
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ দেশের তারকা ক্রিকেটাররা করেছেন সেঞ্চুরি। বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার তাসকিন আহমেদ, এনামুল হক বিজয় ছুঁয়েছেন তিন অঙ্ক। তাসকিনের অবশ্য ব্যাটিংয়ে নয়। তিনি রান বিলিয়ে সেঞ্চুরি পূর্ণ করেছেন। ধুঁকতে থাকা নাজমুল হোসেন শান্তও ছুঁয়েছেন তিন অঙ্ক।
এবারের ডিপিএলে নিজের প্রথম চার ইনিংস মিলেও ১০০ করতে পারেননি শান্ত। ছিল না ফিফটিও। মিরপুরে গতকাল সংবাদ সম্মেলনে সংবাদমাধ্যমে ফর্ম নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানিয়েছেন, এটা (অফফর্ম) নিয়ে তিনি চিন্তিত নন। ঠিক তার পরের দিনই সেঞ্চুরি তুলে নিলেন এই বাঁহাতি ব্যাটার। বিজয়-শান্তদের সেঞ্চুরির দিনে হেরেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন মোহামেডান।
বিকেএসপির চার নম্বর মাঠে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল। প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ৫০ ওভারে গাজী গ্রুপ ক্রিকেটার্স করেছে ৫ উইকেটে ৩৩৬ রান। গাজীর অধিনায়ক বিজয় ১৪৩ বলে ১২ চার ও ৪ ছক্কায় ১৪৯ রান করেছেন। ওপেনিংয়ে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত অপরাজিত থেকেছেন। এই ম্যাচেই মোহামেডানের তাসকিন আহমেদ ১০ ওভারে ১০৭ রান দিয়ে বিব্রতকর রেকর্ডে নাম লিখিয়েছেন।
৩৩৭ রানের লক্ষ্যে নেমে দুর্দান্ত শুরু করে মোহামেডান। ১০.২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৭২ রান তুলে ফেলে দলটি। ১১তম ওভারের তৃতীয় বলে তামিমকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে জুটি ভাঙেন মোহাম্মদ আবু হাসিম। তামিম ৩৪ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৪৮ রান করেছেন। এক ওভার বিরতিতে এসে মাহিদুল ইসলাম অঙ্কনকে ফিরিয়েছেন হাসিম।
তামিম, অঙ্কনকে দ্রুত হারিয়ে মোহামেডানের স্কোর হয়ে যায় ১৩ ওভারে ২ উইকেটে ৮০ রান। তৃতীয় উইকেটে তাওহীদ হৃদয় ও রনি তালুকদার গড়েছেন ৮০ রানের জুটি। ৩০তম ওভারের পঞ্চম বলে হৃদয়কে বোল্ড করে জুটি ভাঙেন আবদুল গাফফার সাকলাইন। এই জুটি ভাঙার পরই খেই হারিয়েছে মোহামেডান। দলের সর্বোচ্চ স্কোরার রনি তালুকদারও দ্রুত ড্রেসিংরুমে ফিরেছেন। ৯০ বলে চারটি করে ছক্কা ও চারে ৭৪ রান করেছেন এই ওপেনার। এরপর মিডল অর্ডারে মুশফিকুর রহিম (৪৬ বলে ৪৯ রান) ছাড়া আর কেউ আশানুরূপ ব্যাটিং করতে পারেননি। ৪৮.১ ওভারে ২৭১ রানে গুটিয়ে গেছে মোহামেডান।
গাজী গ্রুপ ক্রিকেটার্সের সেরা বোলার সাকলাইন ৫৯ রানে নিয়েছেন ৪ উইকেট। বোলিং করেছেন ৯ ওভার। হাসিম পেয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন লিওন ইসলাম ও শেখ পারভেজ জীবন। মোহামেডানের সাইফউদ্দিন, তাসকিন হয়েছেন রানআউট। গাজীর ৬৫ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন বিজয়।
বিকেএসপির তিন নম্বর মাঠে আজ মুখোমুখি হয়েছে আবাহনী ও লিজেন্ডস অব রূপগঞ্জ। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া রূপগঞ্জ নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে করেছে ২৯২ রান। ২৯৩ রানের লক্ষ্য ৮ বল হাতে রেখে ৪ উইকেটে জিতেছে আবাহনী। ১০৮ বলে ১২ চার ও ২ ছক্কায় ১০১ রান করে ম্যাচসেরা হয়েছেন আবাহনী অধিনায়ক শান্ত।
দিনের অপর ম্যাচে মিরপুর শেরেবাংলায় ধানমন্ডি স্পোর্টস ক্লাব খেলেছে প্রাইম ব্যাংকের বিপক্ষে। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া প্রাইম ব্যাংক ৫০ ওভারে ৫ উইকেটে করেছে ৩০৮ রান। ধানমন্ডি শেষ ওভার পর্যন্ত খেলেও হেরেছে ৫৫ রানে। ৪৯.৫ ওভারে ২৫৩ রানে অলআউট হয়েছে তারা। ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচসেরা হয়েছেন প্রাইম ব্যাংকের শামিম পাটোয়ারী। সাত নম্বরে নেমে ৩৭ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬২ রান করে অপরাজিত থাকেন তিনি।

আঙিনায় পাকিস্তান আর সিরিজটা যখন ওয়ানডে, তখন ২০১৫ সালটা ফিরে আসেই। ১১ বছর আগের সফরকারী দলকে তিন ওয়ানডের সিরিজের ধবলধোলাই করেছিল বাংলাদেশ। সেই সিরিজের ভেন্যু আর এই সিরিজের ভেন্যু একই—মিরপুর শেরেবাংলা। পুরোনো সেই চিত্রনাট্য মেনে আজই কি সিরিজ জয় বাংলাদেশের?
২ ঘণ্টা আগে
ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। আজ ১ লাখ পাউন্ডে (প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা) তাঁকে নিলাম থেকে কিনেছে বার্মিংহাম ফিনিক্স।
৫ ঘণ্টা আগে
নব্বইয়ের দশকের পর থেকে রাজনীতিতে আরও বেশি সক্রিয় হন হাফিজ। সংসদ সদস্য ও মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন একাধিকবার। তবে ২০২৬ সালের এই নতুন যাত্রাটি সম্পূর্ণ ভিন্নধর্মী। অতীতে অনেক ক্রীড়াবিদ বা ক্রীড়া সংগঠক সংসদ সদস্য কিংবা ক্রীড়ামন্ত্রী হয়েছেন, কিন্তু স্পিকারের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক
১১ ঘণ্টা আগে
দলের বাজে পারফরম্যান্সে কোচ ও অধিনায়কের ওপর দিয়ে কী ঝড় বয়ে যায়, সেটা তাঁরাই ভালো বলতে পারবেন। পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসনের এখন হয়েছে এই দশা। মিরপুরে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে বিধ্বস্ত হওয়ার পর পাকিস্তানের ওপর দিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এখন হেসনকে বরখাস্তের দাবি তুলেছেন
১২ ঘণ্টা আগে