেলে ইমপ্যাক্টফুল পারফরম্যান্সে পেয়েছেন টুর্নামেন্টসেরা ক্রিকেটার।
অপ্রতিরোধ্য ভারতের পারফরম্যান্স নিয়ে ফেসবুকে পরিসংখ্যানভিত্তিক বিচার-বিশ্লেষণ করেছেন মাশরাফি। বাংলাদেশের সাবেক অধিনায়ক লিখেছেন, ‘১/ ওয়ানডে বিশ্বকাপ ২০২৩—ভারত ১১ টা ম্যাচ খেলেছে তার ১০ টায় জয় ১ টা হেরেছে সেটা ফাইনাল।
২/ ২০২৪ টি-২০ বিশ্বকাপে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়, সেখানে ৯ টি ম্যাচ খেলে ৯টি ম্যাচেয় জয়ী
৩/ ২০২৫ চ্যাম্পিয়ান্স ট্রফিতে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়, সেখানে ৫ টি ম্যাচ খেলে ৫ টি ম্যাচেই জয়ী
৪/ ২০২৬ টি-২০ বিশ্বকাপ ইন্ডিয়া চ্যাম্পিয়ন, ম্যাচ খেলেছে ৯টি জিতেছে ৮টি। সব মিলিয়ে আইসিসি ট্রফিতে শেষ চার বছরে ইন্ডিয়া মোট ৩৪ টা ম্যাচ খেলেছে তার ২ টি তে মাত্র হেরেছে বাকি ৩২ ম্যাচ জিতেছে। এ সময় কোচ ছিলেন দুজন। রাহুল দ্রাবিড় এবং বর্তমান কোচ গৌতম গম্ভীর। অধিনায়কও দুই জন। রোহিত শর্মা এবং সূর্যকুমার। এর মাঝে আবার একটা এশিয়া কাপ অপরাজিত চ্যাম্পিয়ন।’
বয়সভিত্তিক ক্রিকেট, মেয়েদের ক্রিকেটেও ছড়ি ঘোরাচ্ছে ভারত। ২০২৫ সালে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা ভারত জেতে হারমানপ্রীত কৌরের নেতৃত্বে। ঘরের মাঠে রাউন্ড রবিন পদ্ধতিতে হওয়া টুর্নামেন্টে এক সময় যেখানে স্বাগতিকদের বিদায়ঘণ্টা বাজতে যাচ্ছিল, সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে জানুয়ারি-ফেব্রুয়ারিতে আয়োজিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপাও জেতে ভারত। মাশরাফি বলেন, ২০২৫ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপেও ভারত চ্যাম্পিয়ন। মোট ৯ ম্যাচ খেলেছে। তার ৬ টিতে জয়। কোচ অমল মজুমদার যার ইন্ডিয়ার প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ১২ হাজার রান। শচীন, রাহুল, গাঙ্গুলিদের সময় বলে জাতীয় দলে খেলার সুযোগ পাননি। অধিনায়ক ছিল হারমানপ্রীত কৌর। এখনো সে অধিনায়ক।’
১৯৮৩ ওয়ানডে বিশ্বকাপ থেকে শুরু করে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ১৫ বার আইসিসি ইভেন্টের ফাইনালে উঠেছে ভারত। চ্যাম্পিয়ন হয়েছে আটবার। সাতবার হেরেছে ফাইনালে। যার মধ্যে ২০২২ চ্যাম্পিয়নস ট্রফিতে শ্রীলঙ্কার সঙ্গে ভারত যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছে।

কিলিয়ান এমবাপ্পে বনাম আর্লিং হালান্ড—রোমাঞ্চকর দ্বৈরথটি এবার মঞ্চস্থ হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ রাউন্ডে। বোস্টনের মাঠে গ্রুপ ‘আই’য়ের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও নরওয়ে।
১ ঘণ্টা আগে
এই ব্রাজিলকে নিয়ে সামান্য হলেও সংশয় জেগেছিল, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে যেতে পারবে কি না। সংশয়টা তৈরি হয়েছিল গ্রুপপর্বে থাকা মরক্কোর কারণে। মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে সাম্বার ছন্দে নেচে ওঠা ব্রাজিল অবশ্য সে সংশয় দূর করে দিয়েছে দ্রুতই।
৩ ঘণ্টা আগে
ক্যাচ মিস তো ম্যাচ মিস—আজ ম্যানচেস্টারে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ-ভারত ম্যাচ দেখে এই প্রবাদ মনে পড়াটাই স্বাভাবিক। হাতের নাগালে থাকা ক্যাচ ফসকানোর খেসারত দিতে হয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশকে। ভারতের কাছে হেরে গেল
৫ ঘণ্টা আগে
খুব বেশি দিন আগের ঘটনা নয়। জিম্বাবুয়ের বুলাওয়েতে এ বছরের জানুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ-ভারতের অধিনায়কেরা টসের সময় হাত মেলাননি। পাঁচ মাস পর এবার ম্যানচেস্টারে দেখা গেল একই ঘটনার পুনরাবৃত্তি। ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌরের সঙ্গে হাত মেলাননি বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
৬ ঘণ্টা আগে