Ajker Patrika

ফাইনালের মাঠ ও সময় নিয়ে আর্জেন্টিনার ফুটবলারের অসন্তোষ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১৭: ৩০
ফাইনালের মাঠ ও সময় নিয়ে আর্জেন্টিনার ফুটবলারের অসন্তোষ
নিকোলাস তালিয়াফিকো। ফাইল ছবি

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতা হয়নি আর্জেন্টিনার। উত্তর আমেরিকার মাটিতে হওয়া সবশেষ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে লা আলবিসেলেস্তেরা। তিন সপ্তাহ পর সে ম্যাচের মাঠ এবং শুরুর সময় নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন আর্জেন্টিনার রাইট ব্যাক নিকোলাস তালিয়াফিকো।

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ছিল নিউজার্সির মেটলাইফ স্টেডিয়াম। ম্যাচটি শুরু হয়েছিল স্থানীয় সময় দুপুর ৩টায়। ফাইনাল প্রসঙ্গে তালিয়াফিকো বলেন, ‘ফাইনালের মাঠটা খারাপ ছিল। স্টেডিয়ামটি শুষ্ক ছিল। প্রচণ্ড গরম ছিল এবং টেলিভিশনের সূচির কারণে আমাদের দিনের শুরুতেই খেলতে হয়েছিল।’

ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার পারফরম্যান্সে সন্তুষ্ট নন তালিয়াফিকো। ম্যাচের আগে দলের শারীরিক ও মানসিক অবস্থার কথাও তুলে ধরলেন তিনি, ‘আমি চাই না এটাকে অজুহাত হিসেবে শোনাক, কিন্তু ফাইনালে আমরা শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত ছিলাম। স্পেন খুব ভালো খেলেছে এবং তাদের জয় প্রাপ্য ছিল। আমরা খারাপ খেলেছি।’

ফর্ম এবং ফিটনেস থাকলে আরও একটি বিশ্বকাপ খেলতে পারবেন তালিয়াফিকো। তবে বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে নিজেকে আর বিশ্বমঞ্চে খেলার মতো অবস্থায় দেখছেন না এই রাইট ব্যাক। স্পট করে না হলেও উত্তর আমেরিকার মাটিতে হওয়া বিশ্বকাপটিই তাঁর ক্যারিয়ারের সবশেষ বড় আসর ছিল বলে জানালেন তালিয়াফিকো।

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে খেলার পর ২০৩০ বিশ্বকাপেও কি খেলার স্বপ্ন দেখছেন, এমন প্রশ্নের জবাবে তালিয়াফিকো বলেন, ‘এই বিশ্বকাপটাকে (২০২৬) আমি হয়তো আরও বেশি মূল্যায়ন করব, সম্ভবত এটা আমার শেষ বিশ্বকাপ ছিল বলেই। জানি না, আমার মনে হয় তাই। আরেকটি বিশ্বকাপে খেলার মতো অবস্থায় আমি নেই।’

আর্জেন্টিনার ২০২২ কাতার বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তালিয়াফিকো। তবে আমেরিকার মাটিতে আর সেবারের পুনরাবৃত্তি করতে পারেনি লা আলবিসেলেস্তেরা। বিশ্বকাপ জিততে না পারলেও নিজেদের পারফরম্যান্সে গর্বিত তালিয়াফিকো, ‘আমাদের কাছে এরই মধ্যে সোনা আছে, ২০২২ সালেরটি। আমরা যে বিশ্বকাপ খেলেছি, সেটি নিয়ে গর্বিত হওয়া উচিত। টানা দুই ফাইনালে ওঠা কিংবা দুটি পদক জেতা সহজ নয়।’

ফাইনালে হারকে মেনে নেওয়ার মানসিকতার ওপর জোর দিয়েছেন তালিয়াফিকো। তিনি বলেন, ‘এটাকে আমাদের মূল্যায়ন করতে হবে এবং হারতেও জানতে হবে। এটা দেখায় যে আপনি সেখানে পৌঁছেছেন, ফাইনালে উঠেছেন এবং নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন। এটাই ফুটবল—আপনি জিততে পারেন, আবার হারতেও পারেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত