Ajker Patrika

বিদায় বলে দিলেন ২০১৪ বিশ্বকাপের নায়ক রদ্রিগেজ

ক্রীড়া ডেস্ক    
বিদায় বলে দিলেন ২০১৪ বিশ্বকাপের নায়ক রদ্রিগেজ
জেমস রদ্রিগেজ। ছবি: সংগৃহীত

১৫ বছরের আন্তর্জাতিক অধ্যায়ের ইতি টানলেন জেমস রদ্রিগেজ। কলম্বিয়ার হয়ে রেকর্ড ১৩১ ম্যাচ খেলার রেকর্ড গড়ে অবসরের ঘোষণা দিলেন এই তারকা ফুটবলার। একই সঙ্গে ৩১ গোল ও ৪৩ অ্যাসিস্ট নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেছেন রদ্রিগেজ।

সামাজিক মাধ্যমে প্রকাশ দেওয়া এক আবেগঘন বার্তায় নিজের সিদ্ধান্ত জানান রদ্রিগেজ, ‘অনেক বছর, অনেক ম্যাচ, অনেক আনন্দ এবং কঠিন সময় পেরিয়ে আমার মনে হচ্ছে, জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শেষ করার সময় এসেছে। সেটি হলো কলম্বিয়া জাতীয় দলের সঙ্গে আমার পথচলা।’

২০১১ সালে কলম্বিয়ার হয়ে আন্তর্জাতিক ফুটবল শুরু করেন রদ্রিগেজ। এরপর খেলেছেন তিনটি বিশ্বকাপে। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় অধ্যায়। ছয় গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন তিনি। উরুগুয়ের বিপক্ষে তাঁর দুর্দান্ত ভলি গোলটি টুর্নামেন্টের সেরা গোলের স্বীকৃতি পায়। সেই আসরে কলম্বিয়াকে কোয়ার্টার ফাইনালেও তুলেছিলেন রদ্রিগেজ।

২০২৪ কোপা আমেরিকাতেও কলম্বিয়ার সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রদ্রিগেজ। তাঁর নেতৃত্বে দলটি ফাইনালে ওঠে এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। ওই আসরে ছয়টি অ্যাসিস্ট করে এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডও গড়েন।

কলম্বিয়ার হয়ে রদ্রিগেজের চেয়ে বেশি গোল করেছেন কেবল রাদামেল ফ্যালকাও; ৩৬টি। বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়ার হয়ে সর্বোচ্চ ১৪ গোলের মালিকও রদ্রিগেজ। দেশের জার্সিতে সর্বোচ্চ ৪৩ অ্যাসিস্টের রেকর্ডও তাঁর দখলে।

বিদায়ী বার্তায় কলম্বিয়ার জার্সি পরাকে নিজের জীবনের অন্যতম বড় সম্মান হিসেবে উল্লেখ করেছেন রদ্রিগেজ, ‘প্রতিটি ম্যাচ, প্রতিটি আনন্দ, প্রতিটি অশ্রু এবং আমাদের ভাগ করে নেওয়া প্রতিটি স্বপ্নের জন্য ধন্যবাদ। কলম্বিয়া জাতীয় দলের প্রতিনিধিত্ব করা আমার জীবনের অন্যতম বড় সম্মান। ধন্যবাদ, কলম্বিয়া। চিরকাল।’

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেও ক্লাব ফুটবলে খেলছেন রদ্রিগেজ। সম্প্রতি কলম্বিয়ার ক্লাব আতলেতিকো নাসিওনালে যোগ দিয়েছেন তিনি। ১৬ বছর বয়সে দেশ ছাড়ার পর এবারই প্রথম নিজের দেশের ক্লাব ফুটবলে ফিরেছেন রদ্রিগেজ।

কলম্বিয়ার জার্সিতে শেষ ম্যাচটি রদ্রিগেজ খেলেছেন ২০২৬ বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোতে। সেই ম্যাচে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় কলম্বিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত