Ajker Patrika

‘বাংলাদেশের মানুষ অনেক ইমোশনাল, কিন্তু আমি তেমন না’

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১৭: ৩৩
‘বাংলাদেশের মানুষ অনেক ইমোশনাল, কিন্তু আমি তেমন না’
বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। ছবি: ফাইল ছবি

অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকাইতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্সের।

১৬ আগস্ট ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিম-ইবাদত হোসেন চৌধুরীদের জয়ের পর ডারউইনের ম্যারারা ওভালেই দেখা গেছে উচ্ছ্বাস। গ্যালারি থেকেও এসেছে ‘বাংলাদেশ, বাংলাদেশ’ স্লোগান। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ছবি তুলেছেন মেহেদী হাসান মিরাজ। জয়ের পর ড্রেসিংরুমে শান্ত-মিরাজদের সঙ্গে সিমন্সও গেয়েছিলেন ‘আমরা করব জয়’।

দুই বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্বে থাকা সিমন্সও বুঝে গেছেন দেশের জনগণ ক্রিকেট নিয়ে কতটা আবেগী। ম্যাকাইতে আজ সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ অনেক ইমোশনাল। কিন্তু আমি তো তেমন না। আমার জন্য তাই আবেগ নিয়ন্ত্রণ করা সহজ। কিন্তু তাদের জন্য সেটা কঠিন।’

বাংলাদেশ সময় পরশু ভোরে ম্যাকাইতে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। এই ম্যাচ জিতলেই অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই করবে বাংলাদেশ। শান্ত-শরীফুল ইসলাম-মুশফিকরাও এটাকে ‘পাখির চোখ’ করেছেন। অনুশীলনে তাঁরা ব্যস্ত সময় কাটাচ্ছেন।

শিষ্যদের আত্মনিবেদন দেখে সিমন্স মুগ্ধ। ম্যাকাইতে আজ তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয়, আজ ছেলেদের দেখে যা মনে হলো, তাদের কাজে মনোযোগ ফিরে এসেছে। আমরা দুই একদিন সময় পেয়েছি। সত্যি বলতে এখন তিন দিন হয়ে গেল। তাই ছেলেরা বেশ সুন্দরভাবে গুছিয়ে উঠেছে। আশা করছি, আগামীকালও পরিস্থিতি আরেকটু ভালো হবে, তাতে শনিবার আমরা সঠিকভাবে শুরু করতে পারি।’

২০০৩ সালে সবশেষ অস্ট্রেলিয়ার মাঠে দুটি টেস্ট খেলে দুটিতেই বাংলাদেশ হেরেছিল ইনিংস ব্যবধানে। দুটি টেস্টের কোনোটিই পাঁচ দিনে গড়ায়নি। সেই দলে থাকা হাবিবুল বাশার সুমন এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক। টেস্ট সিরিজ শুরুর আগে তিনি জানিয়েছিলেন, এবার এই বাংলাদেশ সম্মান আদায় করতে খেলতে নামছে। ডারউইনে ৯ উইকেটে জয়ের পর শান্ত এটাকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা জয় আখ্যা দিয়েছেন। আর ভারতের ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়ার মতে অস্ট্রেলিয়ার কাছ থেকে বাংলাদেশ নিজেদের অধিকার আদায় করে নিয়েছে। ২৩ বছর আমন্ত্রণ না জানানোর ফল অস্ট্রেলিয়া পেয়েছে হাতেনাতে।

ডারউইনে ৯ উইকেটের জয়ের পর বাংলাদেশ দলকে নিয়ে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমেও চলছে শান্ত-হাসান মাহমুদদের বন্দনা। এমন ঐতিহাসিক জয়ই বাংলাদেশকে অনেক বেশি সম্মান এনে দিয়েছে বলে মনে করেন সিমন্স। ম্যাকাইতে আজ বাংলাদেশ কোচ বলেন, ‘আমরা আরও বেশি সম্মান অর্জন করেছি। আমার মনে হয় না যে আমাদের কোনো সম্মান ছিল না। আমি মনে করি আমাদের সম্মান আছে। হ্যাঁ, বিদেশের মাটিতে আমাদের এখনকার খেলার ধরন নিয়ে আমরা আরেকটু বেশি সম্মান পাচ্ছি।’

গুগল ম্যাপে দেখাচ্ছে ডারউইন থেকে ম্যাকের দূরত্ব ২৮২৯ কিলোমিটার। দীর্ঘ এই পথ পাড়ি দিতে শরীফুল-মুমিনুল-তাসকিন আহমেদদের লেগেছে সাড়ে ১৪ ঘণ্টা। পৌঁছেই পুরোদমে অনুশীলন করেন সিমন্সের শিষ্যরা। বাংলাদেশের প্রধান কোচের কাছেও আজ যখন দীর্ঘ ভ্রমণ নিয়ে প্রশ্ন এসেছে, উত্তরে তিনি বলেন, ‘আমাদের কি কোনো উপায় ছিল? ফ্লাইটের বিষয়টি তো আর আমাদের হাতে থাকে না। কীভাবে ফ্লাইট বিলম্বিত হয় বা এই ধরনের বিষয়গুলো নিয়ন্ত্রণ করা যায় না। এই বিলম্ব কারও নিয়ন্ত্রণে ছিল না। তবে যা ঘটার, তাই ঘটেছে। শেষ পর্যন্ত আমরা নিরাপদে এসে পৌঁছেছি। সেটাই সবচেয়ে বড় কথা।’

অস্ট্রেলিয়াকে ডারউইনে হারালেও ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ চারে। শান্তর দলের সফলতার হার ৬৬.৬৭ শতাংশ। অস্ট্রেলিয়ারও অবস্থানের পরিবর্তন হয়নি। ৭৭.৭৮ শতাংশ সফলতার হার নিয়ে শীর্ষে অজিরা। ম্যাকাইতে ২২ আগস্ট শুরু হতে যাওয়া ম্যাচটি জিতলে বাংলাদেশের সফলতার হার হবে ৭২.২২ শতাংশ। নিউজিল্যান্ডের সঙ্গে তখন যৌথভাবে তিনে অবস্থান করবে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের বাংলাদেশ। এই টেস্ট হারলে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের চারে নেমে যাবে। অজিদের সফলতার হার হবে তখন ৭০ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত